
চট্টগ্রামের সাতকানিয়ায় ইসলামি ছাত্র শিবিরের সাবেক নেতা মো. ফিরোজ হোসেনের বাড়ি থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি উঠেছে। বলা হচ্ছে, সেনাবাহিনীর অভিযানে দুইজনকে আটকও করা হয়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, দাবিটি ভুয়া। গত ৯ ফেব্রুয়ারি প্রকাশিত সংবাদ প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফিরোজের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধারের পাশাপাশি তার দুই ভাই মো. মফিজুর রহমান ও মো. জুবায়ের করিমকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
ফেসবুকে “বাঁশের লাঠি” নামের একটি পেজ থেকে গত ১০ ফেব্রুয়ারি একটি ছবি পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়, “চট্টগ্রামের সাতকানিয়ায় চট্টগ্রাম দক্ষিণ ইসলামি ছাত্র শিবিরের সাবেক নেতা মো. ফিরোজ হোসেনের বাড়ি থেকে অবৈধ অ’স্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর অভিযানে এ অ’স্ত্র উদ্ধার করা হয়। এ সময় দুইজনকে আটক করা হয়েছে। ইসলামে কি ভোট চুরি ও সন্ত্রাসী আছে?”

ছবিটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চ করলে দৈনিক যায়যায়দিন এর গত ৯ ফেব্রুয়ারিতে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে ছড়িয়ে পড়া ছবির হুবহু মিল রয়েছে। প্রতিবেদনের শিরোনাম ছিল, “ছাত্রদল নেতার বাড়ি থেকে অস্ত্র, কার্তুজ ও হাতবোমা উদ্ধার, গ্রেপ্তার দুই।”

প্রতিবেদনে বলা হয়, “চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফিরোজের বাড়িতে অভিযোগ চালিয়ে একটি দেশীয় তৈরি অস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও দুইটি হাতবোমা উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় ছাত্রদল নেতা ফিরোজের দুই ভাই মো. মফিজুর রহমান (৩৫) ও মো. জুবায়ের করিমকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। অভিযানকালে ফিরোজকে বাড়িতে পাওয়া যায়নি। গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মনুফকির হাট এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।”
একাধিক (১, ২, ৩, ৪) গণমাধ্যমের প্রতিবেদনেও ছবিটি পাওয়া যায়। প্রতিবেদনগুলোতে বলা হয়, ছাত্রদল নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।
অর্থাৎ, ছাত্রদল নেতার বাসা থেকে অস্ত্র উদ্ধারের ছবি প্রচার করা হচ্ছে শিবিরের সাবেক নেতার বাড়ি থেকে উদ্ধারের দাবিতে।