নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
Fact-check: Old US airport fire video falsely shared as Iranian attack on Israel’s Ben Gurion Airport, showing Denver International Airport landing gear incident.

আমেরিকার পুরোনো ভিডিও ছড়াচ্ছে ইসরায়েলি বিমানবন্দরে ইরানের হামলার দাবিতে

নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, ইসরায়েলের বেন গুয়ন বিমানবন্দরে ইরান বোমা হামলা চালিয়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, ভিডিওটি ২০২৫ সালের ২৬ জুলাই যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানের ল্যান্ডিং গিয়ারে আগুন লাগার দৃশ্যের। 

ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে গত ১ মার্চ একটি ভিডিও পোস্ট করা হয়। ক্যাপশনে বলা হয়, “আলহামদুলিল্লাহ Alhamdulillah ইজরায়েলের বেঙ্গোরিনি বিমানবন্দরে ইরান বোমা হামলা চালিয়ে সতর্কীকরণ চলছে” (বানান অপরিবর্তিত)। এ প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত, ভিডিওটি ১ হাজার বার শেয়ার হয়েছে এবং ১ লাখ ৬৪ হাজারের বেশি দেখা হয়েছে। ৩৭ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, রানওয়েতে দাঁড়িয়ে থাকা একটি বিমানের পিছনের অংশে আগুন লেগেছে এবং বিমান থেকে যাত্রীরা একে একে নেমে আসছেন। 

Fact-check: Old US airport fire video falsely shared as Iranian attack on Israel’s Ben Gurion Airport, showing Denver International Airport landing gear incident.
ভুয়া দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওটির স্ক্রিনশট।

ফেসবুকের একাধিক ব্যক্তিগত প্রোফাইল (, , , , , ) এবং পেজ (, ) থেকে একই দাবিতে ভিডিওটি পোস্ট করা হয়। 

সত্যতা যাচাইয়ে বিভিন্ন কিফ্রেম ধরে রিভার্স ইমেজ সার্চ করলে ডিসমিসল্যাবের সামনে অ্যাসোসিয়েটেড প্রেসের ইউটিউব চ্যানেলে গত বছরের ২৮ জুলাইয়ে প্রকাশিত একটি ভিডিও সামনে আসে। ভিডিওটির শিরোনাম ছিল, “ডেনভার বিমানবন্দরে ধোঁয়াচ্ছন্ন একটি বিমান থেকে জরুরি স্লাইড ব্যবহার করে যাত্রীরা দ্রুত নেমে যাচ্ছেন।”

বিস্তারিত বিবরণে লেখা, “কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানের ল্যান্ডিং গিয়ারে (অবতরণ যন্ত্র) সম্ভাব্য ত্রুটির কারণে ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে ধোঁয়াচ্ছন্ন একটি জেট বিমান থেকে যাত্রীরা জরুরি স্লাইড দিয়ে নিচে নেমে আসেন। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) জানিয়েছে, শনিবার বিকেলে ডেনভার থেকে রওনা হওয়ার সময় আমেরিকান এয়ারলাইন্সের ৩০২৩ নম্বর ফ্লাইটে একটি “সম্ভাব্য ল্যান্ডিং গিয়ার দুর্ঘটনা” এর খবর পাওয়া যায়। টেক্সাসের ফোর্ট ওয়ার্থ-ভিত্তিক এই বিমান সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, সমস্যাটি মূলত বিমানের একটি টায়ার সংক্রান্ত ছিল।” 

Fact-check: Old US airport fire video falsely shared as Iranian attack on Israel’s Ben Gurion Airport, showing Denver International Airport landing gear incident.
অ্যাসোসিয়েটেড প্রেসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত আসল ঘটনার ভিডিওর স্ক্রিনশট।

৫১ সেকেন্ডের ভিডিওটির ৩ থেকে ৪০ সেকেন্ডের সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওটির হুবহু মিল রয়েছে।

অধিকতর যাচাইয়ে একাধিক (, , ) আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন সামনে আসে। এ প্রতিবেদনগুলোতেও ছড়িয়ে পড়া ভিডিওটি দেখা যায়। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএন এর ২০২৫ সালের ২৭ জুলাইয়ে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, “ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) এর তথ্য অনুযায়ী, শনিবার ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নকালে আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে “সম্ভাব্য ল্যান্ডিং গিয়ার দুর্ঘটনা”র ফলে আগুন ধরে যায়। এই ঘটনায় বিমানের ১৫০ জনেরও বেশি যাত্রীকে রানওয়েতে সরিয়ে নেওয়া হয়েছে এবং একজন আহত হয়েছেন।”

Fact-check: Old US airport fire video falsely shared as Iranian attack on Israel’s Ben Gurion Airport, showing Denver International Airport landing gear incident.
মূল ঘটনা নিয়ে প্রকাশিত একাধিক সংবাদমাধ্যমের ভিডিও প্রতিবেদনের স্ক্রিনশট।

প্রতিবেদনে আরও বলা হয়, “আমেরিকান এয়ারলাইন্স এবং ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরের তথ্য অনুযায়ী, বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমানটি উড্ডয়নের ঠিক আগে এর টায়ারে রক্ষণাবেক্ষণ জনিত সমস্যা দেখা দেয়। এরপর বিমানবন্দরের জরুরি উদ্ধারকারী দল এবং ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং বিমানে থাকা সকলকে রানওয়েতে সরিয়ে নেওয়া হয়।” 

অর্থাৎ, আমেরিকার পুরোনো ভিডিও ছড়াচ্ছে ইসরায়েলের বেন গুয়ন বিমানবন্দরে ইরানের হামলার দাবিতে। 

প্রসঙ্গত, ইসরায়েল এবং ইরানের মাঝে দীর্ঘদিন ধরে চলমান সংঘাতে অতীতে ইরান একাধিকবার (, , ) ইসরায়েলের বেন গুয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে মিসাইল হামলা করেছে। দ্য টাইমস অব ইসরায়েলেরপ্রতিবেদন অনুযায়ী, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের কারণে নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েল তাদের বিমানবন্দর এবং সব ধরনের বেসামরিক ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে। 

উল্লেখ্য, পূর্বেও ছড়ানো ভিডিওটি ভিন্ন প্রেক্ষাপটে ভুল দাবিতে ছড়াতে দেখা গেছে যা নিয়ে ডিসমিসল্যাব ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে। 

ইরান-ইসরায়েলের চলমান সংঘাত নিয়ে পূর্বেও একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে ডিসমিসল্যাব। 

আরো কিছু লেখা