
নির্বাচন বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে সজীব ওয়াজেদ জয়ের সাম্প্রতিক আলোচনার দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়তে দেখা গেছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, মূল ভিডিওটি ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বরের। জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশনের একটি গাড়িবহরকে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট এবং ইউনাইটেড স্টেটস সিক্রেট সার্ভিস নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়ার দৃশ্যকে ভুয়া দাবিতে বর্তমানে ছড়ানো হচ্ছে।
ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে গত ৭ ফেব্রুয়ারি একটি ভিডিও পোস্ট করা হয়। ক্যাপশনে বলা হয়, “আজ রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সাথে সজীব ওয়াজেদ জয়ের নির্বাচন বিষয়ে আলোচনা। সিদ্ধান্ত হবে নির্বাচন হবে কি হবে না। এই আইডি থেকে আলোচনার বিষয়বস্তু জানানো হবে। ফলো দিতে ভুলবেন না।”

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি ৩৪০ বার শেয়ার করা হয়েছে। পোস্টে ২ হাজারের বেশি প্রতিক্রিয়া দেখা গেছে। এই ভিডিও অন্তত ৬৫ হাজারবার দেখেছেন ব্যবহারকারীরা। পোস্টটির মন্তব্য বিশ্লেষণে দেখা যায় অনেকেই দাবিটিকে সত্য মনে করছেন। এক মন্তব্যকারী লিখেছেন, “রাইট।” আরেকজন ব্যবহারকারী লিখেছেন, “নৌকা ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন হবে না জয় বাংলা জয় বঙ্গবন্ধু” (বানান অপরিবর্তিত)।
১৭ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায় একটির পর একটি গাড়ি সাইরেন বাজিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ভিডিওর ৭ সেকেন্ডে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের একটি সাদা গাড়ি লক্ষ্য করা যায়। এর ঠিক পেছনে একটি হলুদ গাড়ি দেখা যাচ্ছে। ফেসবুকের একাধিক গ্রুপ (১, ২, ৩, ৪, ৫, ৬) এবং ব্যক্তিগত প্রোফাইল থেকেও একই দাবিতে সেটি পোস্ট করা হয়।
দাবিটির সত্যতা যাচাইয়ে ভিডিওটির কিফ্রেম ধরে রিভার্স ইমেজ সার্চ করা হলে একটি ইউটিউব ভিডিও নজরে আসে। “এস২কে৭” নামের একটি চ্যানেলে ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বরে প্রকাশিত একটি ভিডিও সামনে আসে।

শিরোনামে লেখা, “ম্যানহাটনে তীব্র সাইরেন বাজিয়ে এনওয়াইপিডি (NYPD) এবং ইউনাইটেড স্টেটস সিক্রেট সার্ভিস একটি গাড়িবহরকে এস্কর্ট করে নিয়ে যাচ্ছে।” ১ মিনিট ১৭ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওটির ৩৬ সেকেন্ড থেকে ৫৩ সেকেন্ড পর্যন্ত দৃশ্যের সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওটির হুবহু মিল রয়েছে। ভিডিওটির বিস্তারিত বিবরণে লেখা, “জাতিসংঘ সাধারণ পরিষদের জন্য ৪২ নম্বর রাস্তায় নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট- এনওয়াইপিডি (NYPD) এবং ইউনাইটেড স্টেটস সিক্রেট সার্ভিস একটি গাড়িবহরকে এস্কর্ট করে নিয়ে যাচ্ছে।”
একই চ্যানেলে ২০১৫ সালের ১১ জানুয়ারি আরেকটি ভিডিও পোস্ট করে, যার শিরোনাম ছিল, “নিউ ইয়র্ক সিটিতে ইউনাইটেড স্টেটস সিক্রেট সার্ভিস এবং এনওয়াইপিডি (NYPD) গাড়িবহরকে এস্কর্ট দেওয়ার ভিডিও সংকলন।” ২০ মিনিট ৮ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওটির ৪০ সেকেন্ড থেকে ৫৭ সেকেন্ড পর্যন্ত দৃশ্যের সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওটির হুবহু মিল আছে।
অধিকতর যাচাইয়ে দেখা যায়, জাতিসংঘের ৬৯তম সাধারণ পরিষদ অধিবেশন ২০১৪ সালে ১৬ সেপ্টেম্বর নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরে শুরু হয়েছিল। এ বিষয়ে জাতিসংঘের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ২০১৪ সালের ২৪ সেপ্টেম্বর একটি ভিডিও প্রকাশ করা হয়। এছাড়াও একাধিক (১, ২, ৩, ৪) অফিসিয়াল নথি পাওয়া যায়, যেখানে জানা যায় ২০১৪ সালের জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশন নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়েছিল।

অর্থাৎ, নির্বাচন নিয়ে জয়ের সাম্প্রতিক আলোচনার দাবিতে ছড়ানো ভিডিওটি ২০১৪ সালের এবং ভিন্ন একটি ঘটনার, যা বর্তমানে ভুয়া দাবিতে ছড়ানো হচ্ছে।