সুদেষ্ণা মহাজন অর্পা

ইন্টার্ন, ডিসমিসল্যাব
Fact-check image of a viral Facebook photo card falsely quoting BNP chair Tarique Rahman saying “Awami League-BNP are brothers—vote for Sheaf of Paddy,” traced to the Janina TV satire page.

স্যাটায়ার পেজের বানানো ফটোকার্ডকে তারেক রহমানের আসল মন্তব্য বলে প্রচার

সুদেষ্ণা মহাজন অর্পা

ইন্টার্ন, ডিসমিসল্যাব

ফেসবুকে একটি পেজ থেকে সম্প্রতি একটি ফটোকার্ড পোস্ট করা হয়। সেখানে দাবি করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান আওয়ামী লীগ-বিএনপির সমর্থকদের পরস্পরের ভাই সম্বোধন করে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, দাবিটি ভুয়া।

ফেসবুকের একটি পেজ থেকে গত ৫ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত ফটোকার্ডটি পোস্ট করা হয়। ফটোকার্ডের ভেতরে শিরোনামে লেখা, “আওয়ামী লীগ-বিএনপি ভাই ভাই ধানের শীষে ভোট চাই”। মন্তব্যটি যে তারেক রহমানের তা বোঝাতে নিচে হলুদ হরফে “তারেক রহামান” লেখা। পোস্টের ক্যাপশনেও ফটোকার্ডের ভেতরের কথাটি লেখা আছে।

Fact-check image of a viral Facebook photo card falsely quoting BNP chair Tarique Rahman saying “Awami League-BNP are brothers—vote for Sheaf of Paddy,” traced to the Janina TV satire page.
ভুয়া দাবিতে ছড়ানো ফটোকার্ড নিয়ে ফেসবুক পোস্ট

এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত ফটোকার্ডটিতে ৩ হাজারের বেশি প্রতিক্রিয়া দেখা যায় এবং পোস্টটি অন্তত সাড়ে তিন শ বার শেয়ার করা হয়েছে। কার্ডে ছয় শর বেশি মন্তব্য করা হয়েছে। এক ব্যবহারকারী লিখেছেন, “আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য কত রকম সালসা তরী।” আরেকজন মন্তব্য করেছেন, “সত্য কখনো চাপা থাকে না।”

ফেসবুকের একাধিক ব্যক্তিগত প্রোফাইল (, , ),পেজ এবং গ্রুপ থেকে একই দাবিতে ফটোকার্ডটি পোস্ট করা হয়।

উৎস যাচাইয়ে কার্ডের ছবি দিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায়, যমুনা টিভির আদলে তৈরি ব্যঙ্গাত্মক অনলাইন পেজ “জানিনা টিভি” থেকে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি একই ফটোকার্ডটি সর্বপ্রথম পোস্ট করা হয়। কার্ডে জানিনা টিভির ওয়েবসাইট, ফেসবুক ও ইউটিউব চ্যানেলের নাম উল্লেখ করা আছে। মজার ছলে বানানো সেই ফটোকার্ডে এই পর্যন্ত ২০ হাজারের বেশি প্রতিক্রিয়া দেখা গেছে। কার্ডটি প্রায় সাড়ে ৯০০ বার শেয়ার করা হয়েছে।

Fact-check image of a viral Facebook photo card falsely quoting BNP chair Tarique Rahman saying “Awami League-BNP are brothers—vote for Sheaf of Paddy,” traced to the Janina TV satire page.
স্যাটায়ার পেজ ‘জানিনা টিভি’র (ডানে) বানানো ফটোকার্ড থেকে দাবিসংক্রান্ত ফটোকার্ডটি (বামে) তৈরি করা হয়েছে

সে ফটোকার্ডে থাকা ‘জানিনা টিভি’র লোগো ও বাকিসব তথ্য এবং তারিখ মুছে ফটোকার্ডের লেখাকে তারেক রহমানের মন্তব্য হিসেবে প্রচার করা হচ্ছে।

এ ব্যাপারে অধিকতর যাচাইয়ের তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে দেখে ডিসমিসল্যাব। তবে, সেখানে এমন কোনো উক্তিযুক্ত পোস্ট পাওয়া যায়নি। অন্যদিকে নির্ভরযোগ্য কোনো সংবাদমাধ্যমেও বিএনপির চেয়ারম্যানের এ ধরনের মন্তব্যের বিষয়ে কোনো প্রতিবেদন প্রকাশিত হয়নি।

এছাড়া, প্রচারিত ফটোকার্ডে নাম হিসেবে “তারেক রহামান’’ উল্লেখ আছে, বিএনপির চেয়ারম্যানের নামের সঠিক বানান এটি নয়।

যমুনা টিভির ভেরিফায়েড ফেসবুক পেজটি পর্যালোচনা করে দেখা যায়, ২০২৬ সালের ৪ ফেব্রুয়ারি তারেক রহমানের ছবিযুক্ত একাধিক ফটোকার্ড সংবাদমাধ্যমটি প্রকাশ করেছে। এর মধ্যে একটি কার্ডের শিরোনাম ছিল, “নির্বাচনী সফরে ফের উত্তরবঙ্গে যাচ্ছেন তারেক রহমান”। যমুনা টিভির এই কার্ডের তারিখের অবস্থান ও শিরোনামের দিক থেকে জানিনা টি়ভির স্যাটায়ার ফটোকার্ডটির মিল পাওয়া যায়।

Fact-check image of a viral Facebook photo card falsely quoting BNP chair Tarique Rahman saying “Awami League-BNP are brothers—vote for Sheaf of Paddy,” traced to the Janina TV satire page.
যমুনা টিভির আদলে তৈরি স্যাটায়ার পেজ ‘জানিনা টিভি’র বানানো ভুয়া ফটোকার্ড (বামে) ও যমুনা টিভির বানানো আসল ফটোকার্ড (ডানে)

জানিনা টিভি‘র পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরও অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় সেই ফটোকার্ডটিও মূলত ব্যঙ্গাত্মক কন্টেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে। ইতঃপূর্বেও এমন একটি ফটোকার্ড থেকে প্রচারিত একটি দাবি ডিসমিসল্যাবের ফ্যাক্টচেক প্রতিবেদনে উঠে এসেছে।

অর্থাৎ, “আওয়ামী লীগ-বিএনপি ভাই ভাই ধানের শীষে ভোট চাই” শীর্ষক মন্তব্যটি তারেক রহমানের বলে প্রচারিত দাবিটি ভুয়া।

আরো কিছু লেখা