
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, দৃশ্যটি ইসরায়েলের রাজধানী তেল আবিবের বর্তমান দৃশ্য। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, মূল ঘটনাটি তুরস্কের। ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি তুরস্ক এবং সিরিয়ায় হওয়া ভূমিকম্প পরবর্তী ক্ষয়ক্ষতির দৃশ্য দেখা যাচ্ছে ছড়ানো ভিডিওতে।
ফেসবুকে একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে ৩ মার্চ একটি ভিডিও পোস্ট করা হয়। ক্যাপশনে বলা হয়, “#ইরান #ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলবে 😅 এই মুহূর্তে #ইসরাইলের #তেল_আবিব দৃশ্য….#Pray_for_Israel”। এ প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত, ভিডিওটিতে প্রতিক্রিয়া পড়েছে ২ হাজার বারের বেশি, ২৬৯ বার শেয়ার হয়েছে এবং ব্যবহারকারীরা ৫৯ হাজারের বেশিবার দেখেছেন। ১১ সেকেন্ডের ভিডিওতে একাধিক ধসে পড়া বিল্ডিং এবং গাড়ি দেখা যায়। ফেসবুকের একাধিক (১, ২,৩, ৪) ব্যক্তিগত প্রোফাইল থেকে একই দাবিতে ভিডিওটি পোস্ট করা হয়।

সত্যতা যাচাইয়ে বিভিন্ন কিফ্রেম ধরে রিভার্স ইমেজ সার্চ করলে ডিসমিসল্যাবের সামনে সাংবাদিক বোরজোউ দারাগাহির এক্স অ্যাকাউন্টে ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি প্রকাশিত একটি পোস্ট আসে। পোস্টটির ক্যাপশন ছিল, “ভূমিকম্পের কেন্দ্রের নিকটবর্তী তুরস্কের শহর কাহরামানমারাসে ধ্বংসযজ্ঞের দৃশ্য।” ১৪ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওটির প্রথম ১১ সেকেন্ডের সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর হুবহু মিল রয়েছে।

সংশ্লিষ্ট কিওয়ার্ড সার্চ দিলে ইউটিউবে একাধিক (১, ২, ৩) ভিডিও পাওয়া যায় যেখানে ছড়িয়ে পড়া ভিডিওটির দৃশ্য দেখা যায়। মেমুরলার ডট নেট টিভির ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারিতে প্রকাশিত ভিডিওটির শিরোনাম ছিল, “কাহরামানমারাসে শক্তিশালী ভূমিকম্প! নতুন ভিডিও ফুটেজ সামনে এসেছে।” এই ভিডিওতে তুরস্কভিত্তিক সংবাদসংস্থা আনাদোলুর লোগোও দেখতে পাওয়া যায়।
অধিকতর যাচাইয়ে একাধিক (১, ২, ৩, ৪) প্রতিবেদন পাওয়া যায় যেখানে ধ্বংসযজ্ঞের দৃশ্যটি দেখা যায়। তুরস্কের সংবাদমাধ্যম এনটিভির ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারিতে প্রকাশিত প্রতিবেদনে ভিডিওটি দেখা যায়। প্রতিবেদনটির শিরোনাম ছিল, “ভূমিকম্পের কেন্দ্র থেকে প্রথম ছবি।” প্রতিবেদনে বলা হয়, “ভোর ৪:১৭ মিনিটে কাহরামানমারাসে একটি ৭.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যা মোট ১০টি প্রদেশকে ক্ষতিগ্রস্ত করে। ভূমিকম্পের উপকেন্দ্র পাজারচিক জেলা থেকে আসা প্রাথমিক ছবিগুলোতে ভয়াবহ ধ্বংসযজ্ঞের চিত্র ফুটে ওঠে।”

প্রসঙ্গত, ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি তুরস্ক এবং সিরিয়ায় একটি শক্তিশালী ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত করে। ভূমিকম্পের ফলে তুরস্ক ও সিরিয়ায় সম্মিলিতভাবে ৫৯ হাজারের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া যায়।
ইরান-ইসরায়েলের চলমান সংঘাত নিয়ে পূর্বেও একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে ডিসমিসল্যাব।