
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খাগড়াছড়ি আসনের দুই স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান ও ধর্ম জ্যোতি চাকমাকে জড়িয়ে প্রার্থিতা প্রত্যাহারের দাবি ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, উভয় দাবিই ভুয়া। দুই প্রার্থীই সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন, তারা নির্বাচন থেকে সরে দাঁড়াননি।
গত ১২ ফেব্রুয়ারি লে. কর্নেল পিবির নামে একটি ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট (আর্কাইভ লিংক) করে বলা হয়, “শেষ মূহুর্তে এসে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে মার্কার বাবু সমীকরণ দেওয়ান কে সমর্থন করলেন ধর্মজ্যোতি চাকমা।।” (বানান অপরিবর্তিত)। পোস্টের সঙ্গে পার্বত্য চট্টগ্রামভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল সিএইচটিনিউজের একটি ফটোকার্ডযুক্ত ফেসবুক পোস্টের স্ক্রিনশট ছিল। সে পোস্টের শিরোনাম ছিল, “ভোটের শেষ মুহূর্তে প্রার্থীতা প্রত্যাহার করেন বাবু সমীরণ দেওয়ানকে সমর্থন দিলে ধর্ম জ্যেতি চাকমা।” (বানান অপরিবর্তিত)।

সত্যতা যাচাইয়ে সিএইচটিনিউজের একটি ফেসবুক পোস্ট খুঁজে পায় ডিসমিসল্যাব। ১২ ফেব্রুয়ারিতে শেয়ার করা পোস্টটিতে প্রচারিত ফটোকার্ডটিকে ভুয়া চিহ্নিত করে ক্যাপশনে বলা হয়, “একটি পক্ষ chtnews.com এর নামে নকল ফটোকার্ড বানিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের কোন ফটোকার্ড chtnews.com থেকে প্রচার করা হয়নি। তাই বিভ্রান্ত হওয়ার কোন অবকাশ নেই। ধর্ম জ্যোতি চাকমা ভোটের লড়াইয়ে অবিচল রয়েছেন।”
এছাড়া, একইদিনে ধর্ম জ্যোতি চাকমা তার ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করে নিশ্চিত করেন, তার প্রার্থিতা প্রত্যাহারের দাবিটি গুজব। তিনি ক্যাপশনে লেখেন, “গুজবে কান দিবেন না। আজকে সারাদিন ঘোড়া মার্কায় ভোট দিন। বিজয় আমাদের হবে ।”

উল্লেখ্য, এর আগেও ধর্ম জ্যোতি চাকমা তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন বলে একাধিক ভুয়া দাবি ছড়াতে দেখা যায় (১, ২)।
নির্বাচনের দিন, ১২ ফেব্রুয়ারি জেন-জি ফাইটার নামের ফেসবুক পেজ থেকে আরেক স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ানের একটি ২ মিনিট ৫৩ সেকেন্ডের ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “আজ সকালে বাবু সমীরণ দেওয়ান নিজের প্রার্থীতা প্রত্যাহার করে ঘোড়া মার্কার প্রার্থী বাবু ধর্ম জ্যোতি চাকমাকে সমর্থন দিয়েছেন। সবাইকে ঘোড়া মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।” এছাড়া ভোট ফর ইউনিটি ভোট ধর্ম জ্যোতি চাকমা নামে ফেসবুক পেজ থেকে একই ভিডিওর প্রথম ৪৪ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট (আর্কাইভ লিংক) করা হয়।

ভিডিওটিতে সমীরণ দেওয়ানকে বলতে শোনা যায়, “আমার সহযোগী সকলের সঙ্গে আলোচনা করে এই শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং ধর্ম জ্যোতি চাকমাকে সমর্থন দিচ্ছি। ইলেকশনের চাইতে জাতিসত্তা বড়। এতদিন আপনারা যারা আমার সমর্থনে প্রচারণা করেছেন, আমাকে সাহায্য ও সহযোগিতা করেছেন, তবুও বলতে গেলে সবার কাছে দুঃখ প্রকাশ করতেছি। এবং আপনাদের সকলকে পাহাড়ি জাতির বৃহত্তর স্বার্থে ধর্মজ্যোতি চাকমাকে ঘোড়া মার্কায় ভোট দেওয়ার অনুরোধ করতেছি।”
ঘটনার সত্যতা যাচাইয়ে “সমীরণ দেওয়ান সমর্থক ফোরাম” নামের একটি ভেরিফায়েড পেজ পাওয়া যায়। এ পেজে ১২ ফেব্রুয়ারি সকাল ১১টা ৯ মিনিটে একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে তিনি জানান, তিনি সুস্থ আছেন এবং কেন্দ্রে কেন্দ্রে ঘুরে পর্যবেক্ষণ করছেন। তিনি ভোট থেকে সরে দাঁড়িয়েছেন এমন কোনো দাবি তাকে করতে দেখা যায় না।

সমীরণ দেওয়ানের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার ভিডিওতে তার কণ্ঠস্বরে কিছুটা অসঙ্গতি দেখা যায়। ভিডিওটি এআই দিয়ে তৈরি কি না যাচাইয়ে ডিপফেক-ও-মিটারের সাহায্য নেয় ডিসমিসল্যাব। ফলাফল অনুযায়ী, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা শতভাগ বলে জানায় টুলটি। অর্থাৎ, এআই দিয়ে তৈরি ভিডিও দিয়ে সমীরণ দেওয়ানের প্রার্থিতা প্রত্যাহারের দাবিটি ছড়ানো হয়।