
সামাজিক মাধ্যম ফেসবুকে সম্প্রতি সংবাদমাধ্যম যমুনা টেলিভিশনের দাবিতে একটি ফটোকার্ড শেয়ার করা হচ্ছে। বলা হচ্ছে, শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে গোপালগঞ্জে লাখ লাখ জনতার মিছিল চলছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ফটোকার্ডটি ভুয়া। এছাড়া, যে ছবি ব্যবহার করা হয়েছে সেটিও পুরোনো এবং ভিন্ন ঘটনার। সংবাদমাধ্যমের তিন বছরের বেশি পুরোনো এক প্রতিবেদনের বরাতে জানা যায়, ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের দলটির নেতাকর্মীদের মিছিলের দৃশ্য সেটি, গোপালগঞ্জের নয়।
ফেসবুকে “বাংলাদেশ ছাত্রলীগ” নামের একটি গ্রুপ থেকে ফটোকার্ডটি শেয়ার করা হয়। সংবাদমাধ্যম যমুনা টেলিভিশনের লোগো ব্যবহার করে বানানো ফটোকার্ডের ক্যাপশনে ও কার্ডের ভেতরে লেখা, “শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে গোপালগঞ্জে লাখ লাখ জনতার মিছিল।” পোস্টে একাধিক ব্যবহারকারীকে “জয় বাংলা জয় বঙ্গবন্ধু” মন্তব্য করতে দেখা যায়। একাধিক মন্তব্যের প্রত্যুত্তরে পোস্টদাতা লিখেছেন, “জয় বঙ্গবন্ধু”।

ফটোকার্ডের ছবিতে দেখা যাচ্ছে, রাস্তায় বহু মানুষ বিভিন্ন ব্যানারে মিছিল করছে। তবে লক্ষ্য করলে দেখা যায়, সেই মিছিলগুলো এগিয়ে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানারে।
ছড়িয়ে পড়া ফটোকার্ডের সত্যতা যাচাইয়ের শুরুতে সেখানে ব্যবহার করা ছবি প্রথমে রিভার্স ইমেজ সার্চ করলে সংবাদমাধ্যম নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত প্রায় চার বছর আগের একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। “বিএনপির মিছিল শেষ, ঝামেলা না করে বাড়ি ফেরার নির্দেশ”– শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবিতে বিএনপির নেতাকর্মী মিছিল করে। আর মিছিল শুরুর আগে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া নেতা-কর্মীদের ছবি ছিল সেটি।

এ সম্পর্কে আরও নিশ্চিত হতে সংবাদমাধ্যম যমুনা টেলিভিশনের সঙ্গে যোগাযোগ করে ডিসমিসল্যাব। প্রতিষ্ঠানটির নিউ মিডিয়া বিভাগের সম্পাদক রুবেল মাহমুদ ডিসমিসল্যাবকে জানিয়েছেন ছড়ানো কার্ডটি তাদের বানানো নয় এবং বলেন, “ফটোকার্ডটি ভুয়া।”
অর্থাৎ, নয়াপল্টনে বিএনপি নেতা-কর্মীদের মিছিলের প্রায় চার বছরের পুরোনো ছবি ব্যবহার করে যমুনা টিভির ফটোকার্ড নকল করে ছড়াচ্ছে গোপালগঞ্জে শেখ হাসিনাকে দেশে ফেরানোর মিছিল দাবিতে, যা সঠিক নয়।