
গোপালগঞ্জে নির্বাচন বর্জন করার জন্য রাস্তায় মানুষ নেমে এসেছে- এমন একটি দাবি ফেসবুকে ছড়াচ্ছে। তবে ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওটি সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ করার ৬ মাস পুরোনো দৃশ্যের।
ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, “গোপালগঞ্জ রাস্তায় মানুষ নেমে এসেছেন নির্বাচন বজ্রন করার জন্য” (বানান অপরিবর্তিত)। ২৯ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, সেনাবাহিনীর সদস্যদের সামনে অসংখ্য মানুষ বিক্ষোভ করছে এবং “ভুয়া ভুয়া” স্লোগান দিচ্ছে। পোস্টের মন্তব্য দেখলে বোঝা যায়, অনেকেই ভিডিওটিকে সত্য বলে মনে করছেন। এক ব্যবহারকারী লিখেছেন, “গোপালগঞ্জ বাসি কে অনেক অনেক ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা।” আরেকজন লিখেছেন, “গোপালগঞ্জের মানুষ কে স্যালুট জানাই।”

ফেসবুকের একাধিক (১, ২, ৩) ব্যক্তিগত প্রোফাইল থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে একই দাবিতে।
সত্যতা যাচাই করতে রিভার্স ইমেজ সার্চ করলে ইউটিউবে গত বছরের ৩০ আগস্টে প্রকাশিত একটি ভিডিও সামনে আসে। যার শিরোনাম ছিল, “সচিবালয়ের সামনে শিক্ষার্থীরা সেনাবাহিনী দেখেই #ভুয়া #ভুয়া বলে স্লোগান দিলেন!” ৩ মিনিট ১৫ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওর ২ মিনিট থেকে ২ মিনিট ২৯ সেকেন্ডের সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওটির হুবহু মিল রয়েছে।
সংশ্লিষ্ট কিওয়ার্ড সার্চ দিলে ইউটিউবে একাধিক (১, ২, ৩, ৪) গণমাধ্যমের ভিডিও প্রতিবেদনে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা যায়। এছাড়াও এ বিষয়ে একাধিক (১, ২, ৩) গণমাধ্যমের প্রতিবেদন পাওয়া যায়। গত বছরের ২২ জুলাই বাংলা ট্রিবিউনের প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম ছিল, “সচিবালয়ে ঢুকে শিক্ষার্থীদের বিক্ষোভ, লাঠিচার্জ।”

প্রতিবেদনে বলা হয়, “রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনা, শিক্ষায় নানা অব্যবস্থাপনা এবং আইন ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভরত শিক্ষার্থীরা সচিবালয়ের গেট দিয়ে ভেতরে ঢুকে পড়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ শিক্ষার্থীদের বের করে দেওয়ার চেষ্টা করছে। এদিন দুপুর থেকেই তারা আন্দোলন করছিলেন।”
অর্থাৎ, গোপালগঞ্জে নির্বাচন বর্জন করার জন্য মানুষ রাস্তায় নেমে এসেছে- দাবিতে ছড়াচ্ছে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও।