
সামাজিক মাধ্যম ফেসবুকে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হচ্ছে গাজীপুরের ৫টি সংসদীয় আসনের ভোটগ্রহণ স্থগিত। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, দাবিটি ভুয়া।
ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে ৭ ফেব্রুয়ারি ছড়িয়ে পড়া একটি পোস্টের (আর্কাইভ লিংক) ক্যাপশনে বলা হয়,“ইতিমধ্যে গাজীপুরে ৫টি সংসদীয় আসনে ভোট স্থগিত। 👇” পোস্টের প্রথম মন্তব্যে গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের স্বাক্ষর সম্বলিত একটি বিজ্ঞপ্তির ছবি দিয়ে পোস্টদাতা লেখেন, “ছড়িয়ে দিন ছবিটি।” ফেসবুকের একাধিক ব্যক্তিগত প্রোফাইল ও গ্রুপ (১, ২, ৩, ৪, ৫, ৬) থেকে একই দাবিতে পোস্টটি করা হয়।
একই আইডি থেকে গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের স্বাক্ষর সম্বলিত বিজ্ঞপ্তিটির ছবি পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা, “প্রহসনের নির্বাচন কোনো ভাবেই হতে দেওয়া যাবেনা।ইতিমধ্যে গাজীপুরে ৫ টি সংসদীয় আসনে ভোট স্থগিত করা হয়েছে।সারা দেশের অনেক জায়গা সিল মারা হয়ে গেছে।একটা কথাই বলবো সারা বাংলা বেঁধেছে জোট নৌকা ছাড়া কিসের ভোট ✊” ফেসবুকের একাধিক ব্যক্তিগত প্রোফাইল, গ্রুপ ও পেজ (১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮) থেকে একই ছবি পোস্ট করা হয়।

অনলাইন সংবাদমাধ্যম দূরবীন নিউজের প্রচারিত একটি ফটোকার্ডের শিরোনামেও বিজ্ঞপ্তির ছবিটি দিয়ে লেখা, “গাজীপুর জেলার ৫ টি আসনে ভো’ট স্থ’গি’ত ঘো’ষ’ণা…”।
তথ্যের উৎস যাচাইয়ে ৬ ফেব্রুয়ারি প্রকাশিত গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের বার্তা দেওয়া চিঠিটি পড়ে দেখা যায়, সেখানে বলা হয়েছে “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গাজীপুর জেলার ০৫(পাঁচটি) সংসদীয় আসনের গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার বিতরণ কার্যক্রম অনিবার্য কারণবশত: স্থগিত করা হলো। নির্বাচনি মালামাল বিতরণের তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।” অর্থাৎ, গাজীপুরের ৫টি আসনে ব্যালট পেপার বিতরণ স্থগিত করা হয়েছিল।
এ বিষয়ে বিস্তারিত জানতে বিভিন্ন প্রাসঙ্গিক কিওয়ার্ড ধরে সার্চ করলে সংবাদমাধ্যম কালের কণ্ঠে গত ৭ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। শিরোনামে লেখা, “গাজীপুরে ব্যালট বিতরণ রবিবার”। প্রতিবেদনে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে গাজীপুর জেলায় আসনভিত্তিক প্রার্থীর নাম ও প্রতীকসহ ব্যালট পেপার বিতরণ করা হবে রবিবার (৮ ফেব্রুয়ারি) থেকে। গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

এ ব্যাপারে নিশ্চিত হতে, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহরিয়ার নজিরের সঙ্গে যোগাযোগ করে ডিসমিসল্যাব। তিনি ডিসমিসল্যাবকে জানান, “ভোটগ্রহণ স্থগিত নয় বরং ব্যালট পেপার স্থানান্তর স্থগিত করা হয়েছিল, যেই কার্যক্রম আগামীকাল(আজ রবিবার) থেকে চলবে।”
অর্থাৎ, গাজীপুরে ৫টি সংসদীয় আসনে নির্বাচন স্থগিতের দাবিটি ভুয়া। ভোটগ্রহণ স্থগিত করা হয়নি, বরং ব্যালট পেপার বিতরণ স্থগিত ছিল।