
বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে গোপালগঞ্জে সড়ক অবরুদ্ধ করা হয়েছে দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, প্রচারিত ভিডিওটি গোপালগঞ্জে একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল না পেয়ে মোটরসাইকেল চালকদের গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধের দৃশ্য। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, গত ৯ এপ্রিল গোপালগঞ্জ পৌরসভার মান্দরতলা এলাকায় নিগি ফিলিং স্টেশনে জ্বালানি তেল না পেয়ে মোটরসাইকেল চালকরা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন।
ফেসবুকে “তাজপুর ইউনিয়ন আওয়ামীলীগ” নামের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে গত ১১ এপ্রিল ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “বাংলাদেশ আওয়ামী লীগ কে নিষিদ্ধ করার প্রতিবাদে গোপালগঞ্জে সড়ক অবরুদ্ধ,, অবিলম্বে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি। পরে প্রশাসন এসে সড়ক যোগাযোগ ব্যবস্থা সচল করে, কাউকে গ্রেফতার করা হয়নি। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।”

ছড়িয়ে পড়া ৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, দুজন ব্যক্তি গাছের গুঁড়ি ঠেলে সামনে নিয়ে যাচ্ছেন; তাদের পেছনে একাধিক পুলিশ সদস্য দাঁড়ানো। ভিডিওর ৩ সেকেন্ডে সড়কে বাসের সামনে বেশ কয়েকজন ব্যক্তিকে গাছের গুঁড়ি সহকারে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ৪ থেকে ৬ সেকেন্ডে একটি হলুদ রঙের ট্রাক চলতে দেখা যায়। এছাড়া ভিডিওটির বাম পাশে উপরে ডিবিসি নিউজের লোগো দেখা যায়। ফেসবুকের একাধিক (১, ২) ব্যক্তিগত প্রোফাইল থেকে একই দাবিতে ভিডিওটি পোস্ট করা হয়।
ঘটনাটির সত্যতা যাচাইয়ে ভিডিওর কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ইউটিউবে গত ৯ এপ্রিলে প্রকাশিত ডিবিসি নিউজের একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। শিরোনামে লেখা, “গোপালগঞ্জে পাম্পে তেল না পেয়ে গাছ ফেলে মহাসড়ক অবরোধ।” ৩ মিনিট ৩৫ সেকেন্ডের ভিডিওটির প্রথম ৭ সেকেন্ডের সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর হুবহু মিল রয়েছে।
অধিকতর যাচাইয়ে দেখা যায়, বেশ কিছু (১, ২, ৩, ৪) সংবাদমাধ্যম ঘটনাটি নিয়ে ভিডিও প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনগুলোতে ছড়িয়ে পড়া ভিডিওর একাধিক দৃশ্যের সাদৃশ্যতা লক্ষ্য করা যায়।

এছাড়াও, একাধিক (১, ২, ৩, ৪) সংবাদ প্রতিবেদনে সড়ক অবরোধের প্রকৃত বিষয়টি তুলে ধরা হয়। গত ৯ এপ্রিলে প্রকাশিত প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, “গোপালগঞ্জে একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল না পেয়ে ক্ষুব্ধ মোটরসাইকেল চালকেরা গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করেছেন। এতে ঢাকা-খুলনা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ পৌরসভার মান্দরতলা এলাকায় নিগি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।”
অর্থাৎ, আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রতিবাদে সড়ক অবরোধের ভুয়া দাবিতে ছড়াচ্ছে তেল না পেয়ে মোটরসাইকেল চালকদের মহাসড়ক অবরোধের দৃশ্য।
প্রসঙ্গত, গত বছরের ১২ মে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। আর গত ৮ এপ্রিল ওই প্রজ্ঞাপনকে আইনে রূপ দিতে জাতীয় সংসদে বিল পাস হয়। ফলে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর ওপর নিষেধাজ্ঞা বহাল থাকল।