
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের জনপ্রিয়তার প্রমাণস্বরূপ দলটির মিছিলের একটি ছবি সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে ফ্যাক্টচেকে দেখা যায়, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।
ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইলের একটি পোস্টের ক্যাপশনে লেখা, “ইতিহাস সৃষ্টি করলেন মাওলানা মামুনুল হক! ৫৪ বছরের ঢাকার ইতিহাসে এমন জনসমুদ্র, এমন ঈমানি জোয়ার, এমন দৃশ্য—কখনো দেখেনি ঢাকাবাসী।”

পোস্টে একটি মিছিলের দৃশ্য দেখা যাচ্ছে। রাজধানী ঢাকার মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি সংলগ্ন রাস্তায় নির্বাচনী প্রচারণার মিছিলে এক ব্যক্তিকে মাথায় টুপি, গায়ে সাদা পাঞ্জাবি এবং ধূসর রঙের কটি পরে মিছিলের ব্যানারের সামনে হাত উঁচিয়ে হাঁটতে দেখা যায়। উল্লেখ্য, মাওলানা মুহাম্মাদ মামুনুল হক এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের প্রার্থী। মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি এই আসনের অধীনে।
প্রতিবেদন প্রকাশ পর্যন্ত পোস্টটিতে ব্যবহারকারীদের প্রতিক্রিয়া রয়েছে ২৪ হাজারটি। ফেসবুকে অন্তত ৫ হাজার বার শেয়ার করা হয়েছে এই পোস্ট। পোস্টে ব্যবহারকারীদের এক হাজার ৪০০টি মন্তব্য করতে দেখা গেছে। পোস্টে একজন মন্তব্য করেছেন, “মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লামা মামুনুল হক সাহেবের জয় হবে ইনশাল্লাহ হে আল্লাহ আপনি কবুল করুন আমীন” (বানান অপরিবর্তিত)।
একই ছবি পোস্ট হতে দেখা গেছে একাধিক (১, ২, ৩) গ্রুপ ও ব্যক্তিগত প্রোফাইলের ফেসবুক পোস্ট থেকেও।
ছবিটির সত্যতা নিশ্চিত করতে কি-ফ্রেম সার্চ এবং রিভার্স ইমেজ সার্চটুল ব্যবহার করে বাংলাদেশ খেলাফত মজলিস এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর ফেসবুক পেজ থেকেও এমন কোনো ছবি প্রচার হতে দেখা যায়নি।
যাচাই করা ছবিতে একই দূরত্বে কয়েকজনের দেহের আকৃতি স্পষ্ট হলেও বেশিরভাগেরই অস্পষ্ট, পেছনের নির্বাচনী ব্যানারসহ বিশাল জনসমাবেশের এই মিছিলে সবার অবয়বে অস্পষ্টতাসহ কিছু অসঙ্গতি নজরে আসে ডিসমিসল্যাবের। কনটেন্ট শনাক্তকরণ টুল হাইভ মডারেশনে যাচাই করলে ছবিটি এআই দিয়ে তৈরির সম্ভাবনা ৯৯.৯% এসেছে। আরেকটি টুল ডিপফেক-ও-মিটার দিয়ে যাচাই করেও দেখা গেছে ছবিটি এআই দিয়ে তৈরি।
অর্থাৎ, মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের জনপ্রিয়তার প্রমাণে এআই দিয়ে দলটির মিছিলের ছবিটি তৈরি করা হয়েছে। এর আগেও রাজনৈতিক ব্যক্তিকে জড়িয়ে এআই কন্টেন্ট নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে ডিসমিসল্যাব।