
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যমুনা টিভির লোগো ব্যবহার করা একটি ফটোকার্ড ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এতে বলা হচ্ছে, সর্বাধিক গুজবের শিকার হয়েছে জামায়াত; সবচেয়ে বেশি গুজব ছড়িয়েছে বিএনপি। তবে ফ্যাক্টচেকে দেখা যায়, এমন কোনো ফটোকার্ড যমুনা টিভি প্রকাশ করেনি।

ফেসবুকে আমার দেশ 🇧🇩 গ্রুপ থেকে গত ১২ ফেব্রুয়ারি একটি ফটোকার্ড পোস্ট করা হয়। ফটোকার্ডের ভেতরে লেখা, “সর্বাধিক গুজবের শিকার জামায়াত; ছড়ানোয় শীর্ষে বিএনপি।” ফটোকার্ডটিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জনপ্রিয় দুই রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো ব্যবহার করা হয়েছে।
ফটোকার্ডে যমুনা টিভির জলছাপ দেখা যায়। কার্ডের নিচে সংবাদ মাধ্যমের লোগো, ওয়েবসাইট লিংক, ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের নাম দেওয়া আছে, যা হুবহু যমুনা টিভির ফটোকার্ডগুলোর আদলে তৈরি করা হয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফটোকার্ডটি ৩৬ বার শেয়ার করা হয়েছে, প্রতিক্রিয়া দেখানো হয়েছে ৪৩২টি। ব্যবহারকারীদের ২৫টি মন্তব্য করতে দেখা যায়। এছাড়াও ফেসবুকের একাধিক (১, ২, ৩) ব্যক্তিগত প্রোফাইল থেকে উক্ত ফটোকার্ডটি প্রচার করা হয়েছে।
ফটোকার্ডের সত্যতা নিশ্চিত করতে যমুনা টিভির এর অফিশিয়াল ফেসবুক পেজের ফটোকার্ড ও পোস্টগুলো এবং ওয়েবসাইটের প্রতিবেদনগুলো যাচাই করে দেখে ডিসমিসল্যাব। তবে এমন কোনো ফটোকার্ড বা প্রতিবেদনের লিংক সংবাদমাধ্যমের পেজে খুঁজে পাওয়া যায়নি।
এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে সংবাদমাধ্যমটির সাথে যোগাযোগ করে ডিসমিসল্যাব। যমুনা টিভির নিউ মিডিয়া বিভাগের সম্পাদক রুবেল মাহমুদ ডিসমিসল্যাবকে নিশ্চিত করেছেন, এ ধরনের কোনো ফটোকার্ড বা প্রতিবেদন প্রকাশ হয়নি।
অর্থাৎ, যমুনা টিভির নামে ছড়ানো এই ফটোকার্ডটি ভুয়া।