ফেসবুক পোস্টে দাবি করা হচ্ছে, বরিশাল ৫ আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী নির্বাচনে জয়লাভ করেছেন। তবে ডা. মনীষা নিজেই তার ফেসবুক প্রোফাইলে পোস্ট করে জানিয়েছেন এ আসনে জয়ী হননি। এখন পর্যন্ত পাওয়া সংবাদ অনুযায়ী বরিশাল-৫ আসনে বেসরকারি ফলে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী অ্যাড. মজিবর রহমান সরোয়ার।
“আমি এই কেন্দ্রে ভোট দিতে আসছিলাম। গেটটা পার হয়ে যখন ভিতরে গিয়েছি, আমাকে শুনায়ে দেয়া হলো আপনার ভোট হয়ে গেছে।” – ডিএমপি কমিশনার এসএম সাজ্জাত আলীর এই বক্তব্য প্রচার করা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশৃঙ্খলার নমুনা দাবিতে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, ডিএমপি কমিশনার এই বক্তব্য দিয়েছেন বিগত নির্বাচনে ভোট দিতে না পারার স্মৃতি হিসেবে। তার সম্পূর্ণ বক্তব্যকে আংশিকভাবে প্রচার করা হচ্ছে।
ইউটিউবে এটিএন নিউজ লাইভের প্রচারিত ২ মিনিট ২৮ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওতে ১ মিনিট ৫০ সেকেন্ডে তাকে প্রশ্ন করা হয় গত ১৭ বছরের ভোট এবং এবারের ভোটের মধ্যে তুলনা কেমন। এ প্রশ্নের জবাবে কমিশনার বলেন, “এই কেন্দ্রেই আমি ভোট দিতে আসছিলাম ১৮ সালে। আমার বাসা এখানে ছিল আপনারা জানেন। আমি ২৫ বছর মোহাম্মদপুরে বাস করছি। এখন মিন্টু রোডে থাকি।” ২ মিনিট ৮ সেকেন্ড থেকে তিনি ছড়িয়ে পড়া ভিডিওর কথাগুলো বলেন। গণমাধ্যমের প্রতিবেদনেও তার এই বক্তব্য ২০১৮ সালের নির্বাচনের স্মৃতিচারণ করে বলা, তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। অর্থাৎ, ডিএমপি কমিশনারের খন্ডিত বক্তব্যকে বিভ্রান্তিকর ভাবে প্রচার করা হচ্ছে।
১২ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৮:২৭
তারেক রহমানের নাম জড়িয়ে যমুনা টিভির নামে ভুয়া ফটোকার্ড প্রচার
ফেসবুকে যমুনা টিভির লোগো সম্বলিত একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। কার্ডে বিএনপির চেয়ারম্যান ও বগুড়া-৬ আসনের প্রার্থী তারেক রহমানের আসনে গণভোটে ‘হ্যাঁ’ দিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় যুবদল নেতাকে বহিষ্কার বার্তা দেওয়া হচ্ছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি সংবাদমাধ্যমটি। যমুনা টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে এ সম্পর্কিত কোনো ফটোকার্ড বা প্রতিবেদন প্রকাশিত হতে দেখা যায়নি।
১২ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৭:৫০
ঠাকুরগাঁও-১ ও কক্সবাজার-১ আসনে জামায়াতের প্রার্থী এগিয়ে আছে দাবিতে ছড়াচ্ছে গণমাধ্যমের ভুয়া ফটোকার্ড
চ্যানেল টোয়েন্টিফোর ও যমুনা টিভির দুইটি ফটোকার্ড ছড়িয়ে দাবি করা হচ্ছে ঠাকুরগাঁও-১ ও কক্সবাজার-১ আসনে বিএনপির প্রার্থীদের তুলনায় জামায়াতের প্রার্থী এগিয়ে আছেন। তবে যাচাইয়ে দেখা যায় গণমাধ্যম দুটি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি।
১২ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৭:২৩
সুজনের নাম জড়িয়ে ভোট বর্জনের মিথ্যা দাবি প্রচার
সুষ্ঠু ভোটের পরিবেশ না থাকায় নাগরিক সংগঠন “সুশাসনের জন্য নাগরিক (সুজন)” নির্বাচন বর্জনের ডাক দিয়েছে দাবিতে একটি খবর সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, খবরটি মিথ্যা।
“রুখে দাঁড়াও বাংলাদেশ”-নামের ফেসবুক পেজ থেকে একটি ফটোকার্ড প্রকাশ করা হয়েছে। পোস্টের ক্যাপশন ও কার্ডের শিরোনামে লেখা, “সুষ্ঠু ভোটের পরিবেশ নেই, প্রহসনের নির্বাচন বর্জনের ডাক সুজনের“। মন্তব্যে একটি প্রতিবেদনের লিংক দেওয়া। প্রতিবেদনে লেখা সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, “যে নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন ঘটার সুযোগ নেই, তাকে কোনোভাবেই গণতান্ত্রিক বলা যায় না। এটি নিছক একটি সাজানো নাটক বা প্রহসন মাত্র।”
তবে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চে মূল ধারার কোনো সংবাদমাধ্যমে এমন খবর পাওয়া যায়নি। অধিকতর যাচাইয়ে সুজন- এর কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকারের সঙ্গে যোগাযোগ করে ডিসমিসল্যাব। তিনি খবরটি সত্য নয় বলে নিশ্চিত করেন।
অর্থাৎ, সুজন নির্বাচন বর্জনের ডাক দিয়েছে- দাবিতে প্রচারিত খবরটি মিথ্যা।
১২ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৬:৪৭
৩০ শতাংশ ভোট বিএনপিতে এবং ৬৩ শতাংশ ভোট দাঁড়িপাল্লায় পড়ার দাবিটি ভুয়া
৩০ শতাংশ ভোট বিএনপিতে এবং ৬৩ শতাংশ ভোট দাঁড়িপাল্লায় পড়েছে দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, প্রচারিত দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে ভোট গ্রহণ আজ বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে। নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ গত ১১ জানুয়ারি ভোট গণনার ব্যাপারে বলেছিলেন, “ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই কেন্দ্রে গণনার প্রক্রিয়া শুরু হবে।”
১২ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৬:৪৪
যশোর-২ এর জামায়াত প্রার্থীর নির্বাচন বর্জনের দাবিতে আমার দেশের নামে ভুয়া ফটোকার্ড প্রচার
ফেসবুকে সম্প্রতি আমার দেশ পত্রিকার লোগোযুক্ত একটি ফটো দিয়ে দাবি করা হয় যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। তবে ডিসমিসল্যাবের যাচাইয়ে দেখা যায়, আমার দেশ এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। পত্রিকাটির সহযোগী সম্পাদক আলফাজ আনাম ফটোকার্ডটি আমার দেশ পত্রিকার নয় বলে নিশ্চিত করেছেন। এছাড়া ডা. মোসলেহ উদ্দিন ফরিদের নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহৃত ফেসবুক পেজেও ভোট বর্জন সংক্রান্ত কোনো তথ্য নেই।
১২ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৬:৩৮
জাল ভোট দিতে গিয়ে খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মী আটকের দাবিতে ছড়াচ্ছে ভিন্ন ঘটনার ছবি
খাগড়াছড়িতে স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমার পক্ষে জাল ভোট দিতে গিয়ে ইউপিডিএফ এর একজন সক্রিয় কর্মী আটক হয়েছে দাবিতে আরটিভির একটি ফটোকার্ড সম্প্রতি সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, আরটিভির ফটোকার্ডটি ভুয়া এবং ছবিটিও ভিন্ন ঘটনার।
ফটোকার্ডে থাকা ছবিটি রিভার্স সার্চ করে সংবাদমাধ্যম সারাবাংলা ও বাংলাদেশ প্রতিদিনের ২০২৪ সালের দুটি প্রতিবেদন পাওয়া যায়। দুটি প্রতিবেদনেই একই ছবি ব্যবহার করে জানানো হয়েছে, ছবিটি মোটরসাইকেল চোরচক্রের একজন সদস্য আটক হওয়ার ঘটনার।
এছাড়াও আরটিভির অনলাইন ইনচার্জ আবু আজাদ ডিসমিসল্যাবকে জানান, সংবাদমাধ্যমটি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি।
১২ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৫:৫১
চ্যানেল টোয়েন্টিফোর এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি
বিএনপি নেতা মির্জা আব্বাসের বক্তব্য এবং জাল ভোটের বাক্স নিয়ে ছাত্রদল কর্মীর ধরা পড়ার দাবিতে চ্যানেল টোয়েন্টিফোরের লোগোযুক্ত দুইটি ফটোকার্ড ছড়াতে দেখা যাচ্ছে ফেসবুকে। কিন্তু গণমাধ্যমটির ফেসবুক পেজ থেকে এমন কোনো ফটোকার্ড প্রকাশিত হয়নি।
সিরাজগঞ্জের শিয়ালকোলে বিএনপি নেতা জাল ভোট দিতে গেলে সেনা সদস্যরা সেই ব্যক্তিকে আটক করে মারধর করছে- এমন দাবিতে একটি ভিডিও ফেসবুকে ছড়াচ্ছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, ভিডিওর দাবিটি ভুয়া। মূল ভিডিওটি প্রায় দুই বছর পুরোনো।
১২ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৪:২৮
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ বিএনপির পোলিং এজেন্টকে আটকের দাবিটি ভুয়া
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ বিএনপি সমর্থিত এক পোলিং এজেন্টকে আটক করা হয়েছে এমন দাবিতে একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ছড়িয়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, প্রচারিত দাবিটি সঠিক নয়।
সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, মূল ভিডিওটি শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের নির্বাচনী কার্যালয় থেকে অভিযান চালিয়ে একজন পোলিং কর্মকর্তাকে আটক করা হয়। সময় টিভির প্রতিবেদন অনুসারে, ওই পোলিং কর্মকর্তা একইসঙ্গে জামায়াতের একজন কর্মী। শরীয়তপুরের নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকি দাসের তত্ত্বাবধানে জামায়াত কার্যালয়ে তল্লাশি চালিয়ে ওই টাকা উদ্ধার করা হয়।
অর্থাৎ,আটক হওয়া ব্যক্তি বিএনপি সমর্থিত পোলিং এজেন্ট নন।
রাজশাহীতে কেন্দ্র থেকে ব্যালট বাক্স ছিনতাইয়ের দাবিতে একটি ভিডিও ফেসবুকে প্রচার করা হচ্ছে। একই ভিডিও ঢাকা- ১৭ আসনে ব্যালট ছিনতাইয়ের দাবিতেও ছড়াতে দেখা গেছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, ভিডিওটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত সেনাবাহিনীর মহড়ার। ৮ই ফেব্রুয়ারি নবীনগর সরকারী কলেজ মাঠের এই মহড়া লাইভ সম্প্রচার করে বিবিনিউজ। প্রায় ১১ মিনিটের ঐ লাইভ ভিডিও-এর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর হুবহু মিল রয়েছে।
ভোটকেন্দ্র দখল করার চেষ্টা করা হচ্ছে দাবিতে একটি ভিডিও ফেসবুকে প্রচার করা হচ্ছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, ভিডিওটি জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দীঘিনালায় সেনাবাহিনীর মহড়া অনুষ্ঠিত হওয়ার দৃশ্য। ছড়িয়ে পড়া ভিডিওর সঙ্গে গণমাধ্যমে প্রকাশ হওয়া ভিডিওটির হুবহু মিল রয়েছে।
১২ ফেব্রুয়ারি, ২০২৬ | ১২:৫৬
বাংলাভিশনের নামে ভুয়া ফটোকার্ড প্রচার
ফেসবুকে সংবাদমাধ্যম বাংলাভিশনের লোগোযুক্ত একটি ফটোকার্ড সম্প্রতি ছড়িয়েছে। সেখানে দাবি করা হচ্ছে, সারাদেশে বিএনপির নেতাকর্মীদের তাণ্ডব চালানোর নির্দেশ দিয়েছেন তারেক রহমান। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, এমন কোনো ফটোকার্ড বাংলাভিশন প্রকাশ করেনি।
সংবাদমাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে প্রচারিত দাবি সম্পর্কিত কোনো ফটোকার্ড বা প্রতিবেদন প্রকাশিত হতে দেখা যায়নি।
ফেসবুকে খাগড়াছড়ির স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান এবং স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমাকে জড়িয়ে পাল্টাপাল্টি প্রার্থিতা প্রত্যাহারের দাবি ছড়িয়ে পড়েছে।
একটি ফটোকার্ড পোস্ট দাবি করা হয়, ভোটের শেষ মুহূর্তে সমীরণ দেওয়ানকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন ধর্মজ্যোতি চাকমা। অন্যদিকে, সমীরণ দেওয়ানের একটি এআই ভিডিওতে বলতে শোনা যায়, সবার সঙ্গে আলোচনা করে জনস্বার্থে ধর্মজ্যোতি চাকমাকে সমর্থন দিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তবে ডিসমিসল্যাবের যাচাইয়ে দেখা যায়, উভয় দাবিই ভুয়া।
দুইজন প্রার্থীই সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন, তারা নির্বাচন থেকে সরে দাঁড়াননি। সেই সঙ্গে জনগণকে অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন দুই প্রার্থীই।
১২ ফেব্রুয়ারি, ২০২৬ | ১২:০৩
চট্টগ্রাম-১৪ আসনে বিএনপির প্রার্থী জসিমের প্রার্থিতা বাতিল করেনি নির্বাচন কমিশন
চট্টগ্রাম-১৪ আসনের বিএনপির প্রার্থী জসিমের প্রার্থিতা বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন—এরকম একটি দাবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন) মো. ছানাউল্লাহ স্বাক্ষরিত ‘প্রার্থীতা বাতিল সংক্রান্ত’ এক আদেশের ছবিতে জসিম উদ্দিন আহমেদের প্রার্থিতা বাতিল করা হয়েছে বলে জানানো হয়। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, তার প্রার্থিতা বাতিলের দাবিটি সঠিক নয়। চট্টগ্রামের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন ডিসমিসল্যাবকে নিশ্চিত করেছেন, উক্ত আদেশের ছবিটি ভুয়া।
১২ ফেব্রুয়ারি, ২০২৬ | ১১:৫৮
খাগড়াছড়ি আসনের স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা নির্বাচন থেকে সরে দাঁড়াননি
ফেসবুকে একটি ফটোকার্ড প্রচার করে দাবি করা হয়েছে যে, খাগড়াছড়ি আসনের স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তবে যাচাইয়ে দেখা গেছে দাবিটি সঠিক নয়। নিজের ফেসবুক প্রোফাইল থেকে ধর্মজ্যোতি চাকমা জানিয়েছেন যে, তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াননি।
১২ ফেব্রুয়ারি, ২০২৬ | ১১:২০
যশোর-২ আসনে রাতে ভোট সম্পন্ন হয়ে গেছে দাবিতে এআই দিয়ে তৈরি ভিডিও প্রচার
ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে যশোর-২ আসনে সকল ভোট রাতে সম্পন্ন হয়ে গেছে। ভিডিওটিতে কয়েকজন ব্যক্তিকে কাগজে সিল দিতে দেখা যায়। সুক্ষ্মভাবে লক্ষ্য করলে তাদের অগোছালোভাবে সিল দিতে দেখা যায়। এছাড়া, বাংলাদেশের নির্বাচনে ব্যালট বাক্স হয় স্বচ্ছ, রঙ্গিন নয়। এআই শনাক্তকরণ টুল ডিপফেক-ও-মিটারের মাধ্যমে যাচাই করলেও এটিকে প্রায় শতভাগ এআই কনটেন্ট হিসেবে চিহ্নিত করে।
ফেসবুকে যমুনা টিভির লোগোযুক্ত একটি ফটোকার্ডে দাবি করা হচ্ছে , “ঢাকা-১ আসনে ছোট মৈমন্দী এলাকায় টাকার বিনিময়ে ভোট কিনছে বিএনপি”। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, যমুনা টিভি এমন কোনো ফটোকার্ড প্রচার করেনি। গণমাধ্যমটির অফিসিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইটে এ সম্পর্কিত কোনো ফটোকার্ড বা প্রতিবেদন প্রকাশিত হয়নি।
১২ ফেব্রুয়ারি, ২০২৬ | ১০:১৫
হান্নান মাসউদের ছোট ভাই নিহত হওয়ার দাবিটি সঠিক নয়
ফেসবুকে একটি পোস্টে দাবি করা হয়েছে এনসিপি নেতা এবং নোয়াখালী-৬ এর সংসদ সদস্য প্রার্থী হান্নান মাসউদের ছোট ভাই নিহত হয়েছেন। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখে যায় দাবিটি সত্য নয়।
হাতিয়া থানার এসআই মুকুল আহমদের সাথে যোগাযোগ করলে তিনি ডিসমিসল্যাবকে জানান হাতিয়ায় এখনো পর্যন্ত কোনো নিহতের ঘটনা ঘটেনি। অধিকতর নিশ্চিত হতে বিডিনিউজ টুয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি আবু নাসের মঞ্জুর সঙ্গে যোগাযোগ করে ডিসমিসল্যাব। তিনিও জানান যে, এই দাবিটি ভুয়া।
১২ ফেব্রুয়ারি, ২০২৬ | ০৯:৪৭
এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি যুগান্তর
ফেসবুকে সংবাদমাধ্যম যুগান্তরের লোগোযুক্ত একটি ফটোকার্ডে দাবি করা হচ্ছে, ঢাকা-১৭ আসনে তারেক রহমানের বিশেষ সহকারীকে জাল ভোটের বাক্সসহ আটক করেছে পুলিশ। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, এমন কোনো ফটোকার্ড যুগান্তর প্রকাশ করেনি।
সংবাদমাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে প্রচারিত দাবি সম্পর্কিত কোনো ফটোকার্ড বা প্রতিবেদন প্রকাশিত হতে দেখা যায়নি। বিস্তারিত যাচাইয়ে প্রচারিত ফটোকার্ডে ব্যবহৃত ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা যায় একই ছবি ব্যবহার করে ভিন্ন শিরোনামে আজ (১২ফেব্রুয়ারি) যুগান্তরের ফেসবুক পেজে একটি ফটোকার্ড প্রকাশিত হয়েছে। কার্ডের শিরোনাম ছিল, “আশুলিয়ায় ভোট কেন্দ্র দখ/লচেষ্টার অভিযোগ, বিএনপির ১৩ নেতাকর্মী আট/ক”।
এছাড়া, তারেক রহমানের বিশেষ সহকারী জাল ভোটের ব্যালট বাক্সসহ আটকের বিষয়েও কোনো সংবাদ প্রতিবেদন খুঁজে পায়নি ডিসমিসল্যাব।
১২ ফেব্রুয়ারি, ২০২৬ | ০৯:১৫
বিএনপির নির্বাচন বর্জনের সিদ্ধান্ত দাবিতে যমুনা টিভির ভুয়া ফটোকার্ড প্রচার
ফেসবুকে যমুনা টিভির লোগো ব্যবহার করে একটি ভুয়া ফটোকার্ড ছড়ানো হয়েছে, যেখানে দাবি করা হয়েছে বিএনপি নির্বাচন বর্জনের বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। ডিসমিসল্যাবের যাচাইয়ে দেখা গেছে, যমুনা টিভি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি এবং তাদের অফিসিয়াল পেজ বা ওয়েবসাইটেও এ সংক্রান্ত কিছু নেই। বরং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট দেওয়ার পর বক্তব্য দিতে একাধিক সংবাদমাধ্যমে দেখা গেছে।
মধ্যরাতে চকরিয়া প্রাথমিক বিদ্যালয়ে ভোট চুরি চলছে দাবিতে একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফ্যাক্টচেকে দেখা যায়, মূল ভিডিওটি অন্তত দুই বছরের পুরোনো।
১২ ফেব্রুয়ারি, ২০২৬ | ০২:৫২
জামালপুর-৩ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনসারী নির্বাচন থেকে সরে দাঁড়াননি
জামালপুর-৩ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনসারী অসুস্থতার কারণে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন দাবিতে একাধিক পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, তার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর দাবিটি ভুয়া।
প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চে “ঘোষেরপাড়া ইউনিয়নের চিত্র” নামের একটি ফেসবুকে প্রোফাইলে পোস্ট হওয়া সংবাদ সম্মেলনের ভিডিও খুঁজে পাওয়া যায়। জামালপুর জেলার ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজিত ওই সংবাদ সম্মেলনে জানানো হয়, শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি থাকলেও জামালপুর-৩ আসনের প্রার্থী দৌলতুজ্জামান আনসারী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর তথ্যটি গুজব।
বগুড়ায় বিএনপি ভোটকেন্দ্র দখলের চেষ্টা করছে—এমন দাবিতে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়াতে দেখা গেছে। তবে যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটি বগুড়া-৬ (সদর) আসনের ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে যৌথবাহিনীর অভিযানের দৃশ্য। ভিডিওটিতে চ্যানেল টেনের লোগো দেখা যায়। তবে চ্যানেল টেনের মূল প্রতিবেদনে বিএনপির কর্মীদের কেন্দ্র দখলের কোনো উল্লেখ নেই। বরং তাদের ওয়েবসাইটে “ভোটকেন্দ্রে ‘অবৈধ অনুপ্রবেশ’ অভিযোগে বগুড়ায় জামায়াত নেতা আটক” শিরোনামে একটি প্রতিবেদন পাওয়া যায়।
একই ঘটনার ভিডিও দেশ টিভির সংবাদ প্রতিবেদনেও দেখা যায়। সেখানে বলা হয়, “বগুড়ায় ভোটকেন্দ্রে অনুপ্রবেশের অভিযোগে জামায়াত নেতাসহ আটক ২, মুচলেকা দিয়ে মুক্তি”। এছাড়া, সময় টিভির প্রতিবেদন অনুযায়ী, বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার জানান, বুধবার রাতে জামায়াত নেতা নাসিরুলের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন নেতাকর্মী ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রবেশ করেন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে নাসিরুলকে আটক করা হয়।
১২ ফেব্রুয়ারি, ২০২৬ | ০১:৩৮
জামায়াতের সঙ্গে নাহিদ ইসলামের জোট ছাড়ার ঘোষণার দাবিতে যুগান্তরের ভুয়া ফটোকার্ড প্রচার
ফেসবুকে সংবাদমাধ্যম যুগান্তরের লোগোযুক্ত একটি ফটোকার্ড ছড়িয়ে দাবি করা হয়, জামায়াতের কোনো অপরাধের দায় নেবে না এনসিপি, জোট ছাড়ার ঘোষণা দিয়েছেন নাহিদ ইসলাম। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, ফটোকার্ডটি ভুয়া। যুগান্তরের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে এই বিষয়ে কোনো ফটোকার্ড বা প্রতিবেদন প্রকাশ করা হয়নি।
১২ ফেব্রুয়ারি, ২০২৬ | ০১:১৯
নোয়াখালী- ১ আসনের প্রার্থী জহিরুল ইসলামের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর দাবিটি ভুয়া
নোয়াখালী -১ আসনের হাতপাখা মার্কার প্রার্থী জহিরুল ইসলাম তার বড় ভাইয়ের পরামর্শে দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন দাবিতে কিছু পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, মো. জহিরুল ইসলামের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর দাবিটি ভুয়া।
সত্যতা যাচাইয়ে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট পাওয়া যায়। গতকাল( ১১ ফেব্রুয়ারী) ১১ টা ৩৪ মিনিটে পোস্ট করা সেই স্ট্যাটাসে তিনি লেখেন, “গুপ্ত বাহিনীর অপপ্রচার রুখে দিন! আগামীকাল সারাদিন হাত পাখা মার্কায় ভোট দিন।” অর্থাৎ জহিরুল ইসলাম নির্বাচন থেকে সরে দাঁড়াননি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল পদ থেকে সরে মিয়া গোলাম পরওয়ার ধানের শীষের জন্য ভোট চাইছেন দাবিতে একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, ভিডিওটি অন্তত সাত বছর আগের। প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ দিয়ে মিডিয়া চ্যানেল নামের একটি ইউটিউব চ্যানেলে ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ভিডিওটির টাইটেলে লেখা “খুলনা ৫ আসনে জনসাধারণের উদ্দেশে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের বক্তব্য”। প্রসঙ্গত, একাদশ জাতীয় নির্বাচনে তিনি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট থেকে নির্বাচনে অংশ নেন। এটি সে সময়কার ভিডিও।
১২ ফেব্রুয়ারি, ২০২৬ | ০০:২০
নির্বাচন থেকে বরগুনা-২ আসনের জামায়াত প্রার্থীর সরে যাওয়ার দাবিটি ভুয়া
ফেসবুকে সম্প্রতি দৈনিক যুগান্তর ও দৈনিক আমার দেশ পত্রিকার লোগোযুক্ত দুইটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। উভয় ফটোকার্ডে দাবি করা হচ্ছে, বরগুনা-২ আসনের জামায়াত প্রার্থী সুলতান আহমেদ তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তবে ডিসমিসল্যাবের যাচাইয়ে দেখা যায়, ছড়িয়ে পড়া দাবি এবং প্রচারিত গণমাধ্যমের কার্ড দুইটি ভুয়া।
আমার দেশ পত্রিকা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে নিশ্চিত করেছে, আমার দেশের নামে ভুয়া ফটোকার্ড দিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। দৈনিক যুগান্তরের অফিসিয়াল পেজেও এমন কোনো কার্ড পাওয়া যায়নি। এছাড়া জামায়াত প্রার্থী সুলতান আহমেদ তার নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহৃত ফেসবুক পেজেও প্রার্থিতা প্রত্যাহারের কোনো উল্লেখ নেই। বরং আজ ফেসবুক পেজে একাধিক লাইভ পোস্টে তিনি ভোট দেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে গুজব থেকে বিরত থাকার পরামর্শও দেন।
১২ ফেব্রুয়ারি, ২০২৬ | ০০:০৩
নোয়াখালী-২ আসনে প্রার্থী কাজী মোহাম্মদ মফিজুর রহমানের সরে দাঁড়ানোর দাবি ভুয়া
নোয়াখালী-২ আসনের সেনবাগ–সোনাইমুড়ী অংশের স্বতন্ত্র প্রার্থী কাজী মোহাম্মদ মফিজুর রহমান নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন— এমন দাবিতে সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়ে। তবে ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে লাইভে এসে তিনি জানিয়েছেন, নির্বাচন থেকে সরে দাঁড়াননি। একইসঙ্গে এ ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বানও জানান তিনি।
১১ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৩:৪২
নারায়ণগঞ্জ-২ আসনের প্রার্থী আতাউর রহমান আঙ্গুর সরে দাঁড়াননি, ভিডিওটি এআই দিয়ে তৈরি
নারায়ণগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান খান আঙ্গুর ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম আজাদকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন—এমন দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওটি এআই দিয়ে তৈরি। গুগল জেমিনির এআই শনাক্তকরণ টুল সিন্থআইডি অনুযায়ী ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে সম্পাদনা বা তৈরি করা হয়েছে। এছাড়াও প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ দিয়ে ফেসবুকে আতাউর রহমান খান আঙ্গুরের একাধিক ভিডিও পাওয়া যায়, যেখানে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর তথ্যটি গুজব বলে নিশ্চিত করেছেন।
দাবি করা হচ্ছে, চট্টগ্রাম-৮ আসনের শাপলা কলি মার্কার এনসিপি প্রার্থী আরিফ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী ডা. আবু নাসেরকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। কিন্তু এই দাবি সঠিক নয়; আরিফ নিজেই এক সংবাদ সম্মেলনে বলেছেন যে তিনি প্রার্থীতা প্রত্যাহার করেননি, কাউকে সমর্থন দেননি এবং নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় বহাল আছেন।
১১ ফেব্রুয়ারি, ২০২৬ | ২১:১৯
ভারতকে নির্বাচন পর্যবেক্ষক দেশ হিসেবে নিষিদ্ধ করেনি বাংলাদেশ, জানিয়েছিল আমন্ত্রণ
এক্সের একটি পোস্টে দাবি করা হচ্ছে, নির্বাচন পর্যবেক্ষক হিসেবে ভারতকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ। তবে ফ্যাক্টচেকে দেখা যায়, সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য ভারতসহ ২৬টি দেশের প্রতিনিধিকে আমন্ত্রণ জানায় নির্বাচন কমিশন। তবে আমন্ত্রণ গ্রহণকারী ১৬টি দেশের তালিকায় ভারত ছিল না।
১১ ফেব্রুয়ারি, ২০২৬ | ২১:০২
গোপালগঞ্জে নির্বাচন বর্জনের দাবিতে ছড়াচ্ছে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও
নির্বাচন বর্জন করতে গোপালগঞ্জে মানুষ রাস্তায় নেমে এসেছে – এমন দাবিতে একটি ভিডিও ফেসবুকে ছড়াচ্ছে। তবে ফ্যাক্টচেকে দেখা যায়, ভিডিওটি সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ করার ছয় মাস পুরোনো দৃশ্যের।
১১ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৮:৩০
ফরিদপুরে সেনাবাহিনীর অস্ত্র উদ্ধারের দাবিতে ছড়ানো ছবিটি এআই দিয়ে বানানো
ফরিদপুরে সেনাবাহিনীর অস্ত্র উদ্ধারের দাবিতে একটি ছবি পোস্ট হতে দেখা যায় ফেসবুকে। যাচাইয়ে দেখা যায়, গত ৭ ফেব্রুয়ারি ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে একটি পুকুর থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটে। তবে এই ছবিটি এআই দিয়ে বানানো।
১১ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৭:৫৮
নোয়াখালীর বেগমগঞ্জে ভোট কেন্দ্র দখলের দাবিতে ছড়ানো হয়েছে যৌথ মহড়ার ভিডিও
নোয়াখালীতে ভোটকেন্দ্র দখলের দাবিতে একটি ভিডিও ছড়াতে দেখা গেছে ফেসবুকে। ফ্যাক্টচেকে দেখা যায়, মূল ঘটনাটি নোয়াখালীর বেগমগঞ্জে নির্বাচনী নিরাপত্তায় যৌথবাহিনীর মহড়ার দৃশ্য।
শিবির নেতার বাসা থেকে অস্ত্র উদ্ধারের দাবিতে একটি ছবি ছড়াতে দেখা গেছে ফেসবুকে। ফ্যাক্টচেকে দেখা যায়, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফিরোজের বাড়িতে অভিযান চালিয়ে একটি দেশীয় অস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও দুইটি হাতবোমা উদ্ধার করে বাংলাদেশ সেনাবাহিনী। এটি সেই ঘটনার ছবি।
ফেসবুকে গত ১০ ফেব্রুয়ারি বিএনপি-জামায়েতের সংঘর্ষে রাজধানীতে বাস পুড়িয়ে ফেলা হয়েছে দাবি করে একটি ভিডিও পোস্ট করা হয়। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, মূল ভিডিওটি ২০২৫ সালের ১৫ নভেম্বর রাতে গাজীপুরে একটি চলন্ত বাসে আগুন লাগার একটি দৃশ্য।
ফেনীর দাগনভূঞায় জামায়াত নেতা মাস্টার আবদুর রহিমের বাড়িতে চালানো অভিযানে ব্যালট পেপার উদ্ধার এবং তাকে গ্রেপ্তারের দাবি ছড়িয়ে পড়ছে একাধিক সামাজিক মাধ্যমে। তবে ফ্যাক্টচেকে দেখা যায়, ব্যালট পেপার উদ্ধার কিংবা তাকে গ্রেপ্তারের কোন ঘটনা ঘটেনি। সংবাদমাধ্যমের প্রতিবেদনে পুলিশের বরাতে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে জামায়াত নেতার বাড়িতে অভিযান পরিচালনা করা হলেও, সেই অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি।
এমন কোনো ফটোকার্ড যমুনা টিভির অফিশিয়াল ফেসবুক পেজ প্রকাশ করেনি। সংবাদমাধ্যমটির সাথে যোগাযোগ করলে যমুনা টিভির নিউ মিডিয়া বিভাগের সম্পাদক রুবেল মাহমুদ নিশ্চিত করেছেন, এ ধরনের কোনো ফটোকার্ড বা প্রতিবেদন তারা প্রকাশ করেননি।
আওয়ামী লীগ রাজপথে নেমে গেছে দাবিতে সম্প্রতি ছড়াতে দেখা যাচ্ছে পুরোনো ভিডিও। যাচাইয়ে দেখা যায়, এটি ছিল ২০২৪ সালের ৪ আগস্ট, আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ছাত্রজনতার সংঘর্ষের ঘটনা।
নির্বাচনের সময় ইন্টারনেট বন্ধ থাকবে বা বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনা ঘটছে— এমন দাবি কীভাবে ছড়াতে দেখা যাচ্ছে? দেখুন ডিসমিসল্যাব–যমুনা টিভির সিচুয়েশন রুমের এই আপডেটে।
গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ আসনের প্রার্থী নুরুল হক নুর গুলিবিদ্ধ হয়েছেন দাবিতে একাধিক পোস্ট ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে যাচাইয়ের জন্য ডিসমিসল্যাব যোগাযোগ করে গণঅধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফের সঙ্গে। তিনি ডিসমিসল্যাবকে নিশ্চিত করেন, নুরুল হক নুর গুলিবিদ্ধ হননি, তার দলীয় কার্যালয়ে হামলা হলেও তার ওপর কোনো হামলা হয়নি।
যমুনা টিভির লোগোযুক্ত একটি ফটোকার্ড ছড়িয়ে দাবি করা হয়েছে, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদের বাসা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও লাঠি উদ্ধার করা হয়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, দাবিটি ভুয়া।
ফেসবুকে একটি ভিডিও ছড়িয়েছে। দাবি করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিরুদ্ধে প্রতিবন্ধী ও নিম্নবিত্তদের সঙ্গে ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। তবে ডিসমিসল্যাবের যাচাইয়ে দেখা যায়, যে ফ্যামিলি কার্ড নিয়ে অভিযোগ উঠেছে, তা বিএনপির নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড নয়। এটি বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার (বেসওয়া) নামের একটি বেসরকারি স্বেচ্ছাসেবক সংস্থার “সমাজ সেবা” নামের একটি ফ্যামিলি কার্ড।
ফেসবুকে দৈনিক সমকালের লোগোযুক্ত একটি ফটোকার্ড ছড়াতে দেখা গেছে। সেখানে বলা হচ্ছে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাকর্মীদের ১২ তারিখ নির্বাচন পর্যন্ত সহিংসতা বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন। এবং সুশাসনের জন্য নাগরিক এ ব্যাপারে নিন্দা জানিয়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, এমন কোনো ফটোকার্ড সমকাল প্রকাশ করেনি।
১১ ফেব্রুয়ারি, ২০২৬ | ১১:৩০
ভোররাতে যশোরের সীমাখালী বাজার এলাকায় বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর করার দাবিতে একটি ভিডিও ছড়াচ্ছে ফেসবুকে। তবে ফ্যাক্টচেকে দেখা যায়, ভিডিওটি একাধিক পুরোনো ভিডিও থেকে খণ্ডিত অংশ নিয়ে সম্পাদনা করে বানানো হয়েছে।
ফেসবুকে এখন টিভির লোগো যুক্ত একটি ফটোকার্ড ছড়িয়েছে যেখানে জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লার উপস্থিতি দেখা যায়। সেখানে জামায়াতকে কেন্দ্র করে দাবি করা হয়েছে, বাংলাদেশে আমেরিকার এজেন্ডা বানিয়ে ৪ হাজার কোটি টাকার চুক্তি করা হয়েছে। তবে ফ্যাক্টচেকে দেখা যায়, এমন কোনো ফটোকার্ড এখন টিভি প্রকাশ করেনি।
১০ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৬:৩০
ইসলামী বক্তা মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম নিজেকে ১৯৭১ সালে স্বাধীনতার আসল ঘোষক দাবি করেননি
নিজেকে স্বাধীনতার আসল ঘোষক দাবি করেছেন— ইসলামী বক্তা মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিমের এক বক্তব্যের বরাতে এরকম একটি দাবি ছড়িয়ে পড়েছে একাধিক গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে।
তবে ফ্যাক্টচেকে দেখা যায়, মূল বক্তব্যে তিনি ২০২১ সালের কথা বলেছিলেন, ১৯৭১ সাল নয়। আড়াই মাস পুরোনো এক ভিডিওতে ভারত প্রসঙ্গে আলোচনায় তাকে এ বক্তব্য দিতে দেখা যায়।
১০ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৫:৩০
যৌথবাহিনীর নির্বাচনী মহড়ার ভিডিও ছড়াচ্ছে বিএনপির সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষের দাবিতে
১০ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৪:৩০
নির্বাচনের দিন ও আগের দিন ইন্টারনেট সেবা বন্ধ থাকবে দাবিটি সত্য নয়
“নির্বাচনের দিন ও আগের দিন ইন্টারনেট সেবা বন্ধ থাকবে।”- ক্যাপশনে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে নির্বাচনের দুই দিন দিন ইন্টারনেট বন্ধ থাকবে।
ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, এটি ২০২৩ সালে সাবমেরিন ক্যাবল আপগ্রেডেশন কাজের জন্য দুই দিন ২০ ঘণ্টা ইন্টারনেট সংযোগ আংশিক বিচ্ছিন্ন থাকার একটি সংবাদ প্রতিবেদনের ভিডিও। এটির সঙ্গে আসন্ন নির্বাচনের কোনো সম্পর্ক নেই।
“বর্তমানের অবৈধ সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না”- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন একটি বক্তব্যে ফেসবুকে প্রচার করে দাবি করা হচ্ছে, দলটি নির্বাচন বর্জন করেছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, ভিডিওটি ২০২২ সালের ১০মে যমুনা টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি পুরোনো ভিডিও প্রতিবেদন।