
ইরানের মিসাইল দাবি করে সম্প্রতি একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়াতে দেখা যাচ্ছে। তবে ডিসমিসল্যাবের যাচাইয়ে দেখা গেছে, এটি ইরানের কোনো মিসাইলের নয়, বরং চীনের তিয়ানজু-৯ মহাকাশযানের দৃশ্য।
নিজেদের সংবাদমাধ্যম দাবি করা ফেসবুক পেজ “নিউজ ফ্ল্যাশ ৭১” থেকে সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে রাতের আকাশে একটি জেলিফিশের ঢঙে একটি বস্তুকে যেতে দেখা যায়। ভিডিওর ভেতরে লেখা, “এ কেমন মিসাইল ছুড়ল ইরান।”

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি দেখা হয়েছে অন্তত ৯০ লাখ বার। শেয়ার হয়েছে দুই হাজারের বেশি। ব্যবহারকারীরা প্রতিক্রিয়া জানিয়েছেন দেড় লাখের অধিক।
সত্যতা যাচাইয়ে কয়েকটি কিফ্রেম সার্চ দিলে, চীনা গণমাধ্যম সিজিটিনের ইউটিউব চ্যানেলে হুবহু একই দৃশ্যের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ২০২৫ সালের ১৬ জুলাই আপলোড হওয়া ভিডিওর শিরোনামে লেখা, “দেখুন, মহাকাশে চীনের তিয়ানজু-৯ যেভাবে জেলিফিশের মতো মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করেছে।”

এছাড়াও ভারতীয় সংবাদমাধ্যম “দ্য ইকোনমিক টাইমস”-এ ২০২৫ সালের ১৭ জুলাইয়ে প্রকাশিত একটি প্রতিবেদনে একই দৃশ্য দেখতে পাওয়া যায়। প্রতিবেদনে জানানো হয়, দৃশ্যটি চীনের ‘তিয়ানজু-৯’ মহাকাশযানের। মহাকাশযানটি উৎক্ষেপণের সময় আকাশে জেলিফিশের মতো দেখতে এক দৃশ্য তৈরি করেছিল, যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, চীনের কার্গো মহাকাশযান তিয়ানজু-৯ সফলভাবে তাদের ‘তিয়াংগং’ স্পেস স্টেশনে নেমেছে। এই মিশনের মাধ্যমে মহাকাশকেন্দ্রে প্রয়োজনীয় রসদ ও বৈজ্ঞানিক সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়।
অর্থাৎ, ইরানের মিসাইল দাবিতে যে দৃশ্যটি ছড়ানো হচ্ছে, তা কোনো ইরানের কোনো যুদ্ধাস্ত্র নয়। বরং, চীনের তিয়ানজু-৯ নামের একটি মহাকাশযানের দৃশ্য।