মো. তৌহিদুল ইসলাম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
Fact-check: Viral video falsely claims Palestinian prisoners in Israel chant “Allahu Akbar” over execution news; footage actually shows inmates celebrating in Lebanon’s Roumieh prison in 2024.

ইসরায়েলে ফিলিস্তিনিদের নয়, “আল্লাহু আকবার” স্লোগানের ভিডিওটি লেবাননের বন্দিদের

মো. তৌহিদুল ইসলাম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

 মৃত্যুদণ্ডের খবরে ইসরায়েলে ফিলিস্তিনি বন্দিরা “আল্লাহু আকবার” স্লোগান দিচ্ছে- দাবিতে একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, ভিডিওটি লেবাননের রুমিয়েহ কারাগারের একটি পুরোনো দৃশ্য। ২০২৪ সালের ডিসেম্বরে সিরিয়ার শাসক বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার সময় দামেস্ক ও হোমসে বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রবেশের খবরে আনন্দিত হয়ে বন্দিরা এমন উদযাপন করেছিলেন।

প্রবাস কথা নামের একটি পেজ থেকে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “মৃ*ত্যু*দ*ণ্ডে*র খবরে রাতভর ই*স*রা*য়ে*লে ফি*লি*স্তি*নি ব*ন্দী*দের ‘আল্লাহু আকবার’ স্লোগান!” এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ লাখের বেশিবার ভিডিওটি দেখা হয়েছে। শেয়ার হয়েছে সাড়ে তিন হাজারের বেশি। প্রতিক্রিয়া জানানো হয়েছে ৫০ হাজারের অধিক। 

Fact-check: Viral video falsely claims Palestinian prisoners in Israel chant “Allahu Akbar” over execution news; footage actually shows inmates celebrating in Lebanon’s Roumieh prison in 2024.
ভুয়া দাবিতে ফেসবুকে ছড়ানো ভিডিও পোস্টের স্ক্রিনশট।

এছাড়াও একাধিক প্রোফাইল ও পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে (, , )।

সত্যতা যাচাইয়ে ভিডিওর একাধিক কিফ্রেম রিভার্স সার্চ করা হয়। এতে সংবাদমাধ্যম “আল- জাজিরা সিরিয়া নাউ”- এর এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ২০২৪ সালের ৮ ডিসেম্বর প্রকাশিত কাছাকাছি দৃশ্যের ও হুবহু একই অডিওর একটি ভিডিও সামনে আসে। ভিডিওর আরবি ক্যাপশনের লেখা অনুবাদ করলে দাঁড়ায়, “বিরোধী দলগুলো যখন দামেস্ক ও হোমসের নিয়ন্ত্রণ দখল করে; আসাদ শাসনের পতন উদযাপন করে লেবাননের রুমিয়েহ কারাগারের বন্দিরা ‘আল্লাহু আকবার’ স্লোগান দেয়।” 

এছাড়া, ভিডিওটি আগে ভিন্ন দাবিতে ছড়িয়েছিল। তখন আরব-ভিত্তিক তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান মিসবার ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি একটি ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে ভিডিওর প্রেক্ষাপট নিয়ে একই তথ্য জানানো হয়।

Fact-check: Viral video falsely claims Palestinian prisoners in Israel chant “Allahu Akbar” over execution news; footage actually shows inmates celebrating in Lebanon’s Roumieh prison in 2024.
সংবাদমাধ্যমে “আল- জাজিরা সিরিয়া নাউ”- এর এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পোস্ট হওয়া একই ভিডিওর স্ক্রিনশট (বামে) ও ভিন্ন দাবিতে পোস্ট হওয়া একই ভিডিওর ফ্যাক্টচেক প্রতিবেদন (ডানে)।

অর্থাৎ, মৃত্যুদণ্ডের খবরে ইসরায়েলে ফিলিস্তিনি বন্দিরা “আল্লাহু আকবার” স্লোগান দিচ্ছে, দাবিতে ছড়ানো ভিডিওটি লেবাননের রুমিয়েহ কারাগারের একটি পুরোনো দৃশ্যের। 

প্রসঙ্গত, ২০২৪ সালের ডিসেম্বরে সিরিয়ায় শাসক বাশার আল-আসাদের দীর্ঘ ৫৩ বছরের পারিবারিক শাসনের অবসান ঘটে। বিদ্রোহী গোষ্ঠীগুলো রাজধানী দামেস্কে প্রবেশ করলে আসাদ দেশ ছেড়ে পালিয়ে যান। এই খবর ছড়িয়ে পড়লে লেবাননের রুমিয়েহ কারাগারে থাকা অনেক সিরীয় ও আসাদবিরোধী বন্দি “আল্লাহু আকবার” স্লোগান দিয়ে উদযাপন করেন

আরো কিছু লেখা