
জাইমা রহমানকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দুইবার ঝুঁকে সালাম করেছেন, দাবিতে একটি ছবি সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, ছবিটি সম্পাদিত।
“আরটিএন নিউজ টোয়েন্টিফোর” নামের একটি ফেসবুক পেজ থেকে দাবিতে ছবিটি আপলোড হতে দেখা যায়। এই পোস্ট লেখা পর্যন্ত পোস্টটি দেড় হাজারের বেশি শেয়ার হয়েছে। প্রতিক্রিয়া জানানো হয়েছে ৪০ হাজারের বেশি। এছাড়াও তিন হাজারের অধিক মন্তব্য জানানো হয়েছে।

সত্যতা যাচাইয়ে ছবিটি রিভার্স সার্চ দিলে কাছাকাছি দৃশ্য ও ফ্রেমের ছবি সম্বলিত একাধিক সংবাদ প্রতিবেদন সামনে আসে (১, ২, ৩, ৪)। প্রতিবেদনগুলোতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে জাইমা রহমান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা (মরণোত্তর) গ্রহণ করছেন বলে জানানো হয়। প্রতিবেদনগুলোতে থাকা ছবির ফ্রেমিং ও পেছনের দৃশ্যের সঙ্গে হুবহু মিল থাকলেও রাষ্ট্রপতির ঝুঁকে সালাম করার দৃশ্যটির মিল নেই।
পরবর্তী যাচাইয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেলে জাইমা রহমানের সম্মাননা গ্রহণ করার একাধিক ভিডিও খুঁজে পাওয়া যায় (১, ২, ৩, ৪, ৫)। আলোচিত ছবির ফ্রেমিং ও পেছনের দৃশ্যের সঙ্গে ভিডিও প্রতিবেদনের দৃশ্যের মিল থাকলেও, কোথাও জাইমা রহমানকে ঝুঁকে সালাম করতে দেখা যায়নি। বরং সম্মাননা প্রদানের আগে, জাইমা রহমানকে হাত তুলে দুইবার সালাম দিয়েছেন রাষ্ট্রপতি।

এছাড়াও, তথ্য যাচাইকারী সংস্থা “ফ্যাক্টওয়াচ” ছবিটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে ছবি যাচাইকারী একাধিক টুলে সহায়তায় দেখানো হয় যে, ছবিটিতে রাষ্ট্রপতির অবস্থানকে বিকৃত করা হয়েছে।
অর্থাৎ, জাইমা রহমানকে রাষ্ট্রপতির ঝুঁকে সালাম করার ছবিটি সম্পাদিত।

উল্লেখ্য, গত রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাত থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। গণতন্ত্র পুনরুদ্ধার ও অগ্রযাত্রায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে মরণোত্তর ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত করা হয়।