
ডিবিসি নিউজের লোগোযুক্ত একটি ফটোকার্ড সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়েছে। ফটোকার্ডে দাবি করা হয়, চট্টগ্রামের মিরসরাইয়ে জামায়াতের অফিস থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। তবে, ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায় প্রচারিত দাবিটি ভুয়া।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে পাওয়া যায়, মূল ঘটনাটি মুন্সিগঞ্জের গজারিয়ার। সেখানে গত ৪ ফেব্রুয়ারি সেনাবাহিনীর অভিযানে কিশোর গ্যাংয়ের আস্তানা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে গত ৪ ফেব্রুয়ারি ফটোকার্ডটি পোস্ট করা হয়। ফটোকার্ডের ছবিতে বেশ কিছু দেশীয় অস্ত্র দেখা যায়। ফটোকার্ডের ভেতরে সাদা হরফে লেখা, “চট্টগ্রাম-১ মিরসরাই ” জামায়াতের অফিস থেকে বিপুল পরিমাণ অ*স্ত্র উদ্ধার করে সেনাবাহিনী’’। কার্ডের উপরে বামদিকে সংবাদমাধ্যম ডিবিসি নিউজের লোগো আছে। নিচের দিকে তারিখ হিসেবে “৪ জানুয়ারি, ২৬। বুধবার’’ এবং সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটের ঠিকানা উল্লেখ করা হয়েছে।
ক্যাপশনে পোস্টদাতা লিখেছেন, “চট্রগ্রাম-১ মিরসরাই ” জামায়াতের অফিস থেকে বিপুল পরিমাণ অ*স্ত্র উদ্ধার করে সেনাবাহিনী’’। এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত ফটোকার্ডটিতে ১১ হাজারের বেশি প্রতিক্রিয়া দেখা যায় এবং পোস্টটি সাড়ে ৭ হাজারের বেশিবার শেয়ার করা হয়েছে।
ফেসবুকের একাধিক ব্যক্তিগত প্রোফাইল (১, ২, ৩, ৪, ৫, ৬) থেকে একই দাবিতে ফটোকার্ডটি পোস্ট করা হয়।
ফটোকার্ডের সত্যতা যাচাইয়ে ডিবিসি নিউজের ভেরিফায়েড ফেসবুক পেজের ৪ জানুয়ারির সব ফটোকার্ড ও পোস্টগুলো যাচাই করে দেখে ডিসমিসল্যাব। এ ধরনের কোনো ফটোকার্ড বা প্রতিবেদনের লিংক সংবাদমাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়নি। এছাড়া ডিবিসি নিউজের অফিশিয়াল ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও এমন কোনো তথ্য পাওয়া যায়নি। প্রচারিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টও ডিবিসি নিউজের প্রকৃত ফটোকার্ডের চেয়ে ভিন্ন।
এ ব্যাপারে বিস্তারিত জানতে ডিবিসি নিউজের সঙ্গে যোগাযোগ করে ডিসমিসল্যাব। প্রতিষ্ঠানটির ডিজিটাল মিডিয়া বিভাগের উপ-মহাব্যবস্থাপক কামরুল ইসলাম রুবেল ডিসমিসল্যাবকে নিশ্চিত করেছেন ফটোকার্ডটি ডিবিসি নিউজের না। তিনি জানান, সংবাদমাধ্যমটি তাদের ফটোকার্ডে * চিহ্ন ব্যবহার করে না।

ঘটনার উৎস যাচাইয়ে ফটোকার্ডের ছবিটি রিভার্স ইমেজ সার্চ করলে ডিসমিসল্যাবের সামনে আসে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি ডিবিসি নিউজের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন। প্রতিবেদনের শিরোনামে লেখা,“মুন্সিগঞ্জে কিশোর গ্যাংয়ের আস্তানায় সেনাবাহিনীর অভিযান, দেশীয় অস্ত্র উদ্ধার মুন্সিগঞ্জ প্রতিনিধি’’। অধিকতর যাচাইয়ে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে দেখে ডিসমিসল্যাব। যাচাইয়ে দেখা যায় একাধিক সংবাদমাধ্যমে (১, ২, ৩, ৪, ৫) ঘটনাটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়, “মুন্সীগঞ্জের গজারিয়ায় কিশোর গ্যাংয়ের আস্তানা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও চকলেট বোমা উদ্ধার করেছে সেনাবাহিনী। বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা থেকে ভোর পর্যন্ত উপজেলার ইমামপুর ইউনিয়নের দৌলতপুর ঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।”
অর্থাৎ, চট্টগ্রামের মিরসরাইয়ে জামায়াতের অফিস থেকে সেনাবাহিনীর অস্ত্র উদ্ধারের দাবিটি সঠিক নয় এবং এই সংক্রান্ত কোনো ফটোকার্ডও ডিবিসি নিউজ প্রকাশ করেনি।