
ফেসবুকে দৈনিক আমার দেশ পত্রিকার লোগোযুক্ত একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। পোস্টে দাবি করা হয়, নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট না দেওয়ায় সুন্নি মাজারগুলোতে লুটপাট ও ভাঙচুর চালিয়েছে জামায়াত-শিবির। তবে, ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, এমন কোনো ফটোকার্ড আমার দেশ প্রকাশ করেনি।
ফেসবুকে একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে থেকে আজ ১৫ ফেব্রুয়ারি ফটোকার্ডটি পোস্ট করা হয়। ফটোকার্ডে জামায়াতের আমীর শফিকুর রহমান, একাধিক ভাঙা স্থাপনা এবং আগুনের ছবি দেখা যায়। আমার দেশ পত্রিকার অনুকরণে সৃষ্ট সেই ফটোকার্ডের ভেতরে লেখা, “দাঁড়িপাল্লায় ভোট না দেওয়ায় সুন্নীদের মাজার গুলোতে জামাত শিবিরের হামলা ও ভাঙচুর লুটপাট”।

কার্ডের উপরে মাঝামাঝি অবস্থানে আমার দেশ পত্রিকার লোগো দেওয়া। এছাড়া কার্ডের নিচে একপাশে তারিখ হিসেবে “১৫ ফেব্রুয়ারি ২০২৫” এবং অন্যপাশে আমার দেশ পত্রিকার ওয়েবসাইটের ঠিকানা দেওয়া। ক্যাপশনে পোস্টদাতা লিখেছে, “দাঁড়িপাল্লায় ভোট না দেওয়ার কারণে দেশের বিভিন্ন মাজারে মাজারে জামাত-শিবিরের হামলা ভাঙচুর লুটপাট”। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফটোকার্ডটি ৪৩ বার শেয়ার করা হয়েছে।
ফটোকার্ডের সত্যতা নিশ্চিত করতে আমার দেশ পত্রিকার ফেসবুক পেজের ১৫ ফেব্রুয়ারির ফটোকার্ড ও পোস্টগুলো যাচাই করে দেখে ডিসমিসল্যাব। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নির্দিষ্ট এই তারিখে এ ধরনের কোনো ফটোকার্ড বা প্রতিবেদনের লিংক অফিশিয়াল ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়নি। এমনকি সংবাদমাধ্যমটির ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও এ সংক্রান্ত কোনো সংবাদ নেই।
এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমার দেশ পত্রিকার সাথে যোগাযোগ করে ডিসমিসল্যাব। প্রতিষ্ঠানটির সহযোগী সম্পাদক আলফাজ আনাম ডিসমিসল্যাবকে নিশ্চিত করেন, প্রচারিত ফটোকার্ডটি আমার দেশ পত্রিকার নয়।
অর্থাৎ, জামায়াতকে ভোট না দেওয়ায় সুন্নি মাজারগুলোতে হামলার দাবিতে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।