নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
Fact-check: AI-generated fake video falsely claims Zaima Rahman is offering a birthday cash giveaway, created using an old photo and circulated on Facebook.

জন্মদিনে জাইমা রহমানের টাকা দিতে চাওয়ার ভিডিওটি এআই দিয়ে তৈরি

নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

“জাইমা রহমান Zaima Rahman” নামের এক ফেসবুক পেজ থেকে সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, নিজের জন্মদিন উপলক্ষে সবাইকে ২০ হাজার টাকা দেওয়ার কথা বলে দর্শকদের কমেন্টে বিকাশ নম্বর দিতে বলছেন জাইমা। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, ভিডিওটি বাস্তব নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি।

গত ১৭ জানুয়ারিতে পোস্ট হওয়া ফেসবুকে ছড়িয়ে পড়া ২৩ সেকেন্ডের ভিডিওতে জাইমা রহমানকে বলতে শোনা যায়, “আমি তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। আমার জন্মদিন উপলক্ষে সবাইকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে। টাকা পেতে হলে ভিডিওতে ফলো দিতে হবে, লাইক দিতে হবে, এবং শেয়ার করতে হবে। কমেন্ট বক্সে আপনার বিকাশ নাম্বার দিয়ে যাবেন। সবাইকে টাকা দেওয়া হবে। যে সবচেয়ে বেশি কমেন্ট এবং বেশি শেয়ার করবে তাকে বেশি টাকা দেওয়া হবে।” ভিডিও-এর ক্যাপশনে লেখা, “আমার জন্মদিন উপলক্ষে সবাই পাবেন।” রিলটি মোবাইল থেকে দেখলে “এআই ইনফো” ট্যাগ দেখা যায়।

কমেন্ট বক্সে দেখা যায়, অনেকেই পোস্টটিকে সত্য ভেবে নিজের নাম্বার দিয়েছেন। এক মন্তব্যকারী লিখেছেন, “❤️ আমার বিকাশ নং 018*******0 আমি একজন দিন মজুর ভাই যদি দয়া হয় ❤।” আরেকজন মন্তব্য করেছেন, “013*******0 বিকাশ নাম্বার মসজিদের বিষয়ে কিছু হেল্প করেন।”

পোস্টটি এ পর্যন্ত ১৪ লাখ বার দেখা হয়েছে, শেয়ার হয়েছে ১৭ হাজারের বেশি বার। এছাড়া “জাইমা রহমান” নামের আরেকটি পেজ থেকে একই ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়। “জোবাইদা রহমান – Zobaida Rahman” নামের পেজ থেকেও ভিডিওটি পোস্ট করা হয়। ক্যাপশনে বলা হয়, “আমার মেয়ের জন্মদিন উপলক্ষে সবাই পাবেন।” এই পোস্টেও কমেন্টে অনেকেই নিজের নাম্বার দিয়েছেন। 

একজন মন্তব্যকারী লিখেছেন, “আমি খুব গরিব ঘরের সন্তান আমি অপারেশনের রোগী আমাকে যদি একটু হেল্প করতেন এটা হল রিক্সা যদি আবার একটা কিনে দেয়ার ব্যবস্থা করতেন আমার দুখিনী মা এ নিয়ে বউ বাচ্চা নিয়ে আমি চলে খেতে পারতাম আমি কমেন্টে দিলাম আমার নাম্বার নগদ 017*******0।” একটি ব্যক্তিগত প্রোফাইল থেকেও একই দাবিতে ভিডিওটি পোস্ট করা হয়। ক্যাপশনে বলা হয়, “আমি তারেক রহমানের,,, মেয়ে জাইমা রহমান,, আমার জন্ম দিনের উপলক্ষে সবাইকে বিশ হাজার টাকা দেওয়া হবে 💸।” 

ভিডিওটির কি-ফ্রেম ধরে রিভার্স ইমেজ সার্চ করলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভেরিফায়েড পেজের একটি পোস্ট সামনে আসে। তারেক রহমান ২০২৫ সালের ২০ নভেম্বর নিজের ৬১তম জন্মদিনে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানের সঙ্গে একটি ছবি ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে পোস্ট করেন। সেদিনের ছবিটি থেকে শুধু জাইমা রহমানের অংশটুকু ব্যবহার করে ভিডিওটি বানানো হয়েছে। ছবি ও সংবাদমাধ্যমের প্রতিবেদনে ব্যবহৃত ছবিতে জাইমা রহমানের পোশাক, পোশাকের রং, হাতের চুড়ি, কানের দুল সবই মিলে যায়। 

“জাইমা রহমান Zaima Rahman” নামের এক ফেসবুক পেজটি বিশ্লেষণ করলে একাধিক (, ) এআই দ্বারা নির্মিত ভিডিও পাওয়া যায়। ভিডিওগুলোর ক্যাপশনে বলা, “সবার জন্য জন্মদিনের উপলক্ষে উপহার।” ভিডিওগুলোতে দেখা যায় তারেক রহমানের স্ত্রী ডা জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে সবাইকে টাকা দেওয়ার কথা বলছেন। জুবাইদা রহমানকে বলতে শোনা যায়, “আমি তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। আমার মেয়ে জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে সবাইকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে। টাকা পেতে হলে ভিডিওতে ফলো দিতে হবে, লাইক দিতে হবে, এবং প্রচুর শেয়ার করতে হবে। কমেন্ট বক্সে আপনার বিকাশ নাম্বার দিয়ে যাবেন। সবাইকে টাকা দেওয়া হবে। যে সবচেয়ে বেশি কমেন্ট এবং বেশি শেয়ার করবে তাকে বেশি টাকা দেওয়া হবে।” ভিডিও-এর ক্যাপশনে লেখা, “আমার জন্মদিন উপলক্ষে সবাই পাবেন।” 

অধিকতর যাচাইয়ে, কনটেন্ট শনাক্তকরণ টুল ডিপফেক-ও-মিটার দিয়ে যাচাই করে দেখা গেছে সবগুলো ভিডিও এআই দিয়ে তৈরির সম্ভাবনা ৯৯.৩ শতাংশ অর্থাৎ, প্রায় শতভাগ।

অর্থাৎ, ভিডিওটি বাস্তব নয়। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে জাইমা রহমানের পুরোনো ছবি ব্যবহার করে ভিডিওটি বানানো হয়েছে। 

প্রসঙ্গত, ডিসমিসল্যাব এর আগেও জুবাইদা রহমানের ছবি ব্যবহার করে এআই দিয়ে তৈরি ভিডিওর ওপর ফ্যাক্টচেক রিপোর্ট প্রকাশ করেছে।

আরো কিছু লেখা