সুদেষ্ণা মহাজন অর্পা

রিসার্চ অ্যাসোসিয়েট, ডিসমিসল্যাব
Fact-check: Fake Jamuna TV photocards claiming torch procession in Gopalganj actually use old photos from Edinburgh New Year torch parade

গোপালগঞ্জে মশাল মিছিলের দাবিতে এডিনবার্গের নববর্ষ উদযাপনের ছবি দিয়ে যমুনা টিভির নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সুদেষ্ণা মহাজন অর্পা

রিসার্চ অ্যাসোসিয়েট, ডিসমিসল্যাব

সামাজিক মাধ্যম ফেসবুকে সম্প্রতি যমুনা টিভির লোগোযুক্ত দুইটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। একটি কার্ডে দাবি করা হচ্ছে, গোপালগঞ্জে নারী-পুরুষ একসাথে স্কুল মাঠ থেকে মশাল মিছিল শুরু করেছে। অন্য ফটোকার্ডে প্রচার করা হয়, গোপালগঞ্জ থেকে মশাল মিছিলের মাধ্যমেই শুরু হচ্ছে আওয়ামী লীগের কর্মসূচি। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, যমুনা টিভির নামে প্রচারিত দুইটি ফটোকার্ডই ভুয়া।

ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে গত ১১ মার্চ যমুনা টিভির লোগোযুক্ত ১ম ফটোকার্ডটি পোস্ট করা হয়। ফটোকার্ডের ভেতরে সংযুক্ত ছবিতে দেখা যাচ্ছে জ্বলন্ত মশাল হাতে অনেক মানুষ মিছিল করছে। কার্ডের শিরোনামে লেখা, “গোপালগঞ্জ নারী পুরুষ এক সাথে হাই স্কুল মাঠ থেকে মশাল মিছিল শুরু করল’’ কার্ডের নিচে যমুনা টিভির লোগো, ওয়েবসাইটের ঠিকানা, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে। 

Fact-check: Fake Jamuna TV photocards claiming torch procession in Gopalganj actually use old photos from Edinburgh New Year torch parade
ভুয়া দাবিসহ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফটোকার্ডের স্ক্রিনশট।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে ৪ হাজারের অধিক প্রতিক্রিয়া দেখা গেছে এবং ফটোকার্ডটি প্রায় ২০০ বার শেয়ার হয়েছে।

অন্যদিকে একই প্রোফাইল থেকে গত ১২ মার্চ আরেকটি ফটোকার্ডটি ছড়িয়ে পড়ে। যমুনা টিভির আদলে বানানো ওই ফটোকার্ডে মশাল মিছিলের আরেকটি ছবি যুক্ত করে ভেতরে লেখা হয়, “মশাল মিছিল দিয়ে গোপালগঞ্জ থেকেই শুরু হচ্ছে আওয়ামীলীগের কর্মসূচি’’। কার্ডের নিচে একই ভাবে যমুনা টিভির লোগো, ওয়েবসাইটের ঠিকানা, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে। এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত ফটোকার্ডটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন ১২০০ এর বেশি ব্যবহারকারী এবং ফটোকার্ডটি ২০ বার শেয়ার করা হয়েছে।

প্রচারিত ফটোকার্ডগুলো বিশ্লেষণ করলে যমুনা টেলিভিশনের ফটোকার্ডের সঙ্গে কিছু অমিল লক্ষ করা যায়। ছড়িয়ে পড়া উভয় ফটোকার্ডের লেখার আকার স্বাভাবিকের তুলনায় সরু। দুইটি কার্ডের লেখার ফন্টের সঙ্গেও যমুনা টিভির আসল ফটোকার্ডের ফন্টের অমিল আছে। তাছাড়া যমুনা টিভির ফটোকার্ডে তারিখ দেওয়া থাকে যা এক্ষেত্রে অনুপস্থিত।

ফটোকার্ডের সত্যতা নিশ্চিত করতে যমুনা টিভির অফিসিয়াল ফেসবুক পেজের ফটোকার্ড ও পোস্টগুলো এবং ওয়েবসাইটের প্রতিবেদনগুলো যাচাই করে দেখে ডিসমিসল্যাব। তবে এই ধরনের কোনো ফটোকার্ড বা প্রতিবেদনের লিংক সংবাদমাধ্যমের অফিশিয়াল ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়নি।

এ ব্যাপারে বিস্তারিত জানতে যমুনা টিভির সঙ্গে যোগাযোগ করে ডিসমিসল্যাব। প্রতিষ্ঠানটির নিউ মিডিয়া বিভাগের সম্পাদক রুবেল মাহমুদ ডিসমিসল্যাবকে নিশ্চিত করেছেন, ছড়িয়ে পড়া এসব ফটোকার্ড যমুনা টিভির না। ফটোকার্ডগুলো ভুয়া।

ফটোকার্ডের ছবির উৎস যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চ করে ডিসমিসল্যাব। যাচাইয়ে ২০১৭ ও ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাধিক সংবাদমাধ্যম (, , , , ) ও ওয়েবসাইটে প্রচারিত ছবি দুইটি খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গে ‘হগমানায়’ নামক আলোর উৎসবে বহু মানুষ প্রতিবছর অংশগ্রহণ করে। শহরের বুক চিরে মশাল মিছিলের মাধ্যমে যাত্রা করে নববর্ষ উদযাপন করা হয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২০,০০০ এর বেশি মানুষ স্কটল্যান্ডের রাজধানীতে জড়ো হয় ঐতিহ্যবাহী এই উৎসবের কুচকাওয়াজ উপভোগ করতে।

Fact-check: Fake Jamuna TV photocards claiming torch procession in Gopalganj actually use old photos from Edinburgh New Year torch parade
আসল ছবি নিয়ে প্রকাশিত আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনের স্ক্রিনশট।

অর্থাৎ, গোপালগঞ্জে জনতার বা আওয়ামী লীগের কর্মসূচির মশাল মিছিল দাবি করে যমুনা টিভির নামে প্রকাশিত ফটোকার্ড দুইটিই ভুয়া। আসল ছবিগুলো এডিনবার্গের নববর্ষ উদযাপনের মশাল মিছিলের।

আরো কিছু লেখা