সুদেষ্ণা মহাজন অর্পা

ইন্টার্ন, ডিসমিসল্যাব
ফ্যাক্টচেক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনের ‘৫ আগস্টসহ মবের মামলার’ মন্তব্যের ফটোকার্ডটি ভুয়া

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনের ‘৫ আগস্টসহ মবের মামলার’ মন্তব্যের ফটোকার্ডটি ভুয়া

সুদেষ্ণা মহাজন অর্পা

ইন্টার্ন, ডিসমিসল্যাব

নাগরিক টিভির লোগোযুক্ত একটি ফটোকার্ড সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। কার্ডে দাবি করা হচ্ছে, নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে ইঙ্গিতে ‘মব’ আখ্যা দিয়েছেন। এবং বলেছেন ৫ আগস্টকে হিসেবে ধরে সব মবের ঘটনায় মামলা দায়ের করা যাবে। তবে, ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, এমন কোনো ফটোকার্ড নাগরিক টিভি প্রকাশ করেনি।

ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে গত ১৮ ফেব্রুয়ারি ফটোকার্ডটি পোস্ট করা হয়। ফটোকার্ডে নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছবি দেওয়া। ব্যাকগ্রাউন্ডে লাঠিসোঁটা হাতে কিছু মানুষকে দেখা যাচ্ছে। ফটোকার্ডের শিরোনামে সাদা ও হলুদ হরফে লেখা,“৫ আগষ্ট সহ সকল মবের মামলা করতে পারবে: স্বরাষ্ট্রমন্ত্রী”।

কার্ডের ওপরে মাঝামাঝি অংশে নাগরিক টিভির লোগো দেওয়া রয়েছে। অন্যদিকে কার্ডের নিচের দিকে বামপাশে তারিখ হিসেবে “১৮ ফেব্রুয়ারি,২০২৬”, এবং ডানদিকে নাগরিক টিভির ওয়েবসাইটের নাম “nagorik.com” উল্লেখ করা হয়েছে।

ক্যাপশনের প্রথম অংশে পোস্টদাতা লিখেছেন, “৫ আগস্ট ২০২৪ থেকে সংঘটিত সকল মব জাস্টিস, লুটপাট ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে ভুক্তভোগীরা মামলা করতে পারবেন— স্বরাষ্ট্রমন্ত্রীর এই ঘোষণাকে আমি স্বাগত জানাই। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে বিচারহীনতার সংস্কৃতি ভাঙতেই হবে। রাষ্ট্র যদি সত্যিই নিরপেক্ষ থাকে, তবে অপরাধী যে-ই হোক, তার পরিচয় বা রাজনৈতিক ছত্রচ্ছায়া কোনো ঢাল হতে পারে না।”(লেখা অপরিবর্তিত) 

এ প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত ফটোকার্ডটিতে অন্তত ২৬ হাজার প্রতিক্রিয়া দেখা গেছে। আড়াই হাজারের বেশিবার ফেসবুকে শেয়ার করা হয়েছে। পোস্টে মন্তব্য করেছেন অন্তত ২ হাজার ব্যবহারকারী। এক ব্যবহারকারী লিখেছেন,“পুলিশ  হত্যা ও থানা লুটের মামলা নিতে হবে।” আরেকজন মন্তব্য করেছেন,“ধন্যবাদ  জানিয়ে দিলাম আমরা  তবে  কথা আর কাজে  প্রোমান করতে হবে” (বানান অপরিবর্তিত) 

ফ্যাক্ট চেক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনের ‘৫ আগস্টসহ মবের মামলার’ মন্তব্যের ফটোকার্ডটি ভুয়া
নাগরিক টিভির ভুয়া ফটোকার্ডসহ ফেসবুক পোস্টের স্ক্রিনশট।

ফেসবুকের একাধিক ব্যক্তিগত প্রোফাইল (, , ৩) থেকে একই দাবিতে ফটোকার্ডটি পোস্ট করা হয়।

ফটোকার্ডের সত্যতা নিশ্চিত করতে নাগরিক টিভির ভেরিফায়েড ফেসবুক পেজের ১৮ ফেব্রুয়ারির সব ফটোকার্ড ও পোস্টগুলো যাচাই করে দেখে ডিসমিসল্যাব। এ ধরনের কোনো ফটোকার্ড বা প্রতিবেদনের লিংক সংবাদমাধ্যমের ভেরিফায়েড ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়নি। এছাড়া নাগরিক টেলিভিশনের অফিশিয়াল ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলেও এ ধরনের কোনো প্রতিবেদন পাওয়া যায়নি। এছাড়া প্রচারিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সাথে নাগরিক টিভির নিজস্ব ফটোকার্ডের ফন্টের পার্থক্য রয়েছে।

তবে, গণমাধ্যমটির ফেসবুক পেজ যাচাইয়ে, ১৮ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর একই ছবিযুক্ত একটি ফটোকার্ড প্রকাশিত হতে দেখা যায়। সেই ফটোকার্ডের শিরোনামে লেখা, “দেশে মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী”।

প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চে প্রথম আলোতে ১৮ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, “দেশে ‘মব কালচার’ (উচ্ছৃঙ্খল জনতার সংঘবদ্ধ আক্রমণের সংস্কৃতি) পুরোপুরি বন্ধ করা হবে বলে ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সেদিন বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে প্রথম কর্মদিবসে তিনি বলেন, ‘মব কালচার শেষ। দাবি আদায়ের নামে মব কালচার করা যাবে না। তবে যৌক্তিক দাবি আদায়ের জন্য মিছিল ও সমাবেশ করা যাবে, স্মারকলিপিও দেওয়া যাবে। আমরা গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে চাই।’”

ফ্যাক্টচেক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনের ‘৫ আগস্টসহ মবের মামলার’ মন্তব্যের ফটোকার্ডটি ভুয়া
নাগরিক টিভির আসল ফটোকার্ড (বামে) এবং প্রথম আলোর সংবাদ প্রতিবেদন (ডানে)।

বিস্তারিত যাচাইয়ে নাগরিক টিভির সঙ্গে যোগাযোগ করে ডিসমিসল্যাব। সংবাদমাধ্যমটির প্রধান বার্তা সম্পাদক নবীন হোসেন ডিসমিসল্যাবকে নিশ্চিত করেছেন প্রচারিত ফটোকার্ডটি নাগরিক টিভির নয়।

অর্থাৎ, ৫ আগস্টসহ সব মবের মামলা করা যাবে শীর্ষক কোনো মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে প্রকাশ্যে করতে দেখা যায়নি। এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে জড়িয়ে নাগরিক টিভির নামে প্রচারিত ফটোকার্ডটিও ভুয়া।

আরো কিছু লেখা