
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বিভ্রান্ত করতে ইরান বিমানঘাঁটিতে যুদ্ধবিমানের ছবি এঁকে রেখেছে। এবং সে ছবিকে আসল ভেবে হামলা চালিয়েছে আমেরিকা – এমন দাবিতে একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট হতে দেখা গেছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, ছবিটি গুগলের এআই মডেলের সাহায্যে তৈরি করা হয়েছে।
সামাজিক মাধ্যম ফেসবুকে সুমন কাইস নামের পেজ থেকে আজ ৬ মার্চ, একটি ছবি পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা, “এত নিখুঁত হামলা করে যুদ্ধ জিতে যাচ্ছে আমেরিকা। 😂 তারা এমনকি নিজেদের ভেরিফায়েড সেন্টকম অ্যাকাউন্ট থেকে হামলার ভিডিও ফুটেজও প্রকাশ করেছে। পরে ইরান জানায়, যে ছবিগুলো দেখা যাচ্ছে, সেগুলো আসলে যাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলাকে বিভ্রান্ত করার একটি কৌশল। ইরানের দাবি, তাদের শতাধিক বিমানঘাঁটিতে একই ধরনের কৌশল ব্যবহার করা হয়েছে। আর প্রকৃত যুদ্ধবিমানগুলো রাখা হয়েছে ভূগর্ভস্থ ঘাঁটিতে।”

পোস্টে থাকা ছবিটিতে ওপর থেকে নেওয়া স্যাটেলাইট ভিউ-এর মতো একটি দৃশ্য দেখা যায়। সেখানে তিনটি যুদ্ধবিমান সদৃশ কিছু দেখা যাচ্ছে। তবে মাঝের বস্তুটি একটি বড় গর্তের মধ্যে বিধ্বস্ত অবস্থায় রয়েছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে ২ লাখ ২৪ হাজারের বেশি ব্যবহারকারী প্রতিক্রিয়া জানিয়েছেন। শেয়ার হয়েছে ১২ হাজারের বেশি বার। এছাড়াও সাড়ে ছয় হাজারের বেশি মন্তব্য জানানো হয়েছে।
কাছাকাছি দাবিতে একাধিক পেজ ও প্রোফাইল থেকে ছবিটি পোস্ট হতে দেখা যায় (১, ২)। এছাড়া, সামাজিক মাধ্যম এক্সেও একই দাবিতে ছবিটি পোস্ট করা হয়েছে (১, ২)
সত্যতা যাচাইয়ে, গুগল জেমিনির এআই শনাক্তকরণ টুল সিন্থআইডির মাধ্যমে ছবিটি পরীক্ষা করে ডিসমিসল্যাব। পরীক্ষায় দেখা যায়, ভাইরাল হওয়া এই দৃশ্যটি কোনো বাস্তব ঘটনার ছবি বা আসল স্যাটেলাইট চিত্র নয়। এটি এআই দিয়ে তৈরি করা হয়েছে।
সিন্থআইডির ফলাফলে ছবিটিতে ওয়াটারমার্ক পাওয়া গিয়েছে বলে স্পষ্ট উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, ছবিটি গুগলের কোনো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা টুল ব্যবহার করে বানানো হয়েছে। সিন্থআইডি এই ফলাফলের ব্যাপারে ‘কনফিডেন্স লেভেল’ বা নিশ্চয়তার মাত্রাকে ‘উচ্চ’ বলেও নিশ্চিত করেছে।

ফলাফলটি আরও পরিষ্কারভাবে বোঝাতে টুলটি একটি ‘হিট ম্যাপ’ বা ভিজ্যুয়াল গ্রিড দেখিয়েছে। যাচাইয়ের ফলাফলে স্ক্রিনশটের ডানদিকের ছবিতে সম্পূর্ণ অংশের ওপর নীল রঙের ছক বা আবরণ দেখা যাচ্ছে। এটি নির্দেশ করে যে ছবিটি এআই দিয়ে তৈরি।
অর্থাৎ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বিভ্রান্ত করতে ইরান বিমানঘাঁটিতে যুদ্ধবিমানের ছবি এঁকে রেখেছে এবং সেখানে হামলা চালানো হয়েছে— এমন দাবিতে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবিটি এআই দিয়ে তৈরি।