নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
AI-generated petrol pump fire protest video fact-check: viral Facebook clip falsely shows people setting fire after not getting fuel.

পেট্রোল পাম্পে তেল না পেয়ে আগুন ধরিয়ে দেওয়ার ভিডিওটি এআই-নির্মিত

নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, পেট্রোল পাম্পে তেল না পেয়ে আগুন ধরিয়ে দিয়েছে জনতা। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। 

ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে গত ৬ মার্চ একটি ভিডিও পোস্ট করা হয়। ক্যাপশনে বলা হয়, “পেট্রোল পাম্পে তেল না পেয়ে আগুন ধরিয়ে দিয়ে জনতার উচ্ছ্বাস।” এ প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত, ভিডিওটি ৫৬৮ বার শেয়ার হয়েছে এবং ৫ লাখ ২৫ হাজারের বেশি দেখা হয়েছে। ৬ সেকেন্ডের ভিডিওটিতে একটি পেট্রোল পাম্পে কিছু মানুষকে আগুন দিয়ে বিক্ষোভ করতে দেখা যায়। 

AI-generated petrol pump fire protest video fact-check: viral Facebook clip falsely shows people setting fire after not getting fuel.
ভুয়া দাবিতে ফেসবুকে ছড়ানো পোস্টের স্ক্রিনশট।

ফেসবুকের একাধিক পেজ (, ) ও প্রোফাইল থেকে একই দাবিতে ভিডিওটি পোস্ট করা হয়।

পর্যবেক্ষণে ভিডিওটির বেশ কিছু অসঙ্গতি খুঁজে পাওয়া পায় ডিসমিসল্যাব। ভিডিওর ২ সেকেন্ডে বিক্ষোভকারীদের পাম্পের দিকে কিছু বস্তু ছুঁড়তে দেখা যায়, তবে বস্তুগুলো হঠাৎ অদৃশ্য হয়ে যায়। তৃতীয় সেকেন্ডে একজন ব্যক্তিকে পিছনে ফিরে তাকাতে দেখা যায়, তবে ফেরার সময় তার চুল বদলে মুখ হয়ে যায়। ভিডিওর শেষ সেকেন্ডে একই ব্যক্তিকে আগুনের খুব কাছাকাছি চলে যেতে দেখা যায়। 

AI-generated petrol pump fire protest video fact-check: viral Facebook clip falsely shows people setting fire after not getting fuel.
এআই শনাক্তকারী টুলে ভিডিওটি বিশ্লেষণের যাচাই প্রতিবেদনের স্ক্রিনশট।

আরও বিস্তারিত যাচাইয়ে এআই কনটেন্ট শনাক্তকরণ টুল হাইভ মডারেশন ও সাইট ইঞ্জিন দিয়ে যাচাই করেও দেখা গেছে, ভিডিওটি এআই দিয়ে তৈরির সম্ভাবনা প্রবল। সাইট ইঞ্জিন অনুযায়ী ভিডিওটি ওয়ান এআই জেনারেটর মডেল দিয়ে তৈরির সম্ভাবনা আছে।

অর্থাৎ, পেট্রোল পাম্পে তেল না পেয়ে আগুন ধরিয়ে দেওয়ার ভিডিওটি এআই দ্বারা তৈরি।

প্রসঙ্গত, সংবাদ প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে দেশে জ্বালানি তেলের সংকট হতে পারে- এমন আশঙ্কায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের ফিলিং স্টেশনে জ্বালানি তেল কিনতে ভিড় করছেন গাড়িচালকেরা।

আরো কিছু লেখা