নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
Fact-check of a fake Kalbela photocard falsely claiming Jamaat-e-Islami Ameer Dr. Shafiqur Rahman has died, circulated on Facebook in February 2026.

জামায়াত আমীরের মৃত্যুর দাবিতে কালবেলার ভুয়া ফটোকার্ড প্রচার

নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

গণমাধ্যম কালবেলার লোগোযুক্ত একটি ফটোকার্ড সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। কার্ডে দাবি করা হচ্ছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মারা গিয়েছেন। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, এমন কোনো ফটোকার্ড কালবেলা প্রকাশ করেনি। 

ফেসবুকে “রাষ্ট্রনায়ক শেখ হাসিনা” নামের গ্রুপ থেকে ২৫ ফেব্রুয়ারি একটি ফটোকার্ড পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা, “ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দাদু অক্কা…see more।” ফটোকার্ডের ভেতরে লেখা, “ইন্তেকাল করেছেন।” 

Fact-check of a fake Kalbela photocard falsely claiming Jamaat-e-Islami Ameer Dr. Shafiqur Rahman has died, circulated on Facebook in February 2026.
ভুয়া দাবিতে ছড়ানো ফটোকার্ডসহ ফেসবুক পোস্টের স্ক্রিনশোট।

ফটোকার্ডের উপরে বামে কালবেলার লোগো, ডানে তারিখ হিসেবে “২৪ ফেব্রুয়ারি ২০২৬” উল্লেখ করা। ফটোকার্ডের নিচে মাঝামাঝি লেখা “নিউজ লিংক কমেন্টে।” মন্তব্য বিশ্লেষণ করে দেখা যায়, অনেকেই সংবাদটিকে সত্য বলে ধরে নিয়েছেন এবং নিজের মতামত দিয়েছেন। এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, গোলাম আজমের পাশের দাফন করিয়েন।” আরেকজন মন্তব্য করেছেন, “আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেন উনাকে জাহান্নামের শ্রেষ্ঠতম স্থানে প্রতিষ্ঠিত করুন আমিন।” অধিকাংশ ব্যবহারকারী ইন্নালিল্লাহ লিখেছেন। 

ফেসবুকের একাধিক গ্রুপ (, ) এবং প্রোফাইল থেকে একই দাবিতে ফটোকার্ডটি শেয়ার করা হয়। ফটোকার্ডের সত্যতা নিশ্চিত করতে কালবেলার অফিশিয়াল ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের ২৪ ফেব্রুয়ারির ফটোকার্ড ও পোস্টগুলো যাচাই করে দেখে ডিসমিসল্যাব। ২৪ ফেব্রুয়ারিতে কালবেলার অফিসিয়াল ফেসবুক পেজে জামায়াত আমীরকে নিয়ে একটি পোস্ট পাওয়া যায়। ক্যাপশনে এবং ফটোকার্ডের ভেতরে লেখা, “হঠাৎ অসুস্থ জামায়াত আমির।” এই ফটোকার্ডটির সঙ্গে ছড়িয়ে পড়া ফটোকার্ডটির মিল রয়েছে। 

Fact-check of a fake Kalbela photocard falsely claiming Jamaat-e-Islami Ameer Dr. Shafiqur Rahman has died, circulated on Facebook in February 2026.
ভুয়া ফটোকার্ড (বামে) ও আসল ফটোকার্ড (ডানে)।

এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে সংবাদমাধ্যমটির সঙ্গে যোগাযোগ করে ডিসমিসল্যাব। সংবাদমাধ্যমটির সহকারী নিউজ এডিটর সাঈদ আল হাসান শিমুল ডিসমিসল্যাবকে নিশ্চিত করে বলেন, ফটোকার্ডটি ভুয়া। এছাড়াও তিনি প্রকৃত ফটোকার্ডটি ডিসমিসল্যাবকে দিয়ে জানান, “এই নিউজ কার্ডকে সম্পাদনা করে ভুয়া ফটোকার্ডটি বানানো হয়েছে।” 

অর্থাৎ, জামায়াত আমীরের মৃত্যুর দাবিতে কালবেলার নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া। 

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুরে একটি ইফতার মাহফিলে যোগ দিতে যাওয়ার সময় ডা. শফিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। একাধিক (, , , ) সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, তাকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে এবং তিনি বিশ্রামে রয়েছেন।

আরো কিছু লেখা