
বাংলাদেশে লাইনে দাঁড়িয়ে মানুষজন একজন মৌলবির কাছ থেকে থুতু দেওয়া পানির বোতল নিচ্ছেন, এমন দাবিতে সম্প্রতি একটি ভিডিও সামাজিক মাধ্যম এক্সে ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, ছড়িয়ে পড়া ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের কেরালার।
সামাজিক মাধ্যম এক্সে ‘ইনকগনিটো’ নামের একটি ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে গত ২৮ মার্চ ভিডিওটি পোস্ট করা হয়। ৩২ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, স্টেজের উপর এক হুজুরকে ঘিরে অনেক মানুষ জড়ো হয়ে আছে। অনুসারীরা তার হাতে চুমু খাচ্ছেন।

লোকজন হুজুরের সামনে পানির বোতল এগিয়ে দিচ্ছেন এবং তিনি সেখানে ফুঁ দিয়ে দিচ্ছেন। ব্যাকগ্রাউন্ডে একটি হিন্দি গান শোনা যাচ্ছে। ক্যাপশনে লেখা, “বাংলাদেশে তারা লাইনে দাঁড়িয়ে থাকে, যাতে একজন মৌলবি তাদের পানির বোতলে থুতু দিতে পারেন। 🤢🤢”। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ভিডিওটি ১ লাখ ৫৯ হাজারের বেশিবার দেখা হয়েছে।
এক্সের আরেকটি অ্যাকাউন্ট থেকে একই ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে পোস্টদাতা লিখেছেন, “সত্যিই পৃথিবীর সবচাইতে সভ্য এবং উন্নত সংস্কৃতি.. তাদের কাছ থেকে শেখার অনেক কিছু আছে.. তেমনি একটি মহান ঐতিহ্য হলো.. বাংলাদেশে, মানুষ লাইনে দাঁড়িয়ে থাকে যাতে একজন মৌলবি তাদের পানির বোতলে থুতু দিতে পারেন..”
ভিডিওর সত্যতা যাচাইয়ে কয়েকটি কিফ্রেম ধরে রিভার্স সার্চ করে সামাজিক মাধ্যম টিকটকের একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একই ভিডিও খুঁজে পায় ডিসমিসল্যাব। গত বছরের ২৩ নভেম্বর পোস্ট করা ৫০ সেকেন্ডের ভিডিওর ক্যাপশনে “ওস্তাদ”, “কেরালা”, “তামিল”, “ভারত”, “মুসলিম”, “ইসলাম” ইত্যাদি হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে।

অধিকতর যাচাইয়ে প্রাসঙ্গিক কিওয়ার্ড দিয়ে সার্চ করে দেখে ডিসমিসল্যাব। যাচাইয়ে একটি ইউটিউব চ্যানেলে ওই ব্যক্তির একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওর ক্যাপশনে লেখা, “নুরুসসাদাত বায়ার থাঙ্গাল, বায়ার সালাত হোয়াটসঅ্যাপ গ্রুপ, ইলাল মদিনা কনফারেন্স ২০২২, এবং দোয়া”, সেখানে তিনি মালায়ালাম ভাষায় মোনাজাত করছিলেন। জানা যায়, ওই মৌলবির নাম নুরুসসাদাত বায়ার থাঙ্গাল। তিনি ভারতের কেরালার একজন ইসলামিক বক্তা। অন্যদিকে একাধিক সামাজিক মাধ্যমে (১, ২, ৩, ৪) মালায়ালাম ভাষায় তার বক্তৃতা ও প্রার্থনার একাধিক ভিডিও পাওয়া যায়।

অর্থাৎ, বাংলাদেশে লাইনে দাঁড়িয়ে মানুষজন একজন মৌলবির কাছ থেকে থুতু দেওয়া পানির বোতল নিচ্ছেন, দাবিটি সত্য নয়। মূলত ওই ব্যক্তি ভারতের কেরালার একজন ইসলামিক বক্তা। কোনো ওয়াজ বা দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি তার অনুসারীদের দেওয়া পানির বোতল ফুঁ দিচ্ছিলেন।