সুদেষ্ণা মহাজন অর্পা

রিসার্চ অ্যাসোসিয়েট, ডিসমিসল্যাব
ট্রাম্পের স্কটল্যান্ড সফরের ভিডিও ছড়াচ্ছে ভারতে শেখ হাসিনার গাড়িবহরের দাবিতে

ট্রাম্পের স্কটল্যান্ড সফরের ভিডিও ছড়াচ্ছে ভারতে শেখ হাসিনার গাড়িবহরের দাবিতে

সুদেষ্ণা মহাজন অর্পা

রিসার্চ অ্যাসোসিয়েট, ডিসমিসল্যাব

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে তার গাড়িবহর নিয়ে যাচ্ছেন, এমন দাবিতে একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, দাবিটি ভুয়া।

যাচাইয়ে জানা যায়, মূল ভিডিওটি ২০২৫ সালের জুলাই মাসের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চারদিনের সফরে স্কটল্যান্ডে গিয়েছিলেন গত জুলাইয়ে, সে সময়কার দৃশ্য এটি।

ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে গত ২২ মার্চ ভিডিওটি পোস্ট করা হয়। ৪৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, সামনে নিরাপত্তাবাহিনীর একটি বাইকসহ বিশাল এক গাড়িবহর সাইরেন বাজিয়ে রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে। গাড়িবহরটি একটি ফটকের পাশ দিয়ে ভেতরে প্রবেশ করছে। যেখানে অনেক নিরাপত্তা বাহিনীর সদস্য দাঁড়িয়ে আছে।

ট্রাম্পের স্কটল্যান্ড সফরের ভিডিও ছড়াচ্ছে ভারতে শেখ হাসিনার গাড়িবহরের দাবিতে
ভুয়া দাবিতে ছড়ানো ফেসবুক পোস্টের স্ক্রিনশট।

রাস্তায় লোকজন হাত নাড়িয়ে গাড়িতে থাকা ব্যক্তিদের অভিবাদন জানাচ্ছেন। আলাদা অডিওতে কয়েকজন ব্যক্তিকে হিন্দিতে বলতে শোনো যাচ্ছে, “কে এটা? শেখ হাসিনা।” ক্যাপশনে পোস্টদাতা লিখেছেন, “আজ ইন্ডিয়া”তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপার গাড়ি বহর ছিলো। আমার নেত্রী আমার অহংকার ✊”

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি ১ লাখ ১২ হাজারের বেশিবার দেখা হয়েছে এবং ৬০২ বার শেয়ার করা হয়েছে। অন্তত ৬ হাজার ৮০০ ব্যবহারকারী ভিডিওতে প্রতিক্রিয়া জানিয়েছেন। 

ফেসবুকের একাধিক ব্যক্তিগত অ্যাকাউন্ট (, , , , , , ) ও পেজ থেকে একই দাবিতে ভিডিওটি পোস্ট করা হয়।

সত্যতা যাচাইয়ে কয়েকটি কিফ্রেম ধরে রিভার্স সার্চ করলে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) ইউটিউব চ্যানেলে আপলোড করা একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওর শিরোনামে লেখা, “স্কটল্যান্ডে পৌঁছানোর পর ট্রাম্পের গাড়িবহর টার্নবেরির উদ্দেশ্য রওনা হয়েছে।”

ট্রাম্পের স্কটল্যান্ড সফরের ভিডিও ছড়াচ্ছে ভারতে শেখ হাসিনার গাড়িবহরের দাবিতে
অ্যাসোসিয়েটেড প্রেসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিও (বামে) এবং সংবাদ প্রতিবেদন (ডানে)।

৫১ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওটি ২০২৫ সালের ২৬ জুলাই আপলোড করা হয়েছিল। ভিডিওটির সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওটির দৃশ্যপটের হুবহু সাদৃশ্য পাওয়া যায়। তবে মূল ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে কথোপকথন ছিল না। গাড়িবহরে কোনো সাইরেনের শব্দও নেই।

অধিকতর যাচাইয়ে প্রাসঙ্গিক কিওয়ার্ড দিয়ে সার্চ করে দেখে ডিসমিসল্যাব। যাচাইয়ে দেখা যায়, একাধিক সংবাদমাধ্যমে (, , , , ) ডোনাল্ড ট্রাম্পের স্কটল্যান্ড সফর নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৫ সালের জুলাই মাসে চারদিনের ব্যক্তিগত সফরে স্কটল্যান্ড গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৬ জুলাই দুই ডজনেরও বেশি গাড়ি নিয়ে ট্রাম্প রাত ৯টা ৩০ মিনিটের দিকে তার টার্নবেরি গলফ রিসোর্টে প্রবেশ করেন। এসময় গাড়িবহরের পাশে পুলিশ, স্কটল্যান্ডের যানবাহন এবং অ্যাম্বুলেন্স কর্মীরা উপস্থিত ছিলেন।

ট্রাম্পের স্কটল্যান্ড সফরের ভিডিও ছড়াচ্ছে ভারতে শেখ হাসিনার গাড়িবহরের দাবিতে
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের স্কটল্যান্ড সফর নিয়ে প্রকাশিত সংবাদ প্রতিবেদনের স্ক্রিনশট।

অর্থাৎ,গাড়িবহরের ভিডিওটির সঙ্গে শেখ হাসিনা কিংবা ভারতের কোনো সম্পর্ক নেই। মূল ভিডিওটি ডোনাল্ড ট্রাম্পের। স্কটল্যান্ড সফরকালে টার্নবেরি গলফ রিসোর্টে প্রবেশের সময় ট্রাম্পের গাড়িবহরের একটি দৃশ্যই এখন ভুয়া দাবিতে ছড়ানো হচ্ছে।

আরো কিছু লেখা