
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য দাবিতে একটি ভিডিও ছড়িয়ে পড়তে দেখা গেছে। সেখানে তারেক রহমানকে বলতে শোনা যাচ্ছে, “১২ তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন, তারপর পরবর্তী ৫ বছর জনগণ আপনাদের পা ধরবে।” তবে ফ্যাক্টচেকে দেখা যায়, নির্বাচনী জনসভায় অন্য দলের এক নেতা কর্মীদের উদ্দেশ্য করে এই কথাগুলো বলেছিলেন বলে উল্লেখ করেছিলেন তিনি। প্রতিপক্ষ নেতাকে উল্লেখ করা বক্তব্যের অংশ কেটে নিয়ে সম্পাদনা করে বর্তমানে তারেক রহমানের নিজ বক্তব্য বলে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে।

তারেক রহমানের বক্তব্য ধরে নিয়ে একাধিক ব্যবহারকারী (১, ২, ৩, ৪) ভিডিওটি ফেসবুকে শেয়ার করছেন। শেয়ার করা এক ভিডিওর শুরুতে একজনকে বলতে শোনা যায়, “শুনেন আপনাদের প্রাণের নেতায় কী বলে।” এরপর ৯ সেকেন্ডের ভিডিওতে তারেক রহমানকে এক জনসভায় বলতে শোনা যায়, “১২ তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন, তারপর পরবর্তী ৫ বছর জনগণ আপনাদের পা ধরবে।” পোস্টটি এ পর্যন্ত ৮৬ হাজার বারের বেশি দেখা হয়েছে, শেয়ার করা হয়েছে সাড়ে ৩ হাজার বারের বেশি।
ছড়িয়ে পড়া ভিডিওর সত্যতা যাচাইয়ে কিওয়ার্ড সার্চ করলে একাধিক সংবাদমাধ্যমের (১, ২) প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। সংবাদমাধ্যম এশিয়ান টেলিভিশনের ফেসবুক পেজে প্রচারিত ৪৯ সেকেন্ডের ভিডিওর ক্যাপশন ছিল, “একটি দলের নেতা কর্মীদের বলেছে ১২ তারিখের আগ পর্যন্ত জনগণের পা ধরতে যাতে পরের ৫ বছর জনগণ আপনাদের পা ধরে”।
ভিডিওতে তারেক রহমান অন্য দলের নেতার বক্তব্যের বিষয়ে বলছিলেন, “তাদের আরেক নেতা, যার বাড়ি কিনা কুমিল্লা জেলায়, সেই নেতা কিছুদিন আগে তাদের এক দলীয় সমাবেশে বলেছে তাদের কর্মীদেরকে যে, ১২ তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন, তারপরে বাকি পরবর্তী ৫ বছর জনগণ আপনাদের পা ধরবে।”

বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজেও ১ মিনিট ২৭ সেকেন্ডের একটি ভিডিও পাওয়া যায়। সেখানে তারেক রহমানের বক্তব্য হিসেবে ক্যাপশনে লেখা হয়েছে, “১২ তারিখ পর্যন্ত নয়, আমি আমার নেতাকর্মীদের বলি ১৩ তারিখ থেকে আগামী ৫ বছর জনগণের পা ধরে থাকবেন।”
ভিডিওতে তিনি বলেন, “তাদের আরেক নেতা, যার বাড়ি কিনা কুমিল্লা জেলায়, সেই নেতা কিছুদিন আগে তাদের এক দলীয় সমাবেশে বলেছে তাদের কর্মীদেরকে যে, ১২ তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন, তারপরে বাকি পরবর্তী ৫ বছর জনগণ আপনাদের পা ধরবে। প্রিয় ভাই বোনেরা, চিন্তা করুন, এইরকম কথা কে বলতে পারে? যে ১২ তারিখ পর্যন্ত তাদের নেতাকর্মীরা জনগণের পা ধরবে, তাহলে ১২ তারিখের পর থেকে জনগণ তাদের পিছে পিছে ঘুরবে, জনগণ তাদের পা ধরবে। এই কথা থেকে প্রমাণিত হয় কী তাদের মেন্টালিটি, কোন পর্যায়ের মানুষ হলে তারা জনগণকে নিয়ে এরকম তুচ্ছতাচ্ছিল্য কথা তারা বলতে পারে। প্রিয় ভাই বোনেরা, ওই গুপ্ত সংগঠনের নেতা যেমন বলেছে ১২ তারিখ পর্যন্ত জনগণের পা ধরতে, আমরা তার উল্টোটা বলি। আমি আমার নেতাদেরকে, আমি আমার কর্মীদেরকে বলি, ১২ তারিখ থেকে না, আপনারা ১৩ তারিখ থেকেও আগামী ৫ বছর জনগণের পা ধরে থাকবেন।”

এনটিভি নিউজের ভেরিফায়েড ইউটিউব চ্যানেলের ৩ মিনিট ২৬ সেকেন্ডের এক ভিডিও প্রতিবেদনেও তারেক রহমানের একই বক্তব্য উঠে আসে।
এছাড়া, বিএনপির ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে ঐ জনসভার সম্পূর্ণ লাইভ বক্তব্য পাওয়া যায়। ২ ঘণ্টা ৩১ সেকেন্ডের ভিডিওর ২ ঘণ্টা ৫ মিনিট ৪৪ সেকেন্ড থেকে বক্তব্যের এ অংশ পাওয়া যায়। জানা যায়, চলতি বছরের ৪ ফেব্রুয়ারি বরিশালে বেলস পার্ক মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তারেক রহমান এই বক্তব্য দেন। সেখানে তিনি যে কথাগুলো বলছিলেন, তা অন্য একটি দলকে উদ্দেশ্য করে। আর ওই কথাগুলো থেকে কিছু অংশ কেটে তা অপ্রাসঙ্গিকভাবে ছড়ানো হচ্ছে।
অর্থাৎ, বরিশালে বিএনপির নির্বাচনী জনসভায় তারেক রহমানের খণ্ডিত বক্তব্য সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে।