
নোয়াখালী বেগমগঞ্জ দুইদিন আগেই ভোটকেন্দ্র দখলের চেষ্টা করা হচ্ছে দাবিতে একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, ভিডিওটি একই এলাকায় আসন্ন নির্বাচনী পরিবেশ নিশ্চিতে যৌথ বাহিনীর মহড়ার একটি ভিডিও।
“তৃণমূল আওয়ামী লীগ” নামের একটি ফেসবুক পেজ থেকে ৫৫ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “ইতিহাসের সেরা নির্বাচনের বর্তমান অবস্থা! নোয়াখালী বেগমগঞ্জ দুইদিন আগেই ভোট কেন্দ্র দখলের চেষ্টা।” এই পোস্ট লেখা পর্যন্ত পোস্টটি ৪০০ বারের বেশি শেয়ার করা হয়। প্রতিক্রিয়া জানানো হয় দেড় হাজারের বেশি।
জয় বাংলা ১৯৭১ নামের পেজ থেকেও কাছাকাছি দাবিতে ভিডিওটি পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়, “নোয়াখালী ভোট কেন্দ্র দখল।”

আরেকটি প্রোফাইল থেকে একই ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “কেমনে কি আল্লাহ এতো সাহস সরাসরি অ/স্ত্র হাতে যৌ/থ বাহি/নীর সামনে।” এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি ছয় হাজারের বেশি শেয়ার হয়েছে ও ২০ হাজারের বেশি প্রতিক্রিয়া জানানো হয়েছে।
দাবিগুলোর সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ দিয়ে “চাটখিল টিভি” নামের পেজে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওর ক্যাপশনে লেখা আছে, “পি*স্ত*ল হাতে স’ন্ত্রাসীদের কেন্দ্র দ*খলের চেষ্টা, রুখে দিলো সেনাবাহিনী। নোয়াখালী বেগমগঞ্জে নির্বাচনী সেনা মহড়া থেকে! ভিডি: সাব্বির উদ্দিন।” এই ভিডিওটি “তৃণমূল আওয়ামী লীগ” ও “জয় বাংলা ১৯৭১” নামের পেজে পোস্ট হওয়া ভিডিওর সঙ্গে পুরোপুরি মিলে যায়।

অন্যদিকে, আরেকটি প্রোফাইল থেকে আপলোড হওয়া তুলনামূলক অধিক ছড়ানো ভিডিওটির মতো হুবহু একই ভিডিও খুঁজে পাওয়া যায় সংবাদমাধ্যম দেশ টেলিভিশনের ইউটিউব চ্যানেলে। ভিডিওর টাইটেলে লেখা আছে, “নোয়াখালীতে যৌথবাহিনীর নির্বাচনী মহড়া”।
অধিকতর যাচাইয়ে পুনরায় প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চে আরও কয়েকটি সংবাদমাধ্যমের ভিডিওতে একই দৃশ্য সম্বলিত একাধিক ভিডিও পাওয়া যায়। একাত্তর টেলিভিশন ও জাগো নিউজের ইউটিউব চ্যানেলে আপলোড হওয়া ভিডিওতে অস্ত্র হাতে থাকা বেশ কয়েকজনের পোশাক ও চেহারার সঙ্গে আলোচিত ভিডিওগুলোর কয়েকজনের পোশাক ও চেহারা হুবহু মিলে যায়।

এছাড়াও সংবাদমাধ্যমগুলোর ভিডিওতে দেখানো বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভবনের সঙ্গেও আলোচিত ভিডিওতে থাকা ভবনের হুবহু মিল রয়েছে। দুইটি সংবাদমাধ্যমেই দৃশ্যটি নোয়াখালী নির্বাচনী নিরাপত্তায় যৌথ বাহিনীর মহড়া বলে উল্লেখ করা হয়।
অর্থাৎ, নোয়াখালীর বেগমগঞ্জে ভোট কেন্দ্র দখলের দাবিতে ছড়ানো ভিডিওগুলো মূলত নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুতির জন্য যৌথবাহিনীর একটি মহড়ার দৃশ্য।