
ফেসবুকে দৈনিক সমকালের লোগোযুক্ত একটি ফটোকার্ড ছড়াতে দেখা গেছে। সেখানে বলা হচ্ছে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাকর্মীদের ১২ তারিখ নির্বাচন পর্যন্ত সহিংসতা বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন। এবং সুশাসনের জন্য নাগরিক এ ব্যাপারে নিন্দা জানিয়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, এমন কোনো ফটোকার্ড সমকাল প্রকাশ করেনি।
ফেসবুকে একটি গ্রুপ থেকে গত ০৭ ফেব্রুয়ারি সুশাসনের জন্য নাগরিক- সুজন এর সম্পাদক অধ্যাপক ড. বদিউল আলম ও কোষাধ্যক্ষ সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদের ছবি সম্বলিত ফটোকার্ডটি ছড়িয়ে পড়ে। পোস্টের ক্যাপশনে লেখা, “আহ! দেশের জনগণ ১২ তারিখের পর আবারও মাজলুম 🥲” (বানান অপরিবর্তিত)।

ফটোকার্ডে ভেতরে লেখা, “বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে পরামর্শ দিয়েছেন- ১২ তারিখ নির্বাচন পর্যন্ত চাঁদাবাজি, ঢেন্ডাবাজি, দলিও কর্মী খুন বন্ধ রাখতে।” ফটোকার্ডে আরও জানানো হয়, “বুদ্ধিজীবী সুজনের তীব্র নিন্দা।” (বানান অপরিবর্তিত)।
ছড়ানো ফটোকার্ডের উপরে বামপাশে সমকালের লোগো দেওয়া। লোগোর ঠিক পাশেই “শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬” উল্লেখ করা। ডানদিকে ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফটোকার্ডটিতে ৭৯টি প্রতিক্রিয়া দেখা গেছে। ব্যবহারকারীরা মন্তব্য করেছেন ৬টি এবং পোস্টটি শেয়ার করা হয় ১২ বার।

ফটোকার্ডের সত্যতা নিশ্চিত করতে সংবাদমাধ্যম সমকাল- এর অফিশিয়াল ফেসবুক পেজ এবংওয়েবসাইটের ৭ ফেব্রুয়ারির ফটোকার্ড ও পোস্টগুলো যাচাই করে দেখে ডিসমিসল্যাব। নির্দিষ্ট এই তারিখে এ ধরনের কোনো ফটোকার্ড বা প্রতিবেদনের লিংক সংবাদমাধ্যমের অফিশিয়াল ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়নি।
তবে একই ছবি ব্যবহার করে “সুজনের তথ্য- নির্বাচনে প্রার্থীদের মধ্যে ৫১৯ জন ঋণগ্রহীতা, বেশি বিএনপির” শিরোনামে একটি ফটোকার্ড প্রকাশ করে সমকাল।
এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে সংবাদমাধ্যমটির সাথে যোগাযোগ করে ডিসমিসল্যাব। সমকালের অনলাইন ইনচার্জ গৌতম মণ্ডল ডিসমিসল্যাবকে নিশ্চিত করেন, “এটি ভুয়া কার্ড। এমন কোনো নিউজ বা কার্ড সমকালের পক্ষ থেকে করা হয়নি।”
অর্থাৎ, সমকালের নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া।