
পহেলা বৈশাখের অনুষ্ঠানকে কেন্দ্র করে রমনা পার্কে আতঙ্কবাদীরা বোমা হামলা করেছে দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, ভিডিওটি বর্ষবরণ ঘিরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর পরিচালিত নিরাপত্তা মহড়ার দৃশ্যের। সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, গত ১২ এপ্রিল রাজধানীর রমনা বটমূলে বাংলা নববর্ষ উপলক্ষ্যে ডিএমপির নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়।
ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে গত ১২ এপ্রিল একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “পহেলা বৈশাখ উপলক্ষে, রমনা পার্কে আতঙ্কবাদীর হামলা, পুলিশের হাতে ধরা,।” ৪০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, পার্কে দুই ব্যক্তি প্রবেশ করেন। একজন নিজের পকেট থেকে বোমা সদৃশ কোনো বস্তু বের করে ছুঁড়ে মারে, যার পরপরই একটি বিস্ফোরণ হয়। ভিডিওর ১০ সেকেন্ডে একাধিক ব্যক্তিকে মোবাইল এবং ক্যামেরা দিয়ে দৃশ্যটি ধারণ করতে দেখা যায়। ১৫ সেকেন্ড থেকে ভিডিওর বাকি অংশে দেখা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই দুজনকে আটক করছে।

ভিডিওটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ইউটিউবে গত ১২ এপ্রিলে একুশে টেলিভিশনের একটি ভিডিও প্রতিবেদন সামনে আসে। ১৪ মিনিট ২৩ সেকেন্ডের ভিডিওটিতে প্রথম ১ মিনিট ৩০ সেকেন্ডের সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর সাদৃশ্য দেখা যায়। দুই ক্ষেত্রেই পার্কের পরিবেশ, আটককৃত ব্যক্তিদের পোশাকে মিল রয়েছে।
একাধিক (১, ২, ৩, ৪) গণমাধ্যম এ বিষয়ে ভিডিও প্রতিবেদন প্রকাশ করেছে। এ প্রতিবেদনগুলোতে ছড়িয়ে পড়া ভিডিওটির একাধিক দৃশ্য দেখা যায়।
এ বিষয়ে সংশ্লিষ্ট কিওয়ার্ড সার্চ দিলে একাধিক (১, ২, ৩, ৪) গণমাধ্যমের প্রতিবেদন পাওয়া যায়। সব প্রতিবেদনেই নিরাপত্তা মহড়ার বিষয়টি উল্লেখ করা হয়। ১২ এপ্রিল প্রথম আলো প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, “পয়লা বৈশাখের অনুষ্ঠান ঘিরে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।”

প্রতিবেদনে আরও বলা হয়, “আজ রোববার (১২ এপ্রিল) বিকেলে রাজধানীর রমনা বটমূলে বাংলা নববর্ষ উপলক্ষে স্থাপিত ডিএমপির নিয়ন্ত্রণকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বাংলা নববর্ষের সার্বিক নিরাপত্তা প্রস্তুতি জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পরে নিরাপত্তা মহড়া প্রদর্শন করেন তিনি।”
অর্থাৎ, রমনা পার্কে আতঙ্কবাদীদের হামলার দাবিতে যে ভিডিও প্রচার করা হচ্ছে, সেটি বাংলা নববর্ষ উপলক্ষ্যে ডিএমপির আয়োজিত মহড়ার দৃশ্য।