
সম্প্রতি দুটি ছবি ছড়িয়ে দাবি করা হচ্ছে, ঢাকা নটরডেম কলেজের সামনে জামায়াতে ইসলামীর বিশাল মিছিল হচ্ছে। যদিও ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, সেগুলো আর্জেন্টাইন সমর্থকদের বিশ্বকাপ জয় উদযাপনের। ২০২২ ফুটবল বিশ্বকাপ জয়ের পর ২০ ডিসেম্বর দেশে ফেরে আর্জেন্টিনা দল। তাদের বরণ করে নেওয়ার এক পর্যায়ে বুয়েনস আইরেসের টোয়েন্টি ফাইভ দে মায়োতে যান আর্জেন্টিনার সমর্থকরা। ছড়ানো ছবি দুটি সে সময়কার।
ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে দুটি ছবি পোস্ট করা হয় গত ২ ফেব্রুয়ারি। পোস্টের ক্যাপশনে বলা হয়, “ঢাকা নটরডেম কলেজের সামনে জামায়াতে ইসলামীর বিশাল মিছিল।” এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটি ১ হাজার ৫০০ বারের বেশি শেয়ার হয়েছে। প্রতিক্রিয়া পড়েছে ৫ হাজার ৭০০টির বেশি। পোস্টটির কমেন্টে দেখা যায় অনেকেই পোস্টটিকে সত্য বলে ধরে নিয়েছেন। এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, “জেগেছে এবার ছাত্র জনতা জাগবে আরোও চাষি মাঝি -মাল্লা, হ্যাঁ ভোট জিতবে ,জিতবে দাঁড়ি পাল্লা। সৎ লোকের শাসন পাবো ইনশাল্লাহ।” আরেক ব্যবহারকারী মন্তব্য করেছেন, “ঠিক আছে এগিয়ে যাও।”

ফেসবুকের আরেকটি ব্যক্তিগত প্রোফাইল থেকেও একই দাবিতে ছবিটি পোস্ট করা হয়।
প্রথম ছবিটিতে দেখা যায়, একটি ব্রিজের উপরে এবং নিচে অসংখ্য মানুষের জমায়েত। ব্রিজটির পিছনে একটি বিলবোর্ডে “মটো (moto)” লেখাটি দেখা যায়। এই বিলবোর্ডটির পিছনের বিলবোর্ডে একটি লেন্সের ছবি দেখা যায়। এছাড়া রাস্তায় একটি হলুদ রঙ এর সাইনবোর্ড দেখা যায়। উপস্থিত অধিকাংশ ব্যক্তিকে আর্জেন্টিনার জার্সি পরিহিত অবস্থায় দেখা যায়।
ছবিটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চ করলে জ্যালোপনিক এর ২০২২ সালের ২১ ডিসেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদন সামনে আসে। প্রতিবেদনটির শিরোনাম ছিল, “লাখ লাখ ভক্ত বিশ্বকাপ জয় উদযাপন করতে বুয়েনস আইরেসের রাস্তা ও মহাসড়কগুলো ভিড় জমিয়েছে।” প্রতিবেদনে বলা হয়, “আর্জেন্টিনার বিশ্বকাপ জয় উদযাপনে গত মঙ্গলবার বুয়েনস আইরেসে আনুমানিক ৪০ লাখ ভক্ত রাস্তায় নেমে আসায় শহরটির সড়ক ও মহাসড়কগুলো অচল হয়ে পড়ে।” এই প্রতিবেদনে বিশ্বকাপ উদযাপনের ওই দিনের একাধিক ছবি ব্যবহার করা হয়েছে। প্রতিবেদনে ব্যবহৃত চতুর্থ ছবিটির সঙ্গে ছড়িয়ে পড়া প্রথম ছবিটির হুবহু মিল রয়েছে।
দ্বিতীয় ছবিটিতে দেখা যায়, একটি রাস্তায় অসংখ্য মানুষ একত্রিত হয়েছে। রাস্তায় অবস্থিত একটি সাইনবোর্ডের পিছনের অংশ দেখা যায়। একটি বিলবোর্ডে “ইএক্সপি ডিসপোনিবেল” লেখা দেখা যায়। এই বিলবোর্ডের পিছনের বিলবোর্ডে “ইউনিয়ন প্যাসিফিক” লেখা দেখা যায়। প্রথম ছবিটির মতো এই ছবিতেও উপস্থিত অধিকাংশ ব্যক্তির গায়ে আর্জেন্টিনার জার্সি দেখা যায় এবং বেশ কিছু আর্জেন্টিনার পতাকাও দেখা যায়।

যাচাইয়ে ছবিটি রিভার্স ইমেজ সার্চ করলে বুয়েনস আইরেস হেরাল্ড এর ২০২৩ সালের ২০ ডিসেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদন সামনে আসে। প্রতিবেদনটির শিরোনাম ছিল, “বিশ্বকাপ উদযাপন: যা ঘটল ২০শে ডিসেম্বরে”। এই প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে ছড়িয়ে পড়া দ্বিতীয় ছবিটির হুবহু মিল রয়েছে।
অর্থাৎ, জামায়াতে ইসলামীর মিছিলের দাবিতে ছড়াচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয় উদযাপনের ছবি।