
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কে জড়িয়ে “আমার দেশ” সংবাদমাধ্যমের নামে একাধিক ভুয়া ফটোকার্ড প্রচার করা হচ্ছে। একটি ফটোকার্ডে দাবি করা হয়েছে ছাত্রজনতার কার্যক্রম ঠেকাতে এবার আওয়ামী যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীদের টানছে বিএনপি, ২১ ফেব্রুয়ারী শহীদ মিনারে প্রকাশ্যে যুবলীগের ৩ খুনি। আরেকটি ফটোকার্ডে বলা হয়েছে ভারতের কৌশলে ক্ষমতায় তারেক, দেশে ফিরতে পারেন হাসিনা কন্যা। ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, দুটি ফটোকার্ডই ভুয়া।
ছাত্রজনতার কার্যক্রম ঠেকাতে বিএনপি এবার আওয়ামী যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীদের দলে নিচ্ছে। ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে প্রকাশ্যে দেখা গেল যুবলীগের তিন খুনিকে। এমন বার্তা দিয়ে আমার দেশ পত্রিকার লোগোযুক্ত একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়েছে। তবে ফ্যাক্টচেকে দেখা যায়, এমন কোনো ফটোকার্ড আমার দেশ প্রকাশ করেনি।

ফেসবুকে একটি গ্রুপ থেকে গত ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছে তিনজন যুবকের ছবি সম্বলিত ফটোকার্ডটি ছড়িয়ে পড়ে। ক্যাপশনে লেখা, “ছাত্রজনতা এবং জামায়াতকে প্রতিহত করতে যুবলীগের চিহ্নিত সব অস্ত্রধারী পলাতক সন্ত্রাসী দলে নিচ্ছে বিএনপি।”
ফটোকার্ডের ভেতরে লেখা, “ছাত্রজনতার কার্যক্রম ঠেকাতে এবার আওয়ামী যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীদের টানছে বিএনপি ২১ ফেব্রুয়ারী শহীদ মিনারে প্রকাশ্যে যুবলীগের ৩ খুনি” (বানান অপরিবর্তিত)।
কার্ডের উপরে আমার দেশ পত্রিকার লোগো দেওয়া। এছাড়া কার্ডের নিচে বামপাশে সংবাদমাধ্যমটির ওয়েবসাইটের ঠিকানা দেওয়া। অন্য পাশে তারিখ হিসেবে “২১ ফেব্রুয়ারি ২০২৬” লেখা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফটোকার্ডটি ১২৩ বার শেয়ার করা হয়েছে, প্রতিক্রিয়া দেখানো হয়েছে ১৯০টি। ব্যবহারকারীরা মন্তব্য করেছেন ১১টি।
ব্যবহারকারীদের মধ্যে একজন মন্তব্যে লেখেন, “বিএনপি খাল কেটে কুমির আনছে এর খেসারত বিএনপিকে দিতে হবে।” আরেকজন লেখেন, “বি এন পি ভুল পথে হাঁটছে” (বানান অপরিবর্তিত)।
ফটোকার্ডের সত্যতা যাচাই করতে ডিসমিসল্যাব ‘আমার দেশ পত্রিকা’র অফিসিয়াল ফেসবুক পেজের ২১ ফেব্রুয়ারির সব পোস্ট ও ফটোকার্ড পর্যবেক্ষণ করেছে। কিন্তু সেখানে এ ধরনের কোনো ফটোকার্ড বা সংশ্লিষ্ট কোনো প্রতিবেদন পাওয়া যায়নি। এছাড়াও পত্রিকাটির অফিসিয়াল ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও এ বিষয়ে কোনো প্রতিবেদন বা তথ্য প্রকাশিত হয়নি।
এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমার দেশ পত্রিকার সাথে যোগাযোগ করে ডিসমিসল্যাব। আমার দেশের সহযোগী সম্পাদক আলফাজ আনাম জানিয়েছেন, প্রচারিত ফটোকার্ডটি আমার দেশ পত্রিকার নয়।
অর্থাৎ, আমার দেশ পত্রিকার নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া।
ভারতের কৌশলে ক্ষমতায় এসেছেন তারেক রহমান, দেশে ফিরতে পারেন হাসিনা কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। ফেসবুকে ছড়ানো আমার দেশ পত্রিকার লোগোযুক্ত একটি ফটোকার্ডে এমন একটি বার্তা দেওয়া হয়েছে। তবে ফ্যাক্টচেকে দেখা যায়, এমন কোনো ফটোকার্ড আমার দেশ প্রকাশ করেনি।

ফেসবুকে একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে গত ২১ ফেব্রুয়ারি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এবং ভারতের গোয়েন্দা ব্যুরো (আইবি) এর লোগোযুক্ত ফটোকার্ডটি ছড়িয়ে পড়ে। আমার দেশ পত্রিকার অনুকরণে বানানো সেই ফটোকার্ডের ভেতরে লেখা “ভারতের কৌশলে ক্ষমতায় তারেক দেশে ফিরতে পারেন হাসিনা কন্যা” (বানান অপরিবর্তিত)। ফটোকার্ডের ক্যাপশনে লেখা, “ভারতের মধ্যস্থতায় দেশে ফিরতে পারে হাসিনা কন্যা, চাপে তারেক রহমান।”
প্রতিবেদন লেখা পর্যন্ত ফটোকার্ডটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন ১৩জন ব্যবহারকারী। মন্তব্য করেছেন ৩জন ব্যবহারকারী। এছাড়াও ফেসবুকের একাধিক ব্যক্তিগত প্রোফাইল (১, ২) এবং গ্রুপ থেকেও ফটোকার্ডটি ছড়ানো হয়েছে।
একজন ব্যবহারকারী মন্তব্যে লেখেন, “ইহাকে মোদির দালাল সরকার। আগেও ছিল আর এখন নতুন মোড়কে ঘাতক প্রস্তুত। 👹👺👹” (বানান অপরিবর্তিত)।
কার্ডের উপরে আমার দেশ পত্রিকার লোগো দেওয়া। এছাড়া নিচের একপাশে পত্রিকার ওয়েবসাইটের ঠিকানা এবং অপরপাশে “২১ ফেব্রুয়ারি ২০২৬” তারিখ দেওয়া।
ফটোকার্ডের সত্যতা নিশ্চিত করতে আমার দেশ পত্রিকার অফিসিয়াল ফেসবুক পেজের ২১ ফেব্রুয়ারির ফটোকার্ড ও পোস্টগুলো যাচাই করে দেখে ডিসমিসল্যাব। তবে এ ধরনের কোনো ফটোকার্ড বা খবর সংবাদমাধ্যমটির অফিসিয়াল ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়নি। এমনকি সংবাদমাধ্যমটির ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও এ সংক্রান্ত কোনো সংবাদ নেই।
বিস্তারিত জানতে ডিসমিসল্যাব যোগাযোগ করলে আমার দেশের সহযোগী সম্পাদক আলফাজ আনাম জানিয়েছেন, এমন কোনো ফটোকার্ড আমার দেশ প্রকাশ করেনি।
অর্থাৎ, আমার দেশের নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া। সংবাদ মাধ্যমটি ভারতের কৌশলে ক্ষমতায় এসেছেন তারেক রহমান, হাসিনা কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের দেশে প্রত্যাবর্তন সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করে নি।