
“৮ বছর পর প্রবাসী স্বামীকে পেয়ে বিমান বন্দর থেকে উল্লাসে উপরে উঠে স্বামীর মেরুদণ্ড ভেঙে হসপিটালে ভর্তি”- দাবিতে কিছু ছবি ছড়িয়ে পড়েছে একাধিক সামাজিক মাধ্যমে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, ছবিতে দৃশ্যমান সার্বত্রিক চ্যাটার্জী ও তার স্ত্রী সোমা শীল চ্যাটার্জী ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা। গত বছরের ১২ অক্টোবর পশ্চিমবঙ্গে এক সড়ক দুর্ঘটনার পর থেকে কোমায় আছেন সার্বত্রিক চ্যাটার্জী। তার আহত হওয়ার সঙ্গে বিমান বন্দর বা প্রবাস থেকে ফেরার কোনো সম্পর্ক নেই।
হাসপাতালের বিছানায় শায়িত এক রোগীর সঙ্গে এক নারীর কয়েকটি ছবি সম্প্রতি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যম ফেসবুকে। পোস্টের ক্যাপশনে লেখা, “৮ বছর পর প্রবাসী স্বামীকে পেয়ে বিমান বন্দর থেকে উল্লাসে উপরে উঠে স্বামীর মেরুদণ্ড ভেঙে হসপিটালে ভর্তি নিয়োজিত আছেন নিশ্চয়ই।” গত মাসেও একাধিক ফেসবুক পেজ ও গ্রুপ থেকে একই দাবিতে একই ছবি ছড়িয়েছে।

একই ছবি শেয়ার করে একাধিক ফেসবুক (১, ২) ও ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনে লেখা— “৮ বছর পর প্রবাসী স্বামীকে পেয়ে বিমান বন্দর থেকে উল্লাসে উপরে উঠে স্বামীর মেরুদণ্ড ভে… more”। এর মধ্যে একটি পোস্ট শেয়ার হয়েছে তিন হাজার বারেরও বেশি।
পোস্টগুলোতে বাক্য শেষ না করা হলেও মন্তব্য দেখে বোঝা যায়, ব্যবহারকারীরা ধরে নিয়েছেন স্বামীর মেরুদণ্ড ভেঙে গেছে। একজন লিখেছেন, “ভুল তথ্য, এটা একটা নাটকের অংশ।” আরেকজন লিখেছেন, “শুধু মেরুদন্ড ভাঙছে ভালো লাগে নাই আরো কিছু ভাঙার দরকার ছিল।”
রিভার্স ইমেজ সার্চে সপ্তাশ্ব টিভি নামের এক অনলাইন পোর্টালে একটি প্রতিবেদন পাওয়া যায়। ১৫ মার্চ প্রকাশিত এই প্রতিবেদন থেকে জানা যায়, ছবির এই নারী পশ্চিমবঙ্গের আসানসোলের বাসিন্দা সোমা চ্যাটার্জী। গত বছরের ১২ অক্টোবর কলকাতার ভিআইপি রোডের হলদিরাম মোড়ের কাছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে কোমায় চলে যান তার স্বামী সার্বত্রিক চ্যাটার্জী (আকাশ)।

প্রতিবেদন থেকে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চে দুর্ঘটনায় ভুক্তভোগী সার্বত্রিক চ্যাটার্জীর ফেসবুক প্রোফাইল খুঁজে পায় ডিসমিসল্যাব। যদিও তার প্রোফাইলের নাম “আকাশ চ্যাটার্জী” দেওয়া রয়েছে। সেই সূত্রে পাওয়া যায় তার সহধর্মিণী সোমা শীল চ্যাটার্জীর ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল, যেখানে তার নাম দেওয়া “আভিরায় শীল চ্যাটার্জী”।
সোমা চ্যাটার্জীর প্রোফাইল থেকে শেয়ার হওয়া একাধিক পোস্টে দম্পতির মূল নাম নিশ্চিত হওয়া যায় (১, ২)। জানা যায়, ১২ অক্টোবর হলদিরাম ক্রসিংয়ে মোটরসাইকেল দুর্ঘটনার পর থেকে সার্বত্রিক কোমায় আছেন। সোমাকে তার প্রোফাইলে নিয়মিত তার স্বামীর শারীরিক অবস্থার আপডেট দিতে দেখা যায়। তাদের বিবাহবার্ষিকী উপলক্ষ্যে গত ৫ মার্চ তার প্রোফাইলের একটি পোস্টে ছড়িয়ে পড়া ছবিগুলো পাওয়া যায়। একই পোশাকে ঐ দিনের একটি ভিডিও পাওয়া যায়।
এছাড়া সার্বত্রিক চ্যাটার্জীর ফেসবুক পেজ বিশ্লেষণ করে দেখা গেছে, এই আইডি থেকে ১১ অক্টোবর সর্বশেষ কোনো পোস্ট করা হয়েছে। সেখানে নিয়মিত রাইড ক্যাম্পেইন ও গেট টুগেদারের আয়োজন সংক্রান্ত পোস্ট করতে দেখা যায়। এসব আয়োজনে তিনি উপস্থিত থাকবেন বলে জানাতেন এবং অন্যদের অংশ নিতে বলতেন। ১০ অক্টোবর এমন এক পোস্টে ১২ অক্টোবরের “দুগ্গা দুগ্গা ২.০ – 𝐃𝐔𝐆𝐆𝐀 𝐃𝐔𝐆𝐆𝐀 𝟐.𝟎 – রাইডার্স দের বিজয়া সম্মিলনী”তে তার উপস্থিত থাকার ইচ্ছা এবং সবাইকে অংশগ্রহণের আহ্বান জানাতে দেখা যায়।
৬ জুলাইয়ের আরেকটি আয়োজনের পোস্টে সার্বত্রিক চ্যাটার্জীকে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে কথা বলতে ও উপহার দিতে দেখা যাচ্ছে। এ থেকে বোঝা যায়, দুর্ঘটনার পূর্ববর্তী সময়টায় তিনি পশ্চিমবঙ্গেই ছিলেন। অর্থাৎ, সার্বত্রিক চ্যাটার্জী একজন প্রবাসী ও তার দেশে ফেরার দাবিটিও মিথ্যা।
অর্থাৎ, সড়ক দুর্ঘটনার শিকার সার্বত্রিক চ্যাটার্জী ও তার স্ত্রীর ছবি ব্যবহার করে মিথ্যা দাবিতে সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে।