
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের বিরুদ্ধে মন্তব্য করার কারণে নাসীরুদ্দীন পাটওয়ারীর সমর্থকদের ওপর সেনাবাহিনী অভিযান পরিচালনা করেছে- এমন দাবিতে একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, প্রচারিত দাবিটি ভুয়া। যাচাইয়ে দেখা যায়, একই ভিডিওটি চলতি বছরের ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন পোস্ট হতে দেখা যায়। সেখানে ঘটনাটিকে চট্টগ্রামের আনোয়ারায় সেনাবাহিনীর অ্যাকশন বলে উল্লেখ করা হয়।
ফেসবুকের একটি পেজ থেকে গত ৯ মার্চ ভিডিওটি পোস্ট করা হয়। ১০ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, একদল মানুষ সেনাবাহিনীর ভয়ে ছত্রভঙ্গ হয়ে ছুটছে। কয়েকজন সেনাসদস্যকে লাঠি হাতে তাদের ধাওয়া করতে দেখা যায়।

ভিডিওর ক্যাপশনে লেখা, “এই মুহূর্তে ঢাকা ৮ আসনের নাসির উদ্দিন পাটোয়ারীর সমর্থক এর উপর সেনাবাহিনীর অ-ভি-যান মির্জা আব্বাস ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নামে কূটনীতি মন্তব্য মিছিল করার কারণে। 🤣🤣” এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত, ভিডিওটিতে প্রতিক্রিয়া পড়েছে ৬ হাজারের বেশি এবং ভিডিওটি ৬৫০ বার শেয়ার হয়েছে। ব্যবহারকারীরা ৩ লাখ ৬০ হাজারের বেশিবার ভিডিওটি দেখেছেন।
ফেসবুকের একাধিক ব্যক্তিগত প্রোফাইল (১, ২, ৩, ৪, ৫, ৬, ৭) এবং পেজ থেকে একই দাবিতে ভিডিওটি পোস্ট করা হয়।
ঘটনার সত্যতা যাচাইয়ে কয়েকটি কিফ্রেম ধরে রিভার্স ইমেজ সার্চ করলে ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি পোস্ট করা একটি ভিডিও খুঁজে পায় ডিসমিসল্যাব। ভিডিওর ক্যাপশনে লেখা, “আনোয়ারা,বটতলী বর্তমান অবস্থা।” ১০ সেকেন্ডের ভিডিওটির সাথে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যপটের হুবহু মিল রয়েছে।

অধিকতর যাচাইয়ে প্রাসঙ্গিক কিওয়ার্ড দিয়ে সার্চ করলে ডিসমিসল্যাবের সামনে আসে আনোয়ারা টিভি নামের একটি ফেসবুক পেজের একটি ভিডিও। গত ১২ ফেব্রুয়ারি অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন পোস্ট করা ভিডিওটির ক্যাপশনে লেখা, “আনোয়ারা বটতলীতে টস জিতে এখনো ব্যাটিং করছে সেনাবাহিনী..!🙂🙏”

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি সারাদেশে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সে সময় আইনশৃঙ্খলা রক্ষায় মাঠপর্যায়ে সেনাবাহিনী মোতায়েন ছিল।
অন্যদিকে সম্প্রতি ঢাকায় নাসীরুদ্দীন পাটওয়ারীর সমর্থকদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযানের কোনো প্রতিবেদন বা তথ্য নির্ভরযোগ্য কোনো গণমাধ্যমের বরাতে জানা যায়নি।
অর্থাৎ, নাসীরুদ্দীন পাটওয়ারীর সমর্থকদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান দাবিতে প্রচারিত ভিডিওটি সঠিক নয়।