ফারিহা আফরীন

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
Fact-check of a viral photocard falsely claiming that Barrister Zaiema Rahman said BNP cancelled the July Charter for public welfare, traced to a fake website redirecting users to gambling sites.

ভুয়া ওয়েবসাইটের সূত্র দিয়ে ছড়াচ্ছে জুলাই সনদ বাতিল নিয়ে জাইমা রহমানের মন্তব্য

ফারিহা আফরীন

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

সামাজিক মাধ্যম ফেসবুকে সম্প্রতি একটি ফটোকার্ডের মাধ্যমে প্রধানমন্ত্রী কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের মন্তব্য বলে একটি বার্তা ছড়ানো হচ্ছে। কার্ডে দাবি করা হচ্ছে, তিনি বলেছেন, বিএনপি জুলাই সনদ জনগণের কল্যাণের জন্যই বাতিল করেছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, জাইমার রহমানের মন্তব্যের প্রমাণে যে সূত্রটি ব্যবহার করা হচ্ছে তা জানুনা টিভি নামের একটি ব্লগস্পট ওয়েবসাইটের। বিস্তারিত সংবাদ পড়তে চাইলে তা ব্যবহারকারীদের নিয়ে যাচ্ছে বিভিন্ন জুয়ার সাইটে। 

ফেসবুকে একটি পেজ থেকে গত ২১ ফেব্রুয়ারি একটি ফটোকার্ড পোস্ট করা হয়। ফটোকার্ডের ভেতরে লেখা, “তারেক রহমানের বিএনপি জুলাই সনদ জনগণের কল্যানের জন্যই বাতিল করেছে – জাইমা রহমান” (বানান অপরিবর্তিত)। ফটোকার্ডের ক্যাপশনেও একই লেখা।

Fact-check of a viral photocard falsely claiming that Barrister Zaiema Rahman said BNP cancelled the July Charter for public welfare, traced to a fake website redirecting users to gambling sites.
ভুয়া উক্তিসহ ফেসবুকে ছড়ানো ফটোকার্ডের পোস্টের স্ক্রিনশট।

এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত ফটোকার্ডটিতে এক লাখ ১৭ হাজারের বেশি প্রতিক্রিয়া দেখা যায়। ২০ হাজারের বেশি মন্তব্য করা হয়েছে পোস্টে, শেয়ার করা হয়েছে দুই হাজার ২০০ বারের অধিক। এক ব্যবহারকারী লিখেছেন, “জনগণের হ্যাঁ ভোট কোনো দান বা দয়া নয়, এটি জনগণের চূড়ান্ত ফয়সালা। এই রায়কে চ্যালেঞ্জ করার দুঃসাহস কারও নেই। জনগণের শক্তিতেই আগামীর বাংলাদেশ! 🇧🇩”। আরেকজন মন্তব্য করেছেন,“এদের কে তাড়ানো জনগণের জন্য ওয়াজিব হয়ে যাচ্ছে…প্রস্তুতি নিতে হবে”। 

ফেসবুকের একাধিক ব্যক্তিগত প্রোফাইল (, , ), গ্রুপ (, , ) এবং পেজ (, ) থেকেও একই দাবিতে ফটোকার্ডটি পোস্ট করা হয়।

ফটোকার্ডের নিচে বামদিকে লেখা “বিস্তারিত কমেন্টে”। মন্তব্যে উল্লিখিত লিংকে ক্লিক করলে “জানুনা টিভি” নামক ওয়েবসাইট দেখা যায়। সেখানে “বিস্তারিত পড়ুন” লেখার উপর ক্লিক করলে একটি প্রতিবেদন দেখা যায়। তবে প্রতিবেদনের শেষে বি. দ্রষ্টব্য লিখে উল্লেখ করা হয়, “এই সংবাদের তথ্য যাচাই করা সম্ভব হয়নি এবং এটি সাধারণ তথ্যের উদ্দেশ্যে প্রকাশিত। আমরা এর নির্ভুলতা সম্পর্কে কোনো ওয়ারেন্টি দিই না এবং এর উপর নির্ভর করে কোনো ক্ষতির জন্য দায়ী নই।” 

পুনরায় “বিস্তারিত পড়ুন” ক্লিক করলে তা ব্যবহারকারীদের একাধিক জুয়ার ওয়েবসাইটে নিয়ে যায়। অর্থাৎ, ওয়েবসাইটটি সংবাদমাধ্যমের আদলে নির্মিত একটি ভুয়া ওয়েবসাইট।

সত্যতা যাচাইয়ে ব্যারিস্টার জাইমা রহমানের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করে দেখে ডিসমিসল্যাব। সেখানে জুলাই সনদ জনগণের কল্যাণে বাতিল করেছে- সম্পর্কিত কোনো মন্তব্য পাওয়া যায়নি। কোনো সংবাদমাধ্যমেও এ ধরনের কোনো মন্তব্য নেই।

এছাড়া ফটোকার্ডে ব্যবহৃত জাইমা রহমানের ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে ভিন্ন সংবাদ প্রতিবেদনের ফটোকার্ড পাওয়া যায়। গত ৮ ফেব্রুয়ারি ২০২৬, বিআইআইএসএস আয়োজিত “গণতন্ত্রের সংগ্রামে নারী: অবদান এবং আগামীর বাংলাদেশ”- শীর্ষক আলোচনাসভায় জাইমা রহমান বক্তব্য প্রদান করেন। সেখানে বক্তব্য প্রদানকালের ছবি উক্ত ফটোকার্ডে ব্যবহার করা হয়। 

উল্লেখ্য, দৈনিক ইত্তেফাকের একটি প্রতিবেদন থেকে জানা যায়, ‘জুলাই জাতীয় সনদ’ অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে সনদটির কার্যকারিতা স্থগিতের নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে। গত ১৮ ফেব্রুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে এ রিট দায়ের করেন। এ সংক্রান্ত প্রতিবেদনে একাধিক সংবাদমাধ্যম (, , ) প্রকাশ করে। 

অর্থাৎ, বিএনপি জুলাই সনদ জনগণের কল্যাণের জন্যই বাতিল করেছে, জাইমা রহমানের এমন মন্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন।

আরো কিছু লেখা