
দেবিদ্বারে হাসনাত আব্দুল্লাহর আসনে সেনাবাহিনী- বিএনপি সংঘর্ষে দুইজন নিহত ও শতাধিক লোক আহত হয়েছে দাবিতে একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, ভিডিওটি কুমিল্লার দেবিদ্বারে যৌথ বাহিনীর নির্বাচনী নিরাপত্তার একটি মহড়ার অংশ।
গত ৮ ফেব্রুয়ারি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “#হাসনাত আব্দুল্লাহর আসনে দেবিদ্বারে বিএনপি সেনাবাহিনীর সংঘর্ষ নিহত দুই, আহত শতাধিক।” এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি ১০ লাখের বেশি বার দেখা হয়েছে। শেয়ার করা হয়েছে অন্তত ১০ হাজার বার।

একাধিক অ্যাকাউন্ট থেকেও ভিডিওটি একই দাবিতে পোস্ট হতে দেখা গেছে (১, ২, ৩)।
ভিডিওর সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ দিয়ে সংবাদমাধ্যম কালের কণ্ঠের ইউটিউব চ্যানেলে গতকাল (৮ ফেব্রুয়ারি) আপলোড হওয়া ৭ মিনিট ২৫ সেকেন্ডের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ক্যাপশনে লেখা আছে, “কুমিল্লায় নির্বাচনী নিরাপত্তায় যৌথবাহিনীর মহড়া।”

ভিডিওতে থাকা একাধিক দৃশ্যের সঙ্গে সংঘর্ষের দাবিতে ছড়ানো ভিডিওর দৃশ্য মিলে যায়। এছাড়া ভিডিও দুটিতে থাকা মাথায় লাল কাপড় বাঁধা একাধিক ব্যক্তির চেহারা ও পোশাক হুবহু এক। আইনশৃঙ্খলার কাজে নিয়োজিত সেনাবাহিনী ও বিজিবির একাধিক সদস্যদের চেহারায়ও হুবহু মিল রয়েছে।
এছাড়া আরও একাধিক সংবাদমাধ্যমে দেবিদ্বারের মহড়ার ভিডিওগুলো খুঁজে পাওয়া যায় (১, ২, ৩)। এ সব ভিডিওর দৃশ্যের সঙ্গেও বিএনপি- সেনাবাহিনীর সংঘর্ষের দাবিতে ছড়ানো ভিডিওর বিভিন্ন দৃশ্য ও মহড়ায় অংশ নেওয়া একাধিক ব্যক্তির চেহারা হুবহু মিলে যায়।

অর্থাৎ, দেবিদ্বারে বিএনপি- সেনাবাহিনীর সংঘর্ষের দাবিতে ছড়ানো ভিডিওটি মূলত যৌথ বাহিনীর নির্বাচনী নিরাপত্তার মহড়ার ভিডিও।