নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
ফ্যাক্টচেক নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর জুতা নিক্ষেপের দাবিতে এআই ছবি প্রচার

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর জুতা নিক্ষেপের দাবিতে এআই ছবি প্রচার

নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পোস্টে সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর জুতা নিক্ষেপের ছবি ছড়িয়ে পড়েছে। ছবিটি প্রচার করে দাবি করা হচ্ছে, ময়মনসিংহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর জুতা নিক্ষেপ করা হয়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, প্রচারিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে নির্মিত। একাধিক এআই শনাক্তকরণ টুল দিয়ে যাচাই করে দেখা গেছে, ছবিটি এআই দিয়ে তৈরির সম্ভাবনা প্রবল। 

ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে গত ১৫ মার্চ একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “ময়মনসিংহের মানুষ রতন চিনলো না। জুতা নিক্ষেপ করে অপমান করলো নাসিরুদ্দিন পাটোয়ারী কে।” এ প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত পোস্টটিতে প্রতিক্রিয়া পড়েছে ১ হাজার ৭০০ এর বেশি। শেয়ার হয়েছে ৪৫৬ বার। 

ফেসবুকের একাধিক (, ) ব্যক্তিগত প্রোফাইল ও গ্রুপ থেকে একই দাবিতে ছবিটি পোস্ট করা হয়। 

নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর জুতা নিক্ষেপের দাবিতে এআই ছবি প্রচার
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর জুতা নিক্ষেপের দাবিতে প্রচারিত ছবিসহ ফেসবুক পোস্টের স্ক্রিনশট।

ঘটনাটির সত্যতা যাচাইয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ভেরিফায়েড ফেসবুক পেজটি পর্যবেক্ষণ করে দেখে ডিসমিসল্যাব। দেখা যায়, নাসীরুদ্দীন পাটওয়ারী তার “রিহলা-এ-তারাবী” কর্মসূচির ধারাবাহিকতায় গত ১৩ মার্চের তারাবি ময়মনসিংহের বড় মসজিদে আদায় করেন। পরবর্তীতে তিনি ময়মনসিংহে অবস্থানকালের এবং “রিহলা-এ-তারাবী” কর্মসূচির একাধিক ছবি নিজের পেজে পোস্ট করেন। এ পোস্টের ৫ নম্বর ছবিটির সঙ্গে ছড়িয়ে পড়া ছবিটির পারিপার্শ্বিক পরিবেশের মিল পাওয়া যায়। তবে এখানে জুতা নিক্ষেপের কোনো দৃশ্য পাওয়া যায়না। গত ১৪ মার্চ ২ মিনিট ৮ সেকেন্ড দৈর্ঘ্যের একটি ভিডিও এ পেজ থেকে পোস্ট করা হয়। ক্যাপশনের এক অংশে লেখা হয়, “’ময়মনসিংহ বড় মসজিদে’ ২৪ তম রমাদানের তারাবী আদায় শেষে মুসল্লিদের সাথে মতবিনিময় করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।” এ ভিডিওর ১ মিনিট ৬ সেকেন্ড থেকে ৮ সেকেন্ড পর্যন্ত নাসীরুদ্দীন পাটওয়ারীকে যে অবস্থানে দেখা যায় তার সঙ্গে ছড়িয়ে পড়া ছবিটির একটি অংশ সাদৃশ্যপূর্ণ। এ সময়টুকুতেও জুতা নিক্ষেপের কোনো দৃশ্য দেখা যায়না। 

নাসীরুদ্দীন পাটওয়ারীর ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে গত ১৩ মার্চ একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “ধন্যবাদ ময়মনসিংহ আলহামদুলিল্লাহ ২৪তম তারাবী সম্পন্ন। রিহলা-এ-তারাবী কর্মসূচির অংশ হিসেবে ৩০টি মসজিদ ৩০ দিনে।” ৪৪ সেকেন্ডের ভিডিওটির ১৫ সেকেন্ড থেকে ২১ সেকেন্ড পর্যন্ত নাসীরুদ্দীন পাটওয়ারীকে আংশিক পেছনে ফিরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় যা ছড়িয়ে পড়া ছবিটির একটি অংশের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এ সময়টুকুতে এবং ভিডিওর বাকি অংশতেও তার দিকে জুতা বা অন্য কোনো বস্তু নিক্ষেপ করতে দেখা যায় না।

অধিকতর যাচাইয়ে এআই কনটেন্ট শনাক্তকরণ টুল হাইভ মডারেশন, সাইট ইঞ্জিন এবং এআই অর নট দিয়ে যাচাই করেও দেখা গেছে, ছবিটি এআই দিয়ে তৈরির সম্ভাবনা প্রবল। হাইভ মডারেশন অনুযায়ী ছবিটি পিকা এআই জেনারেটর মডেল দিয়ে তৈরির সম্ভাবনা আছে।

  • নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর জুতা নিক্ষেপের দাবিতে এআই ছবি প্রচার
  • নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর জুতা নিক্ষেপের দাবিতে এআই ছবি প্রচার

এছাড়া কোনো নির্ভরযোগ্য গণমাধ্যমে ময়মনসিংহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর জুতা নিক্ষেপ নিয়ে কোনো সংবাদ প্রতিবেদন পাওয়া যায়নি। 

আরো কিছু লেখা