
সামাজিক মাধ্যম ফেসবুকে সম্প্রতি ছড়িয়ে পড়া একাধিক পোস্টে দাবি করা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরী জয়লাভ করেছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, প্রচারিত দাবিটি সত্য নয়।

ফেসবুকে একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে গত ১৩ ফেব্রুয়ারি ইসলামিক ফ্রন্টের প্রার্থী মাওলানা গিয়াস উদ্দিন তাহেরী, বিএনপির প্রার্থী ফজলুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার ছবি সম্বলিত একটি পোস্ট (আর্কাইভ লিংক) করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা, “এই সাহসী তিন কন্ঠ সংসদে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে ঝড় তুলবে ইনশাআল্লাহ এই আশাবাদ রাখি। অভিনন্দন আপনাদেরকে।” এ প্রতিবেদন লেখার আগ পর্যন্ত পোস্টে ৯৩ হাজারের বেশি প্রতিক্রিয়া দেখা গেছে এবং পোস্টটি ৪ হাজার ৪০০ বারের অধিক শেয়ার করা হয়েছে।

একই দিনে ফেসবুকে একটি পেজ থেকে আরেকটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে (আর্কাইভ লিংক) দেখা যায়, অনেক মানুষ মিলে নাচানাচি করে উদ্যাপন করছে। ভিডিওর ভেতর ও ক্যাপশনে লেখা, “এমপি হয়ে গেছে আমাদের তাহেরি”। ভিডিওটি এই প্রতিবেদন লেখা পর্যন্ত অন্তত ১৫ হাজার বার দেখা হয়েছে।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি আরও দুইটি ব্যক্তিগত প্রোফাইল থেকে গিয়াস উদ্দিন তাহেরীর দুইটি ছবি সংযুক্ত করে তার জয়ের ব্যাপারে একই ধরনের পোস্ট করা হয়। এক পোস্টের(আর্কাইভ লিংক) ক্যাপশনে লেখা,“আলহামদুলিল্লাহ তাহেরী হুজুরের বিজয়।” আরেকটি পোস্টের (আর্কাইভ লিংক) ভেতরে লেখা,“হবিগঞ্জের হবিগঞ্জের এমপি” ক্যাপশনে পোস্টদাতা লিখেছেন, “মাওলানা তাহেরী হুজুর হুজুরের প্রতি শুভকামনা উনি বিজয় হয়েছেন 🌹🌹🌹 আলহামদুলিল্লাহ🌹🌹 🌹 ”
দাবির সত্যতা যাচাইয়ে “গিয়াস উদ্দিন তাহেরী”,“সুনামগঞ্জ -৪”,“নির্বাচন”,“ফলাফল” ইত্যাদি প্রাসঙ্গিক কিওয়ার্ড দিয়ে সার্চ করলে ডিসমিসল্যাবের সামনে আসে একাধিক (১, ২, ৩, ৪) সংবাদমাধ্যমে প্রকাশিত নির্বাচনের ফলাফল সংক্রান্ত প্রতিবেদন।

প্রথম আলোর প্রতিবেদন থেকে জানা যায়, হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের মোট ১৮৪টি ভোটকেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সব কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে ১ লাখ ৩ হাজার ৭৪৯ ভোটের ব্যবধানে পরাজিত হন ইসলামিক ফ্রন্টের প্রার্থী মাওলানা গিয়াস উদ্দিন তাহেরী।
হবিগঞ্জ-৪ আসনে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী এস এম ফয়সল পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৭২ ভোট। অন্যদিকে মাওলানা গিয়াস উদ্দিন তাহেরী পেয়েছেন ৮৪ হাজার ৩২৩ ভোট।
অর্থাৎ, তাহেরী বিজয়ী হয়েছেন বলে প্রচারিত দাবিটি সঠিক নয়।
প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে বিভিন্ন আসন এবং রাজনৈতিক দলের ফলাফল নিয়ে নানান অপতথ্য ছড়িয়ে পড়ে যা ডিসমিসল্যাবের ফ্যাক্টচেক প্রতিবেদনে উঠে আসে।