
আর্লিং হলান্ড কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন— এই দাবিতে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে একাধিক সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।
সম্প্রতি একাধিক ফেসবুক প্রোফাইল (১, ২) থেকে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, “ফুটবল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় আর্লিং হালান্ড ইসলাম ধর্ম গ্রহণ করেছেন” (বানান অপরিবর্তিত)। ১০ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায়, নরওয়ের এই তারকা ফুটবলার কালেমা শাহাদাতের কিছু অংশ পাঠ করছেন। এরপর তাকে জড়িয়ে ধরেন টুপি-পাঞ্জাবি পরা একজন, হাত তালি দিতে থাকেন সামনের বেঞ্চের সারিতে বসে থাকা নারী-পুরুষ।

ভিডিওটি এ পর্যন্ত ৬ হাজারেরও বেশিবার দেখা হয়েছে। একই দাবিতে ভিডিওটি শেয়ার করা হয়েছে ইউটিউব চ্যানেল ও একাধিক ইনস্টাগ্রাম (১, ২) আইডি থেকে।
ভিডিওটি পর্যবেক্ষণে একাধিক অসঙ্গতি নজরে আসে ডিসমিসল্যাবের। ভিডিও-এর ৭ সেকেন্ডের মাথায় আর্লিং হলান্ডকে জড়িয়ে ধরা ব্যাক্তির হাতে দুইটি বৃদ্ধাঙ্গুলি দেখা যায়। এর আগে তার হাতে পাঁচটি আঙ্গুল দেখা গেলেও এক সেকেন্ডের ব্যবধানে একই হাতে ছয়টি আঙ্গুল দেখা যায়।

এআই কনটেন্ট শনাক্তকরণ টুল হাইভ মডারেশন দিয়ে যাচাই করেও দেখা গেছে, এই ভিডিওর দৃশ্য (৯৯.৯৯%) ও শব্দ (৯৬%) উভয়ই এআই দিয়ে তৈরির সম্ভাবনা প্রায় শতভাগ। আরেকটি এআই কনটেন্ট শনাক্তকরণ টুল ডিপফেক-ও-মিটার জানিয়েছে, ভিডিওটি এআই দিয়ে তৈরির সম্ভাবনা শতভাগ।

তাছাড়া কোনো গণমাধ্যম কিংবা ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকারের ভেরিফায়েড ফেসবুক পেজেও এ ধরনের কোন তথ্য খুঁজে পাওয়া যায়নি। তবে, এ বিষয়ে একটি ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে লিড স্টোরিজ। তারাও ভিডিওটিকে এআই বলে শনাক্ত করেছে।
অর্থাৎ, ফুটবলার আর্লিং হলান্ড ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটি এআই দিয়ে তৈরি।