
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর মিথ্যা এবং নিজেই ভিডিও বার্তায় বলেছেন যে তিনি বেঁচে আছেন— এ দাবিতে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যম ফেসবুকে। তবে ফ্যাক্টচেকে দেখা যায়, ভিডিওটি পুরোনো ও ভিন্ন ঘটনার।
যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম বলে দাবি করা দ্য ফ্রন্টলাইন বিডি নামে এক ফেসবুক পেজ থেকে আয়াতুল্লাহ আলী খামেনির একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে আলী খামেনিকে দাঁড়িয়ে মাইক্রোফোন হাতে কথা বলতে দেখা যায়। ক্যাপশনে দাবি করা হয়, “ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিজেই ভিডিও বার্তায় বলেছেন তিনি বেঁচে আছেন এবং মৃত্যুর খবর মিথ্যা’।

এ পর্যন্ত ভিডিওটি শতাধিক বার শেয়ার করা হয়েছে, দেখা হয়েছে ১২ হাজার বার। মন্তব্যে কেউ এই খবরে সন্তুষ্টি প্রকাশ করছেন, কেউ সন্দেহের কথা জানাচ্ছেন। কেউ আবার মনে করছেন ভিডিওটি এআই দিয়ে তৈরি।
কিফ্রেম সার্চে দেখা যায়, ভিডিওটি গত ১৩ ফেব্রুয়ারি একাধিক গণমাধ্যমে (১, ২) প্রকাশিত হয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন (১, ২) থেকে জানা যায়, ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী উপলক্ষে ২২ বাহমানের (১১ ফেব্রুয়ারি) র্যালিতে ইরানি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের পর আলী খামেনি এই টেলিভিশন বার্তা দেন।

উল্লেখ্য, সৌরভিত্তিক হিজরি ক্যালেন্ডারের ১১তম মাস বাহমানের ২২ তারিখ ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের বার্ষিকী পালিত হয়। এ বছর ৪৭তম বার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে ১১ ফেব্রুয়ারি ইরানের জনগণ রাজপথে নেমে আসে। পরদিন (১২ ফেব্রুয়ারি) আলী খামেনি জাতির উদ্দেশ্যে সেই ভাষণ দেন। ভাষণের ঘোষণা এসেছে আয়াতুল্লাহ আলী খামেনির ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকেও।

এই ভিডিওতে আলী খামেনির পোশাকের রং, দাঁড়ানোর ভঙ্গি, ব্যাকগ্রাউন্ড ছড়িয়ে পড়া ভিডিও-এর সঙ্গে পুরোপুরি মিলে যায়। তাঁর বেঁচে থাকার দাবিতে ছড়িয়ে পড়া ২ মিনিট ১০ সেকেন্ডের ভিডিওতে আলী খামেনিকে ফার্সিতে ভাষণ দিতে দেখা যায়।
ভিডিওতে তার কথার বাংলা করলে দাঁড়ায়, “বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ ছাড়া কোনো শক্তি বা সামর্থ্য নেই, যিনি সর্বোচ্চ ও মহান। ইরানের প্রিয় জাতি, গতকাল— এ বছরের ২২শে বাহমান আপনারা দারুণ কিছু অর্জন করেছেন। আপনারা ইরানকে গর্বিত করেছেন। আপনারা বরাবরের মতো ইসলামি প্রজাতন্ত্রকে সমর্থন করেছেন এবং এর শক্তি বৃদ্ধি করেছেন। বক্তব্য আর ষড়যন্ত্রে যে শত্রুরা ইরানি জাতির আত্মসমর্পণের অপেক্ষায় ছিল, তারা হতাশ হয়েছে। গতকাল আপনারা মহান আল্লাহর তৌফিকে এই মহৎ কাজটি করেছেন। সর্বশক্তিমান আল্লাহ এই উপস্থিতি ও এই বিশাল আন্দোলনের প্রতিদান জাতিকে দেবেন। আর ইনশাআল্লাহ সেই প্রতিদান হবে আরও বেশি সম্মান, আরও বেশি কর্তৃত্ব ও আরও পূর্ণাঙ্গ স্বাধীনতা। আমাদের জাতীয় ঐক্য ও সংহতি বজায় রাখার চেষ্টা করা উচিত। চলুন সবাই সে চেষ্টা করি। এই জাতীয় সংহতি অত্যন্ত মূল্যবান ও অত্যন্ত দামি। একটি জাতির সবাই রাস্তায় নেমে এসে একটি অভিন্ন কথা, একটি অভিন্ন স্লোগান ও একটি অভিন্ন আকাঙ্ক্ষার পুনরাবৃত্তি করছে— এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তারা দেখিয়ে দিয়েছে তারা ময়দানে উপস্থিত এবং তারা তাদের শত্রুদের সামনে নিজেদের পরিচয় ও ব্যক্তিত্ব তুলে ধরতে পারে। আমি ইরানের সমগ্র জাতিকে ধন্যবাদ জানাই এবং গতকালের এই বিশাল দেশব্যাপী জাতীয় সমাবেশে উপস্থিত প্রত্যেকের প্রতি আমার আন্তরিক সালাম ও অভিনন্দন জানাই।”
অর্থাৎ, এই ভিডিওতে বেঁচে থাকার দাবি সংক্রান্ত কোনো কথা আলী খামেনি করেননি। ইসলামি বিপ্লবের ৪৭তম বার্ষিকী উদ্যাপনের পর এ নিয়ে আলী খামেনির এই ভাষণ প্রকাশিত হয়েছিল গত ১২ ফেব্রুয়ারির। সেই ভাষণের ভিডিও সম্প্রতি ছড়িয়েছে তার বেঁচে থাকার ভিডিও বার্তা হিসেবে।
প্রসঙ্গত, আজ সকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেছে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা (ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি)।