
কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ মাঠে নেমে গেছে জানিয়ে সবাইকে প্রস্তুতি নিতে বলে একটি মিছিলের ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যম এক্সে। তবে ফ্যাক্টচেকে দেখা যায়, ভিডিওটি ৫ মাস আগে ধানমন্ডিতে আওয়ামী লীগের এক ঝটিকা মিছিলের।
“জয় বাংলা” স্লোগানের একটি মিছিলের ২৮ সেকেন্ডের ভিডিও সম্প্রতি এক্সে ছড়িয়ে পড়েছে। ১৪ ফেব্রুয়ারি ভিডিওটি পোস্ট করে একজন লিখেছেন, “১৪ ফেব্রুয়ারী ২৯২৬। আওয়ামী লীগ মাঠে নেমে গেছে। সবাই প্রস্তুতি নিন, বাঁচার মত বাঁচতে হলে যুদ্ধ করেই বাঁচতে হবে !! জয় বাংলা জয় বঙ্গবন্ধু” (বানান অপরিবর্তিত)। একই পোস্ট শেয়ার করেছেন আরো ৯ জন।

কিফ্রেম সার্চে একাধিক গণমাধ্যমে ২০২৫ সালের ৩১ আগস্ট প্রকাশিত ভিডিও প্রতিবেদন (১, ২, ৩) খুঁজে পায় ডিসমিসল্যাব। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড তাদের প্রতিবেদনে জানিয়েছে, ধানমন্ডিতে এই ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। ২০২৫ সালের ৩১ আগস্ট দুপুরের পর এই শোডাউন করতে দেখা গেছে দলটিকে। এ ঘটনার ৩ মিনিট ২ সেকেন্ডের এই প্রতিবেদনের শিরোনামে বাংলাদেশ প্রতিদিন লিখেছে, “ধানমণ্ডিতে ঝটিকা মিছিল করে ক’ক’টেল ফা’টা’লো আওয়ামী লীগ।”

গণমাধ্যমের এসব ভিডিও প্রতিবেদনের দৃশ্যের সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর পুরোপুরি মিল পাওয়া যায়। রাস্তার অপর পাশের ভবন, বিদ্যুতের খুঁটি, মিছিলে অংশগ্রহণকারীদের পোশাক, রাস্তার গাড়ি দুই ভিডিওতেই হুবহু মিলে যায়। ৩ মিনিট ২ সেকেন্ডের এই ভিডিও প্রতিবেদনের ১ মিনিট ৩১ সেকেন্ড থেকে ১ মিনিট ৫৮ সেকেন্ড পর্যন্ত কেটে ১৪ ফেব্রুয়ারির বলে প্রচার করা হয়েছে।
অর্থাৎ, নির্বাচনের দুই দিন পর আওয়ামী লীগ মাঠে নেমে গেছে বলে ছড়িয়ে পড়া ভিডিওটি আসলে ৫ মাসের বেশি পুরোনো।
প্রসঙ্গত, এ ঘটনার পর মিছিলের পরিকল্পনাকারী সজীবুল ইসলাম হৃদয়সহ কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৮ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।