
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়ে তেল আবিবের বেন গুয়ন বিমানবন্দরে বিশৃঙ্খলা ও অস্থিরতা দেখা যাচ্ছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, ভিডিওটি ২০২৫ সালের ১৯ জুলাই জেরুজালেমের একটি সিনেমা হলে বিক্ষোভ চলাকালীন সময়ের দৃশ্য।
ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে আজ ১২ মার্চ একটি ভিডিও পোস্ট করা হয়। ক্যাপশনে বলা হয়, “ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়ে অনলাইনে প্রচারিত একটি ভিডিওতে তেল আবিবের বেন গুরিওন বিমানবন্দরে বিশৃঙ্খলা ও অস্থিরতা দেখা যাচ্ছে” (বানান অপরিবর্তিত)। এ প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত, ভিডিওটি ১৯ হাজারের বেশি দেখা হয়েছে। ২৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে বিক্ষোভকারীরা কাউন্টারের এক পাশ থেকে কাগজসহ বিভিন্ন বস্তু অন্য দিকে ছুঁড়ছেন, আবার কাউন্টারের ওদিকে থাকা সিনেমা হলের কর্মীরা সে বস্তগুলোই বিক্ষোভকারীদের দিকে ফেরত পাঠাচ্ছেন।

সত্যতা যাচাইয়ে বিভিন্ন কিফ্রেম ধরে রিভার্স ইমেজ সার্চ করলে, ডিসমিসল্যাবের সামনে টাইমস অব ইন্ডিয়ার ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ২০ জুলাইতে প্রকাশিত একটি ভিডিও আসে। ভিডিওটির শিরোনাম ছিল, “ক্যামেরায়: জেরুজালেমে দাঙ্গা ছড়িয়ে পড়েছে; ইসরায়েলি ইহুদিরা সিনেমা হলে ভাঙচুর করেছে এবং ‘আরবদের মৃত্যু চাই’ বলে স্লোগান দিচ্ছে।”

বিস্তারিত বিবরণে লেখা, “১৯ জুলাই জেরুজালেমের ‘সিনেমা সিটি’ থিয়েটারের ভেতরে আরব-বিরোধী দাঙ্গা ছড়িয়ে পড়ে। ভিডিও ফুটেজে দেখা গেছে, একদল ইহুদি যুবক থিয়েটারটিতে ভাঙচুর চালাচ্ছে এবং ‘আরবদের মৃত্যু চাই’ স্লোগানের দিয়ে কর্মরত আরব কর্মীদের সাথে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। ‘দ্য টাইমস অব ইসরায়েল’ প্রতিবেদনে জানিয়েছে, এ ঘটনার প্রেক্ষিতে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখুন।” ৩ মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিওটির ১৩ থেকে ১৬ সেকেন্ড, এবং ৫৬ সেকেন্ড থেকে ১ মিনিট ৩৪ সেকেন্ডের সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর হুবহু মিল রয়েছে।
অধিকতর যাচাইয়ে একাধিক (১, ২, ৩) আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন সামনে আসে। এ প্রতিবেদনগুলোতেও ছড়িয়ে পড়া ভিডিওটি দেখা যায়। টাইমস অব ইসরায়েল এর ২০২৫ সালের ২০ জুলাইয়ে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, “গত রাতে একটি আরব-বিরোধী দাঙ্গা সংঘটিত হয়েছে, যেখানে একদল ইহুদি যুবককে জেরুজালেমের একটি সিনেমা হলে ভাঙচুর চালাতে দেখা গেছে। ভিডিও ফুটেজে দেখা যায়, তারা ‘আরবদের মৃত্যু চাই’ স্লোগান দিচ্ছে এবং কনসেশন স্ট্যান্ড কাউন্টারের পেছনে থাকা কর্মীদের লক্ষ্য করে বিভিন্ন বস্তু ছুঁড়ে মারছে।”

প্রতিবেদনে আরও বলা হয়, “ভিডিও ফুটেজে দেখা যায়, একদল যুবক জেরুজালেমের ‘সিনেমা সিটি’ থিয়েটারে কর্মরত আরব কর্মীদের লক্ষ্য করে ফ্লোর সাইন (মেঝেতে রাখা সতর্কবার্তা বোর্ড), ডিসপোজেবল কাপ এবং একটি মোটরসাইকেল হেলমেট সদৃশ বস্তু ছুড়ে মারছে।”
অর্থাৎ, বেন গুয়ন বিমানবন্দরে বিশৃঙ্খলার দাবিতে ছড়াচ্ছে জেরুজালেমের সিনেমা হলের পুরোনো ভিডিও।
উল্লেখ্য, ইরান-ইসরায়েলের চলমান সংঘাতকে জড়িয়ে বেন গুয়ন বিমানবন্দর নিয়ে এর আগেও ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে ডিসমিসল্যাব।