সুদেষ্ণা মহাজন অর্পা

ইন্টার্ন, ডিসমিসল্যাব
Fact-check: Viral Facebook video falsely claims a Jubo League leader’s wife and child were shot; investigation finds it is a staged video created by an Indian content creator and originally posted on Instagram.

যুবলীগ নেতার স্ত্রী-সন্তানের ওপর গুলির দাবি, ছড়ানো ভিডিও ভারতীয় কনটেন্ট ক্রিয়েটরের বানানো

সুদেষ্ণা মহাজন অর্পা

ইন্টার্ন, ডিসমিসল্যাব

ফেসবুকে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে সেটিকে যুবলীগ নেতার স্ত্রী-সন্তানের ওপর একের পর এক গুলির দৃশ্য বলে দাবি করা হচ্ছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, প্রচারিত দাবিটি ভুয়া। মূল ভিডিওটি চলতি বছরের ২১ ফেব্রুয়ারি একজন ভারতীয় কনটেন্ট নির্মাতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রকাশিত হয়েছে। যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি ছিল সাজানো এবং ওই কনটেন্ট নির্মাতা প্রায়ই এ ধরনের ভিডিওতে অভিনয় করে সামাজিক মাধ্যমে প্রচার করেন।

ফেসবুকের একটি পেজ থেকে গত ২২ ফেব্রুয়ারি ভিডিওটি ছড়িয়ে পড়ে। ১৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, একজন নারী একটি শিশুকে বুকে ধরে মেঝেতে হেঁচড়াতে হেঁচড়াতে একটি ঘরের ভেতর থেকে বেরিয়ে আসছেন। ব্যাকগ্রাউন্ডে গুলির শব্দ এবং মানুষের চেঁচামেচি শোনা যাচ্ছে। নারীটি বাঁচার জন্য সামনে অন্য একজনের হাত আঁকড়ে ধরার চেষ্টা করছেন। ভিডিওর ক্যাপশনে লেখা,“যুবলীগ নেতার বৌ ও বাচ্ছা কে একেরপর এক গু*লি শেয়ার করুন সবাই🥺🥺”।

Fact-check: Viral Facebook video falsely claims a Jubo League leader’s wife and child were shot; investigation finds it is a staged video created by an Indian content creator and originally posted on Instagram.
ভুয়া দাবিসহ ফেসবুকে ছড়ানো ভিডিও পোস্টের স্ক্রিনশট।

এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত ভিডিওটি ২০ লাখের বেশিবার দেখা হয়েছে এবং প্রায় সাড়ে আট হাজারবার শেয়ার করা হয়েছে। সেখানে ব্যবহারকারীদের ১০ হাজারের অধিক প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে। পোস্টে মন্তব্য করা হয়েছে ৮৮০টি। এক ব্যবহারকারী লিখেছেন, “এইটার বিচার একদিন এই বাংলার মাটিতে হবে”। আরেকজন মন্তব্য করেছেন,“শুরু হয়ে গেছে বিএনপির আসল রূপ ”(বানান অপরিবর্তিত)।

ফেসবুকের একাধিক ব্যক্তিগত প্রোফাইল (, , , , ) এবং পেজ (, ) থেকে একই দাবিতে ভিডিওটি পোস্ট করা হয়।

ঘটনার সত্যতা যাচাইয়ে বিভিন্ন কিফ্রেম ধরে রিভার্স ইমেজ সার্চ করলে ডিসমিসল্যাবের সামনে আসে @sonideyi7070 নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে চলতি বছরের ২১ ফেব্রুয়ারি প্রকাশিত একটি ভিডিও। ১৫ সেকেন্ডের ভিডিওর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিও হুবহু মিলে যায়।

Fact-check: Viral Facebook video falsely claims a Jubo League leader’s wife and child were shot; investigation finds it is a staged video created by an Indian content creator and originally posted on Instagram.
ইনস্টাগ্রাম (বামে) ও ফেসবুকে (ডানে) প্রকাশিত আসল ভিডিওর পোস্টের স্ক্রিনশট।

বিস্তারিত যাচাইয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পর্যালোচনা করে দেখা যায়, ভারত থেকে সোনি দেয়ী নামের একজন কনটেন্ট নির্মাতা এ আইডিটি পরিচালনা করছেন। ২০২৪ সালের মার্চ মাসে অ্যাকাউন্টটি চালু করা হয়েছে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি যাচাইয়ে দেখা যায়, একই ভিডিও ২২ ফেব্রুয়ারি আরও দুইবার আপলোড করেন ওই নারী। তাছাড়া বাচ্চাসহ গুলিবিদ্ধ হওয়ার একাধিক ভিডিও তার চ্যানেলে রয়েছে। তার আপলোড করা অন্যান্য ভিডিওগুলোর তুলনায় এ ধরনের ভিডিওতে ব্যবহারকারীদের এনগেজমেন্ট বেশি। একই ভিডিও সোনি দেয়ী নামের ওই নারী তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকেও পোস্ট করেন।

Fact-check: Viral Facebook video falsely claims a Jubo League leader’s wife and child were shot; investigation finds it is a staged video created by an Indian content creator and originally posted on Instagram.
ভারতভিত্তিক কনটেন্ট নির্মাতা সোনি দেয়ীর ইনস্টাগ্রাম হ্যান্ডেলের বিবরণ।

অর্থাৎ, যুবলীগ নেতার স্ত্রী-সন্তানের ওপর গুলির দাবিতে প্রচারিত ভিডিওটি সঠিক নয়। এটি মূলত ভারতীয় একজন কনটেন্ট নির্মাতার সাজানো ভিডিওর দৃশ্য।

আরো কিছু লেখা