জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দেওয়ার পরপরই দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রমণ শুরু হয়েছে। তিনি আগে হিন্দু ছিলেন বলে দাবি করা হয়। পাশাপাশি তার পুরোনো ছবি ব্যবহার করে পোশাক, ব্যক্তিগত জীবন ও রাজনৈতিক অবস্থান নিয়েও কটূক্তি করা হয়। এসব পোস্টের মন্তব্যেও দেখা যায় যৌন ইঙ্গিতপূর্ণ ও লিঙ্গবিদ্বেষী আক্রমণ। সামান্তা শারমিন ডিসমিসল্যাবকে বলেছেন, তিনি মুসলিম পরিবারে জন্মেছেন। তার মতে, নারীদের আক্রমণের ক্ষেত্রে চরিত্রহননের চেষ্টা আগে করা হয়।
গত ৫ নভেম্বর সন্ধ্যায় এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে পোস্ট করেন সামান্তা শারমিন। পদত্যাগের পোস্টে তিনি জামায়াতে ইসলামীর সঙ্গে জোট এবং বড় রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেন। এ ছাড়া গণঅভ্যুত্থানে নারীদের ভূমিকার স্বীকৃতি, নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণে তাদের অংশগ্রহণ এবং কাউন্সিল না করে কমিটি পুনর্গঠনের বিষয়েও এনসিপির সঙ্গে তার মতপার্থক্য ছিল। এসব বিষয়ে বারবার আপত্তি জানিয়েও দলের অবস্থান পরিবর্তন না হওয়ায় পদত্যাগ করেন তিনি।
পদত্যাগের ঘোষণার প্রায় এক ঘণ্টা পরই ‘বেঞ্জিন’ নামের একটি ফেসবুক পেজ থেকে সামান্তা আগে হিন্দু ছিলেন, এমন দাবি করে পোস্ট করা হয়।
‘আগে হিন্দু ছিলেন’ দাবি, সামান্তার বক্তব্য — মুসলিম পরিবারে জন্ম
‘বেঞ্জিন’ নামের একটি ফেসবুক পেজে পোস্টের ক্যাপশনে লেখা হয়, “সামান্তা শারমিন আগে হিন্দু ছিল। হিন্দু থাকা অবস্থায় শাহবাগে শাহবাগীদের সাথে বহু উঠাবসা করেছে। সে আগা মাথা বামপন্থী একজন মানুষ। লেখাপড়া করা অবস্থায় প্রেম করেছে মুসলমান ছেলের সাথে। পরে নিজে মুসলমান হয়ে বিয়ে করে সেই ছেলেকে। কিন্তু বিয়ে করলে বা মুসলমান হয়েই কী হবে– মন মানসিকতা তো আগে থেকেই সেটেল্ড উইথ বামপন্থী।”
একই পেজ থেকে ওই দিন রাত ১১টা ৫১ মিনিটে আরেকটি পোস্ট করা হয়। সেখানে সামান্তার কয়েকটি পুরোনো ছবি যুক্ত করে সেগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় পড়ার সময়কার বলে দাবি করা হয়। ছবিগুলোতে তাকে হিজাব ছাড়া দেখা যায়। পোস্টে আবারও দাবি করা হয়, তিনি আগে হিন্দু ছিলেন এবং নিজেই একসময় এ বিষয়ে ফেসবুকে লিখেছিলেন।

ডিসমিসল্যাবের পর্যবেক্ষণের সময় প্রথম পোস্টটিতে ১৫ হাজারের বেশি প্রতিক্রিয়া, ৯০০-এর বেশি মন্তব্য ও ৪০০-এর বেশি শেয়ার দেখা যায়। পুরোনো ছবি যুক্ত দ্বিতীয় পোস্টটিতে প্রতিক্রিয়া ছিল ৪ হাজারের বেশি, মন্তব্য ৪০০-এর বেশি এবং শেয়ার ১৫০-এর বেশি।
‘আবদুল্লাহ আল মামুন’ নামের একটি পেজ থেকেও একই দাবি করা হয়। সামান্তা শারমিন ও তাসনিম জারার একটি কোলাজ ছবি যুক্ত করে করা পোস্টটিতে সামান্তার ধর্মীয় পরিচয় ও রাজনৈতিক অবস্থান নিয়ে মন্তব্য করা হয়। এতে লেখা হয়, “সামান্তা শারমিনের অভিযোগটা বুঝতে হলে তার ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হবে । সে শুরু থেকেই শাহবাগী বামপন্থী চিন্তার মানুষ । সামান্তা শারমিন আগে হিন্দু ছিল। হিন্দু থাকা অবস্থায় শাহবাগে শাহবাগীদের সাথে বহু উঠাবসা করেছে । সে আগা মাথা বামপন্থী একজন মানুষ …” (বানান অপরিবর্তিত)। পোস্টটি ৩০০ বারের বেশি শেয়ার হয়।
‘রিতা ফারিয়া রিচি’ নামের একটি পেজ থেকেও প্রথমে সামান্তা আগে হিন্দু ছিলেন বলে দাবি করা হয়। পরে পোস্টটির বক্তব্য পরিবর্তন করে বলা হয়, তিনি ব্যক্তিজীবনে কিছুটা নাস্তিক প্রকৃতির ছিলেন এবং একজন মুসলিম ছেলেকে বিয়ে করে ইসলাম ধর্মে ফিরে আসেন। পোস্টটিতে এক হাজারের বেশি প্রতিক্রিয়া দেখা যায়।
এ ছাড়া ‘হামিদুল্লাহ বেলালী’ নামের একটি পেজে সামান্তা আগে হিন্দু ছিলেন বলে দাবি করে একটি পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা, “মুসলিম হলেও তাকে আল্লাহ হেদায়েত দেয়নি তাই তো বলি সে জামায়াত বিরোধী কেন? ওতো একজন শাহাবাগী মহিলা 😄” (বানান অপরিবর্তিত)। একই গ্রাফিকযুক্ত ছবি ‘কাউসার আলম’ নামের আরেকটি পেজ থেকেও প্রকাশ করা হয়।

তবে সামান্তা শারমিন ডিসমিসল্যাবকে বলেন, তিনি কখনোই হিন্দু ছিলেন না। তার ভাষায়, “এটা সত্য না। মুসলিম পরিবারেই জন্ম নিয়েছি আমি।”
হিজাব ছাড়া পুরোনো ছবিগুলোর বিষয়ে তিনি বলেন, তখন তিনি ভিন্ন জীবনযাপনে অভ্যস্ত ছিলেন, তাই মাথায় কাপড় দিতেন না।
বেশভূষা ও ব্যক্তিজীবন নিয়েও কটূক্তি
সামান্তার পুরোনো ছবি ব্যবহার করে তার পোশাক ও ব্যক্তিগত জীবন নিয়েও আক্রমণ করা হয়।
৫ নভেম্বর রাত ১০টা ৪৯ মিনিটে ‘সিনথিয়া অর্থি’ নামের একটি পেজ থেকে সামান্তার পুরোনো কয়েকটি ছবি যুক্ত করে পোস্ট করা হয়। ক্যাপশনে ৫ আগস্টের পর তার পোশাক ও বেশভূষা পরিবর্তনের দাবি তুলে তা নিয়ে কটূক্তি করা হয়। পোস্টটি ৪০০ বারের বেশি শেয়ার হয়েছে এবং এতে ২০০-এর বেশি মন্তব্য করা হয়েছে।
ক্যাপশনে লেখা হয়, “রূপ বদলালেও কাক কোনদিন ময়ূর হয়না। A Shahbaghi will always be a Shahbaghi! শাহবাগী সামান্তা শারমিন একজন বড় মাপের ভন্ড।” পোস্টে আরও বলা হয়, “শাহবাগের শাহবাগীদের মত জামাকাপড় ও পরতেন কিন্তু যেই না ৫ আগস্ট হলো, সামান্তা শারমিন তার বেশভূষা পাল্টে ফেললেন। কেনো ফেললেন? ৫ আগেস্টর সাথে বেশভূষার কি কোনো সম্পর্ক ছিল? কেউ কি ঘুনাক্ষরেও বলেছিল যে, ৫ আগস্ট ঘটলে মেয়েদেরকে কিন্তু বোরখা বা হিজাব পরতে হবে? চারুকলার শাহবাগী সামান্তা শারমিন ৫ আগস্টের পর মোল্লা হয়ে গেলেন। মাথায় পট্টি বাঁধলেন।….”

একই ক্যাপশন ও পুরোনো ছবি ব্যবহার করে ‘আব্দুল বাতেন ফারুকী’ এবং ‘তানিয়া রহমান’ নামের দুটি পেজ থেকেও পোস্ট করা হয়। আব্দুল বাতেন ফারুকীর পোস্টে ৬৫০-এর বেশি প্রতিক্রিয়া ও ১০০-এর বেশি শেয়ার দেখা যায়। ‘তানিয়া রহমান’ নামের ভেরিফায়েড পেজের পোস্টে প্রতিক্রিয়া ছিল ১০০-এর বেশি এবং শেয়ার ৩০-এর বেশি।
২০২৪ সালের ২১ জুন সামান্তা ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট করে লিখেছিলেন, “আজ থেকে সাত মাস আগে গত বছর সেপ্টেম্বর মাসে আমি ইসলামকে আমার ধর্ম হিসেবে স্বীকৃতি দিয়েছি। অবিশ্বাসীর ন্যায় পৃথিবীতে চলাচল করার পর, মুসলিম পরিবারে জন্ম নেয়ার সুবিধা নিয়ে gradually transform হওয়ার গল্প আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়। আল্লাহ তা’য়ালা আমাকে পথভোলা, পথভ্রষ্ট আর তার অনুকরণকারীদের পথ থেকে তুলে এনে তার অনুগত বান্দা হিসেবে গ্রহণ করেছেন। তবে আল্লাহর এক নিয়ামত এর পরেই আমি দেখতে শুরু করি। জগতের হিসেব গেছে পাল্টে। এখন আর সম্ভ্রান্ত পথের যাত্রীদের admire তো দূরে থাক, বরদাশত করা হয় না। তাও একে আল্লাহর নিয়ামত বলেই মনে হচ্ছে। কেননা রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মনোকষ্টের ও পরীক্ষার সর্ষেবিন্দু পরিমাণ আমার ভাগ্যেও জুটেছে।”
এটি জুলাই গণঅভ্যুত্থানের পূর্বের একটি পোস্ট। অর্থাৎ, ২০২৪ সালের ৫ আগস্টের আগেই তার ধর্মীয় দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে।
কমেন্টে লিঙ্গভিত্তিক আক্রমণ, সামান্তা বলছেন শিকার হন বেশি নারীরাই
ডিসমিসল্যাবের সংগ্রহ করা পোস্টগুলোর মন্তব্য বিশ্লেষণে সামান্তা শারমিনকে লক্ষ্য করে নানা ধরনের লিঙ্গবিদ্বেষী আক্রমণ দেখা যায়। কিছু মন্তব্যে তাকে সাবেক পর্নো অভিনেত্রী মিয়া খলিফার সঙ্গে তুলনা করা হয়। আবার কোনো কোনো ব্যবহারকারী তাকে যৌনকর্মী হিসেবে ইঙ্গিত করে তার যৌনজীবন নিয়ে অশালীন মন্তব্য করেছে।
কিছু মন্তব্যে ‘শাহবাগী’ রাজনৈতিক পরিচয়সূচক শব্দটিকে বিকৃত করে নারীবিদ্বেষী গালি হিসেবে ব্যবহার করা হয়। অন্য কিছু মন্তব্যে বিএনপির সঙ্গে তার সম্ভাব্য রাজনৈতিক সখ্যের প্রসঙ্গ টেনে আক্রমণ করা হয় যৌন ইঙ্গিতপূর্ণ ভাষায়।
এ বিষয়ে সামান্তা শারমিন ডিসমিসল্যাবকে বলেন, ৫ আগস্টের পর রক্ষণশীল রাজনীতির প্রভাবের মুখোমুখি হতে হয়েছে তাকে। নারীদের ক্ষেত্রে এ ধরনের আক্রমণ বেশি হয় বলেও মনে করেন তিনি।
“নারীদের ক্ষেত্রে এটা অনেক বেশি হয়। নারীদের আক্রমণ করার চেষ্টাটাই সর্বপ্রথম করা হয়। যদি এটাকে মোকাবিলা করার সক্ষমতা কারও না থাকে, তখন এসব আউটরেজাস ক্লেইম বা মন্তব্য আরও বেশি করা হয়।”
সামান্তা মনে করেন, নারীদের রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পারলে রক্ষণশীল রাজনীতির একটি অংশ চরিত্রহননের মতো পদ্ধতি ব্যবহার করে।

