
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের ছোট ভাই নিহত হয়েছেন – এমন একটি দাবি ১২ ফেব্রুয়ারি সকাল থেকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, প্রচারিত দাবিটি সত্য নয়।
ফেসবুকের একটি গ্রুপ থেকে আজ, ১২ ফেব্রুয়ারি একটি লিখিত পোস্ট প্রচার করা হয়। সেখানে লেখা,“ব্রেকিং: বিএনপির স*ন্ত্রা*সী হা*ম*লায় হান্নান মাসুদের ছোট ভাই নি*হ*ত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”

ফেসবুকের একাধিক ব্যক্তিগত প্রোফাইল (১, ২, ৩, ৪), পেজ (১, ২) এবং গ্রুপ (১, ২, ৩, ৪) থেকে একই দাবিতে পোস্টটি প্রচার করা হয়।
ঘটনার সত্যতা যাচাইয়ে হান্নান মাসউদের ভেরিফায়েড ফেসবুক পেজটি পর্যালোচনা করে দেখে ডিসমিসল্যাব। সেখানে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৬.৪৮ মিনিটে একজন ব্যক্তির রক্তাক্ত ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন,“আহ বিএনপি!🥲 আমার ছোটভাই HM Yeasin Arafat Shanto”। তবে এখানে তিনি ভাইয়ের মৃত্যুর কোনো তথ্য দেননি। সকাল সাড়ে সাতটায় তার পেজে একটি লাইভ ভিডিও পাওয়া যায়। এতে হান্নান মাসউদ নির্বাচনের আগের রাতে তার ওপর হামলা হয়েছে বলে উল্লেখ করেন। তবে, পুরো লাইভে কোথাও তিনি তার ভাইয়ের মৃত্যুর কথা বলেননি।

আরো বিস্তারিত যাচাইয়ে বিভিন্ন প্রাসঙ্গিক কিওয়ার্ড দিয়ে সার্চ করলে হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনীর অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট খুঁজে পায় ডিসমিসল্যাব। সেখানে ১২ ফেব্রুয়ারি সকালে দেওয়া পোস্টে তিনি লেখেন, “আমাকে রড দিয়ে মারছে বিএনপির সন্ত্রাসীরা। আমার ফোন কেড়ে নিছে। আমাকে মারার ভিডিও যে ধারণ করেছে, তার ফোন ভেঙে ফেলছে। আমার দেবরকে কয়েকজন মিলে একসাথে মারছে। প্রশাসন নিষ্ক্রিয়!” তার পোস্ট বলা হয় তার দেবর অর্থাৎ হান্নান মাসউদের ভাইয়ের উপর হামলা করা হয়েছে। তবে নিহত হওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট কোনো তথ্য তিনি উল্লেখ করেননি।

এ বিষয়ে নিশ্চিত হতে হাতিয়া থানার এসআই মুকুল আহমদের সঙ্গে যোগাযোগ করলে তিনি ডিসমিসল্যাবকে জানান, হাতিয়ায় এখনো পর্যন্ত কোনো নিহতের ঘটনা ঘটেনি।
অধিকতর নিশ্চিত হতে নোয়াখালীর স্থানীয় সাংবাদিক ও বিডিনিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আবু নাছের মঞ্জুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, নোয়াখালীতে কোনো নিহতের ঘটনা ঘটেনি। এছাড়া হাতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আলাউদ্দিন ও হাতিয়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ ফিরোজ উদ্দীনের বরাতে তিনি বলেন, আবদুল হান্নান মাসউদের ভাই নিহত হওয়ার দাবিটি ভুয়া।
অর্থাৎ, এনসিপি নেতা এবং নোয়াখালী-৬ এর সংসদ সদস্য প্রার্থী হান্নান মাসউদের ছোট ভাই নিহত হওয়ার দাবিটি ভিত্তিহীন।
এই যাচাই প্রতিবেদনের সংক্ষিপ্ত সংস্করণ নির্বাচনের দিন ডিসমিসল্যাবের লাইভ আপডেটে প্রকাশিত হয়েছিল। বিস্তারিত প্রতিবেদনটি পরে প্রকাশ করা হলেও প্রাসঙ্গিকতা বজায় রাখতে তারিখ অপরিবর্তিত রাখা হয়েছে।