
সামাজিক মাধ্যমে একাধিক পোস্টে একটি ছবি ছড়িয়ে দাবি করা হচ্ছে, চট্টগ্রামের বন্যায় পানির উপরে দাঁড়িয়ে নামাজ আদায় করছে মানুষ। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে বানানো।
ফেসবুকের একটি গ্রুপে গত ১২ জুলাই ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “#চট্টগ্রাম বন্যা #পানির উপর নামাজ আদায় করে।আল্লাহ তায়ালা সিফা দান করুক।” ছবিটি পর্যবেক্ষণে দেখা যায়, একজন ইমাম পানির মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছেন, তার সামনে মাইক। নামাজে দাঁড়ানো ব্যক্তিদের চেহারায় অস্বাভাবিকতা দেখা যায়। কারো চেহারাই সম্পূর্ণ দেখা যায় না। এছাড়াও পেছনের কাতারে দাঁড়ানো ব্যক্তিদের শুধু শরীর রয়েছে, কিন্তু চেহারা নেই।

ফেসবুকের একাধিক (১, ২) গ্রুপ, ইউটিউব (১, ২), এক্স এবং টিকটকেও ছবিটি ব্যবহার হতে দেখা যায়।
সত্যতা যাচাইয়ে ডিসমিসল্যাব গুগলের এআই শনাক্তকারী টুল সিন্থআইডি ও হাইভ মডারেশন দিয়ে পরীক্ষা করে। গুগল সিন্থআইডির ফলাফলে জানানো হয়, “ছবিটি বিশ্লেষণ করে দেখা গেছে, এটি গুগল এআই প্রযুক্তির সাহায্যে তৈরি বা সম্পাদিত করা হয়েছে।”
পরবর্তীতে ছবিটি হাইভ মডারেশনে পরীক্ষা করলে ফলাফলে দেখা যায়, এটি এআই নির্মিত হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ। এছাড়াও, প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে এ ধরনের কোনো ঘটনা বা মূল ছবি খুঁজে পায়নি ডিসমিসল্যাব।

অর্থাৎ, চট্টগ্রামের বন্যায় পানিতে নামাজ আদায়ের এই দৃশ্যটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে বানানো।