
আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্রে দায়িত্বপালনের প্রশিক্ষণ উপলক্ষ্যে গত ৩১ জানুয়ারি হবিগঞ্জে একটি মহড়ার আয়োজন করে বিজিবি। সংবাদমাধ্যমে প্রকাশিত সে মহড়ার দৃশ্য ফেসবুকে ছড়িয়ে দাবি করা হচ্ছে, সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে নির্বাচন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করা হচ্ছে বিজিবি ও সেনাবাহিনীর সামনে। ফ্যাক্টচেকে দাবিটি ভুয়া বলে নিশ্চিত হয়েছে ডিসমিসল্যাব।
ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে গত ৩১ জানুয়ারি একটি ভিডিও পোস্ট করা হয়। ক্যাপশনে বলা হয়, “সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে নির্বাচন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল…এবারের নির্বাচনকে মানি না মানবো না বলে শত শত বিজিবি সেনাবাহিনীর সামনেই স্লোগান… আওয়ামী লীগের বাইরে রেখে নির্বাচন হচ্ছে.. মনে রেখো ৯৬ এর পুনরাবৃত্তি হবে।। ইনশাআল্লাহ।”

আরেকটি ব্যক্তিগত প্রোফাইল থেকেও একই দাবিতে ভিডিওটি পোস্ট করা হয়। ১৫ সেকেন্ডের ভিডিওতে একদল ব্যক্তিকে একটি খোলা মাঠে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা যায়। এ সময় একাধিক ব্যক্তিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর জ্যাকেট পরিহিত অবস্থায় বিক্ষোভ প্রতিহত করতে দেখা যায়। ভিডিওটির উপরে ডান পাশে “চ্যানেল ফাইভ” এর লোগো রয়েছে।
সূত্র যাচাই করতে ডিসমিসল্যাব রিভার্স ইমেজ সার্চ করে চ্যানেল ফাইভ এর একটি ইউটিউব ভিডিও পায়। ভিডিওর ক্যাপশন ছিল, “হবিগঞ্জের পোলিং সেন্টারে আক্রমণ, বিজিবি নিয়ন্ত্রণ নিলো। পোলিং সেন্টারে আক্রমণ । হবিগঞ্জ।” ভিডিওটির ১ মিনিট ৪১ সেকেন্ড থেকে ১ মিনিট ৪৭ সেকেন্ড পর্যন্ত অংশ এবং আবার ২ মিনিট ৮ সেকেন্ড থেকে ২ মিনিট ১৫ সেকেন্ড পর্যন্ত অংশের সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওটির হুবহু মিল দেখা যায়।

অধিকতর যাচাইয়ে “নির্বাচন”, “বিজিবি” ও “মহড়া” – সূত্র ধরে কিওয়ার্ড সার্চ করা হয়। অনুসন্ধানে বিভিন্ন গণমাধ্যমের ইউটিউবে প্রকাশিত একাধিক (১ ২, ৩) ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। ৩১ জানুয়ারি এটিএন নিউজ এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওর শিরোনাম ছিল, “নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জে বিজিবির মহড়া” এই ভিডিওর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর হুবহু মিল রয়েছে।
অর্থাৎ, বিজিবি ও সেনাবাহিনীর সামনে সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে নির্বাচন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করা হচ্ছে দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটি আসলে ভোটকেন্দ্রে দায়িত্বপালনের প্রশিক্ষণ উপলক্ষ্যে গত ৩১ জানুয়ারি হবিগঞ্জে বিজিবি কর্তৃক একটি মহড়ার দৃশ্য।
এর আগেও নির্বাচন উপলক্ষ্যে প্রশিক্ষণ দেওয়ার ভিডিওকে ভুয়া দাবিতে ছড়াতে দেখা গেছে। সে দাবি নিয়েও ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে ডিসমিসল্যাব।