ফারিহা আফরীন

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
Fact-check image showing a Facebook documentary falsely attributing a pre-election public opinion survey to the Institute for Leadership Development (ILD), while the survey was actually conducted by the International Institute of Law and Diplomacy (IILD).

প্রাক-নির্বাচনী জনমত জরিপ করেছে এক প্রতিষ্ঠান, প্রচার ভিন্ন প্রতিষ্ঠানের নামে

ফারিহা আফরীন

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে ইনস্টিটিউট ফর লিডারশিপ ডেভেলপমেন্ট (আইএলডি) পরিচালিত প্রাক-নির্বাচনী জনমত জরিপের দাবিতে একটি তথ্যচিত্র প্রচার করা হয়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, জরিপটি মূলত করেছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি (আইআইএলডি)।

ফেসবুকের একটি পেজ থেকে আজ ৯ ফেব্রুয়ারি প্রাক-নির্বাচনী জনমত জরিপের দাবিতে একটি তথ্যচিত্র ছড়িয়ে পড়ে। তথ্যচিত্র অনুযায়ী বিএনপি জোটের পক্ষে সমর্থন ৪৪ দশমিক ১ শতাংশ, জামায়াত জোটের পক্ষে সমর্থন ৪৩ দশমিক ৯ শতাংশ। দুই জোটের ব্যবধান মাত্র ০ দশমিক ২০ শতাংশ। জামায়াত জোট এগিয়ে ১০৫টি আসনে, বিএনপি জোট এগিয়ে ১০১টি আসনে।

Fact-check image showing a Facebook documentary falsely attributing a pre-election public opinion survey to the Institute for Leadership Development (ILD), while the survey was actually conducted by the International Institute of Law and Diplomacy (IILD).
ভুল উৎস ব্যবহারে ছড়ানো ফেসবুক পোস্টের স্ক্রিনশট

তথ্যচিত্রে আরও বলা হয়েছে, দুই জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা ৭৫টি আসনে। ভোটারদের জেন্ডারভেদে রাজনৈতিক পছন্দে পুরুষ ভোটারদের মধ্যে এগিয়ে বিএনপি জোট এবং নারীদের মধ্যে তুলনামূলকভাবে বেশি সমর্থন পেয়েছে জামায়াত জোট।

প্রতিবেদন লেখা পর্যন্ত ফটোকার্ডটি ২৭ বার শেয়ার করা হয়েছে, প্রতিক্রিয়া দেখানো হয়েছে ১৪৩টি। এছাড়াও ফেসবুকে একাধিক (, ) পেজ এবং গ্রুপ থেকেও তথ্যচিত্রটি ছড়ানো হয়েছে।

জরিপের বিষয়ে যাচাই করতে কি-ওয়ার্ড সার্চ করলে ডিসমিসল্যাবের সামনে আসে দৈনিক জনকণ্ঠের একটি প্রতিবেদন। যার শিরোনাম, “আইআইএলডির জরিপ: জামায়াত পাবে ১০৫, বিএনপি ১০১”। মূলত, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি (আইআইএলডি) পরিচালিত প্রাক-নির্বাচনী জনমত জরিপের ফলাফল, যা ৯ ফেব্রুয়ারি তাদের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে লাইভ প্রকাশ করা হয়। এটি মূলত বাংলাদেশ ভিত্তিক যুব-নেতৃত্বাধীন থিংক ট্যাংক সংস্থা।

Fact-check image showing a Facebook documentary falsely attributing a pre-election public opinion survey to the Institute for Leadership Development (ILD), while the survey was actually conducted by the International Institute of Law and Diplomacy (IILD).
আইআইএলডির মূল জরিপ নিয়ে একাধিক গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রতিবেদন

চলতি বছরের ২১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই জরিপের জন্য তথ্য সংগ্রহ করা হয়। জরিপটি থেকে জানা যায়, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ১০৫টি সংসদীয় আসনে জয়ী হবে। বিএনপি নেতৃত্বাধীন জোট জয় পাবে ১০১টিতে। অন্যান্য পাবে ১৯টি আসন। আর প্রতিদ্বন্দ্বিতা হবে ৭৫টি আসনে। জরিপ থেকে আরও জানা যায়, গণভোটে ‘হ্যাঁ’ ভোট পাবে ৮৯ দশমিক ৬০ শতাংশ। আর ‘না’ ভোট পাবে ৯ দশমিক ১০ শতাংশ ভোট। দেশের ৩০০ সংসদীয় আসনের ৬৩ হাজার ৬১৫ জন ভোটারের মতামত নিয়ে জরিপটি করা হয়। একাধিক সংবাদ মাধ্যম (, ) এই জরিপটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। 

Fact-check image showing a Facebook documentary falsely attributing a pre-election public opinion survey to the Institute for Leadership Development (ILD), while the survey was actually conducted by the International Institute of Law and Diplomacy (IILD).
আইআইএলডির পরিচালিত প্রাক-নির্বাচনী জনমত জরিপের ফলাফল, যা ৯ ফেব্রুয়ারি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে লাইভ সম্প্রচার থেকে নেওয়া স্ক্রিনশট

উল্লেখ্য, ইনস্টিটিউট ফর লিডারশিপ ডেভেলপমেন্ট (আইএলডি) সংস্থাটি মূলত আফগান পেশাদারদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং সক্ষমতা তৈরিতে কাজ করে। এটি করপোরেট, সামাজিক, শিক্ষা এবং উন্নয়ন খাতে নেতৃত্ব দেওয়ার জন্য ব্যক্তিগত উন্নয়ন, কর্মশালা এবং কনসালটেন্সি সেবা প্রদান করে। বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ কে কেন্দ্র করে সংস্থাটি কোনো প্রাক-নির্বাচনী জনমত জরিপ পরিচালনা করেনি। 

অর্থাৎ, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি (আইআইএলডি) কর্তৃক পরিচালিত প্রাক-নির্বাচনী জনমত জরিপটি তথ্যচিত্র আকারে ভিন্ন সংস্থা ইনস্টিটিউট ফর লিডারশিপ ডেভেলপমেন্ট (আইএলডি) এর নামে প্রচারিত হচ্ছে।

আরো কিছু লেখা