
প্রবাসী ভোটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৯০ শতাংশ ভোট পেয়েছে দাবিতে একটি পোস্ট সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর বাইরে ফেসবুকে একাধিক পোস্টে দাবি করা হয়েছে প্রবাসী ভোটের অধিকাংশ ভোট জামায়াত পেয়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের দেওয়া ভোট আগামী ১২ ফেব্রুয়ারি গণনা হবে।
সাহিদার রহমান নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে সম্প্রতি পোস্ট হওয়া একটি ফটোকার্ডে লেখা হয়, “প্রবাসীদের ৯০ শতাংশ ভোট পড়েছে জামায়াত ইসলামীতে।” ক্যাপশনে লেখা হয়, “প্রবাসীদের নব্বই শতাংশ ভোট জামাতে।” এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটি দেড় হাজারের অধিক বার শেয়ার হয়েছে। প্রতিক্রিয়া জানানো হয়েছে ১৫ হাজারের অধিক। এছাড়া ৯০০ এর অধিক মন্তব্য করা হয়েছে পোস্টে।

আরেকটি প্রোফাইল থেকে একটি ফটোকার্ড পোস্ট করে লেখা হয়, “প্রবাসীদের ভোটের ফলাফল, বিএনপি ৭০০০০, জামায়াত ৪০০০০০। আলহামদুলিল্লাহ।” এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটি তিন শর অধিক শেয়ার হয়েছে। প্রতিক্রিয়া জানানো হয়েছে সাত শর অধিক।
এছাড়া, একটি ভিডিও পোস্ট আপলোড দিয়ে বলা হয়, “অবশেষে প্রবাসীদের ভোট গণনা শেষ হয়েছে। ৪ লাখ ৩২ হাজার প্রবাসী ভোটের মধ্যে ৩ লাখ ৬০ হাজার ভোট পড়েছে দাঁড়িপাল্লা মার্কায়। আর মাত্র ৭২০০০ ভোট পড়েছে বিএনপির দিকে। বিষয়টি নিশ্চিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। জানিয়ে দিতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন।” ক্যাপশনে লেখা হয়েছে, “মাশাআল্লাহ। খেলা তো কেবল শুরু হইলো।” এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি ১০ হাজারের বেশি বার দেখা হয়েছে। প্রতিক্রিয়া জানানো হয়েছে ছয় শর বেশি।
তথ্যের সত্যতা যাচাইয়ে, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে থাকা পোস্টাল ভোট বিধি বিশ্লেষণ করে ডিসমিসল্যাব। বিধিমালার ১৪ ধারার খ(৩) উপধারায় লেখা রয়েছে, “ভোটগ্রহণের আনুষ্ঠানিক সমাপ্তির পর পোস্টাল ব্যালটের ভোট গণনার জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাহাদের নির্বাচনি এজেন্ট বা পোলিং এজেন্টদের উপস্থিতিতে প্রিজাইডিং অফিসার পোস্টাল ব্যালট পেপারের খাম (ফরম-১০ বা ফরম-১০খ) (যাহাতে রিটার্নিং অফিসারের ঠিকানা মুদ্রিত রয়েছে) খুলিয়া আলাদা করিবেন এবং ঘোষণাপত্রটিতে যথাযথভাবে স্বাক্ষর করা রহিয়াছে কিনা তাহা পরীক্ষা করিয়া দেখিবেন।”

অর্থাৎ, ভোটগ্রহণ আনুষ্ঠানিকভাবে সমাপ্তির পর নির্বাচনী এজেন্টদের উপস্থিতিতে গণনার জন্য পোস্টাল ভোটের খাম খোলা হবে। সুতরাং এর আগে পোস্টাল ভোটে কোন দল এগিয়ে আছে তা জানার সুযোগ নেই।
অধিকতর যাচাইয়ে প্রবাসী ভোটার নিবন্ধনবিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খানের সঙ্গে যোগাযোগ করে ডিসমিসল্যাব। তিনি এ বিষয়ে একটি লিখিত বিবৃতি পাঠান। বিবৃতিতে বলা হয়েছে, “বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্টাল ভোটের ফলাফল সংক্রান্ত নানা ধরনের বিভ্রান্তিমূলক অপপ্রচারের প্রসঙ্গে জানানো যাচ্ছে যে, পোস্টাল ব্যালট পেপার নির্বাচনের দিন বিকাল ৪:৩০ ঘটিকার পরে নিয়মিত ভোট গণনার সময় একই সাথে গণনা করা হবে। উল্লেখিত সময়সীমার পূর্বে ভোটের ফলাফল জানার কোন সুযোগ নেই। অতএব, এতদসংক্রান্ত যেকোন ধরনের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য জনসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।”
অর্থাৎ, পোস্টাল ভোটে জামায়াত ৯০ শতাংশ ভোট পেয়েছে বা এগিয়ে আছে, এ ধরনের দাবিতে প্রচারিত কোনো তথ্যই সত্য নয়। পোস্টাল ব্যালটের ভোট গণনা করা হবে ১২ তারিখ ভোটগ্রহণের আনুষ্ঠানিক সমাপ্তির পর।