
কুমিল্লায় কসমেটিক দোকানদারকে চাঁদাবাজরা কুপিয়ে গেছে দাবিতে একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে দৃশ্যটি ভারতের ভিন্ন একটি ঘটনার।
“দিগন্তের দর্পণ” নামের ফেসবুক প্রোফাইল থেকে গত ২৩ ফেব্রুয়ারি ৪৪ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “কুমিল্লা কসমেটিক দোকানদারকে চাঁদাবাজরা কপায় গেছে।” এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটি ছয় শ বারের বেশি শেয়ার করা হয়েছে।
এছাড়াও একাধিক ফেসবুক প্রোফাইল থেকে একই দাবিতে ভিডিওটি পোস্ট করা হয় (১, ২)।

সত্যতা যাচাইয়ে একাধিক কিফ্রেম নিয়ে গুগলে রিভার্স সার্চ করলে “দৈনিক ভাস্কর” নামের একটি ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে হুবহু একই দৃশ্য সম্বলিত ভিডিও খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনের শিরোনামে লেখা আছে, “ধারালো অস্ত্র দিয়ে ব্যবসায়িক অংশীদারকে আক্রমণ করার অভিযোগে গোয়ায় সাঁচোরের এক ব্যবসায়ীকে ১০ বছরের কারাদণ্ড; ১ লাখ টাকা জরিমানা।”
প্রতিবেদনে আরও জানানো হয়, “জালোরের সাঁচোরে এক হার্ডওয়্যার ব্যবসায়ীকে গোয়ার মারগাঁও দায়রা আদালত ১০ বছরের কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা করেছে। দুই বছর আগে গোয়ায় ওই অভিযুক্ত ব্যক্তি তার ব্যবসায়িক অংশীদারের ওপর কাস্তে দিয়ে হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেছিল।”

ইন গোয়া টোয়েন্টিফোর সেভেন নামের একটি ইউটিউব চ্যানেলেও একই ভিডিও খুঁজে পাওয়া যায়। এটি ভারত-ভিত্তিক একটি ইউটিউব চ্যানেল। ভিডিওর ক্যাপশনে লেখা, “গোগল ‘কয়তা’ (ধারালো অস্ত্র) হামলা মামলায় অভিযুক্ত দোষী সাব্যস্ত হয়েছে; তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।”
অর্থাৎ, কুমিল্লায় কসমেটিক দোকানদারকে চাঁদাবাজরা কুপিয়ে গেছে দাবিতে ছড়ানো ভিডিওটি ভারতের ভিন্ন ঘটনার।